দেশের সব মহাসড়ক পর্যায়ক্রমে চার লেন করার পরিকল্পনা সরকারের রয়েছে। এরই মধ্যে এক হাজার ৬৫৫ কোটি টাকা ব্যয়ে চার লেন-বিশিষ্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নির্মাণের চুক্তি হয়েছে। দেশের দুটি প্রতিষ্ঠান ও একটি বিদেশি প্রতিষ্ঠান দেশীয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এ মহাসড়ক নির্মাণ করবে।আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে দুটি সম্পূরক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ তথ্য জানান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নির্মাণের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেন করা হবে বলেও তিনি জানান।বিএনপির সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পাটুরিয়া-গোয়ালন্দে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে প্রথম পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হচ্ছে। এটি শেষ হবে ২০১৩ সালের ডিসেম্বরে।পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করার চিন্তা: বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সংসদে জানান, পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করার চিন্তা-ভাবনা করছে সরকার। এ লক্ষ্যে একটি আইন প্রণয়নের বিষয় প্রক্রিয়াধীন। তিনি বলেন, পাটের বহুমুখী ব্যবহার ও পাটশিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার উচ্চপর্যায়ের জুট কমিশন গঠন করেছে। সরকার পাট ও পাটজাত পণ্য উত্পাদন ও বিপণন এবং পাটশিল্পের ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি ঘোষণা দেন, আগামী ছয় মাসের মধ্যে পাট খাতে লোকসান বন্ধ করা হবে। বিশ্বের বুকে পাটের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে।মন্ত্রী জানান, চলতি বছর থেকেই কৃষককে পাট চাষে উদ্বুদ্ধ করার জন্য বিনা সুদে কৃষিঋণের মতো পাটঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের সাংসদ নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কৃষককে পাট চাষে উদ্বুদ্ধ করার জন্য কৃষিঋণের মতো বিনা সুদে পাটঋণ দেওয়ার পরিকল্পনা আছে সরকারের।