সব মামলাই হয় দুর্ঘটনার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুমান ও এনামুল হক নামের দুই সহোদরকে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়েছিল দুর্বৃত্তরা। রুমান ট্রেনের চাকায় কাটা পড়ে মারা যান। বেঁচে যান এনামুল। তাঁর অভিযোগ ও ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে একটি হত্যা মামলা হয়। পুলিশ পাঁচজনকে গ্রেপ্তারও করে। কথিত হত্যাচেষ্টার ঘটনাটি ঘটে গাজীপুরের শ্রীপুর থানার বিটিপাড়া এলাকায় গত বছরের ২৭ অক্টোবর রাতে। শ্রীপুরের ওই ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার ঘটনাটি ব্যতিক্রম। দুই ভাই-ই ওই ঘটনায় প্রাণ হারালে কী ধরনের মামলা হতো, তা একটু হলেও অনিশ্চিত। অভিজ্ঞতা বলে, ট্রেনে কাটা পড়ার পর হত্যা মামলা হওয়া এবং সেই মামলায় কাউকে গ্রেপ্তার করার ঘটনা একেবারেই বিরল। কিছু ক্ষেত্রে নিহতদের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হলেও পুলিশ তা আমলে নিতে চায় না বলে অভিযোগ আছে। বলা হয়ে থাকে, জটিলতা এড়াতে বেশির ভাগ ক্ষেত্রেই পুলিশ এগুলোকে আত্মহত্যা অথবা দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। অথচ হত্যা করে লাশ রেললাইনে ফেলে রাখার মতো ঘটনাও ঘটে বলে পুলিশ জানিয়েছে। প্রতি মাসে রাজধানী ও এর আশপাশে ট্রেনে কাটা পড়ে গড়ে ২০ জন মারা গেলেও মৃত্যুর কারণ নিছক দুর্ঘটনা, আত্মহত্যা নাকি তা অন্যভাবে খুন করে ধামাচাপা দেওয়ার চেষ্টা, সে ব্যাপারে সব ক্ষেত্রে নিশ্চিত হওয়া যাচ্ছে না। দায়িত্বশীল একাধিক পুলিশ কর্মকর্তা বলেছেন, অনেক সময় সন্ত্রাসীরা খুন করে রেললাইনে লাশ ফেলে দেয়। কিন্তু সঠিক তদন্তের অভাবে সেগুলোকে দুর্ঘটনা কিংবা অপমৃত্যু হিসেবে চালিয়ে দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, ময়নাতদন্ত করে সব সময় এ ধরনের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান মোখলেসুর রহমান বলেন, ট্রেনে কাটা পড়লে দেহ পিষ্ট অথবা টুকরো টুকরো হয়ে যায়। ফলে ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। রাজধানীর কমলাপুর রেলস্টেশনের কাছে গত ১৬ ফেব্রুয়ারি রাতে ট্রেনে কাটা পড়ে মারা যান আবদুল কাফি মণ্ডল (৬০)। এর আগে ২৯ জানুয়ারি দক্ষিণ খিলগাঁও বাগিচা রেললাইন থেকে বাদল হাওলাদার (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এই দুই ঘটনার কোনোটিরই কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। রেলপুলিশের (জিআরপি) কর্মকর্তারা জানিয়েছেন, এ রকম আরও অনেক ঘটনা রয়েছে যার কারণ বের করতে পারেননি তাঁরা। জিআরপি সূত্রে জানা গেছে, ট্রেনে কাটা পড়ে ২০১০ সাল থেকে এ পর্যন্ত ২৮৪ জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে ২৮৩টি। এগুলোর মধ্যে মাত্র দুটি ঘটনায় হত্যা মামলা হয়েছে। বাকিগুলোর ক্ষেত্রে অপমৃত্যুর মামলা হয়েছে। এর আগে ২০০৭ সালের ২১৫টি ও ২০০৮ সালের ৩০৮টি মামলার মধ্যে একটিও হত্যা মামলা নেই। ২০০৯ সালে ২৬৩টি মামলা হয়েছে। এর মধ্যে মাত্র একটি হত্যা মামলা ছিল। অর্থাৎ ২০০৭ সাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত এক হাজার ৭৯ জনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে মাত্র তিনটি। চূড়ান্ত প্রতিবেদনে বাকি সবগুলোকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। আত্মহত্যার উল্লেখ নেই বললেই চলে। তিনটি হত্যা মামলার কোনোটির অগ্রগতিই আশানুরূপ নয়।গত বছর ট্রেনে কাটা পড়া, ট্রেনে ওঠার পর মারা যাওয়া ও ট্রেনের ছাদে পড়ে থাকা অবস্থায় ২৩৫ জনের লাশ উদ্ধার করা হয়। এ বছর ১৭ মার্চ পর্যন্ত ট্রেনে কাটা পড়ে মারা যায় ৪৯ জন।২০১০ থেকে ২০১১ সালের ১৭ মার্চ পর্যন্ত সংঘটিত ২৮৪টি ঘটনা পর্যালোচনা করলে দেখা যায়, প্রায় সবকটি ঘটনা ঘটেছে নির্দিষ্ট কিছু জায়গায়। যেমন তেজগাঁও এলসি গেট ও স্টেশনসংলগ্ন জায়গা, বিমানবন্দর রেলস্টেশন/বনরূপা রেলক্রসিং এলাকা, টঙ্গী স্টেশনসংলগ্ন রেললাইন, ক্যান্টনমেন্ট রেলস্টেশন ও এলসিডি গেটসংলগ্ন এলাকা, বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনের রেললাইন, মালিবাগ ওয়্যারলেস গেট, মৌচাক রেললাইন এলাকা, গেন্ডারিয়া রেলস্টেশন, খিলক্ষেত রেলক্রসিং এলাকা, কাউলা এলসি গেট এলাকা এবং কাউরাইদ রেললাইন এলাকা। এসব স্থানে দুর্ঘটনা বেশি ঘটে কেন জানতে চাইলে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বলেন, এগুলো বেশি ঘনবসতিপূর্ণ এলাকা। এ ছাড়া রেলক্রসিং বেশি। তাই পারাপারের সময় এসব জায়গায় দুর্ঘটনা বেশি ঘটে। তবে রেলওয়ে পুলিশের দেওয়া তথ্যেই দেখা গেছে, ক্রসিংগুলোতে মৃত্যুর সংখ্যা ১০-১৫টির বেশি নয়। কমলাপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) অহিদুল হক জানান, কেউ ট্রেনে কাটা পড়লে সংশ্লিষ্ট স্টেশনমাস্টার তা রেলওয়ে থানাকে জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেয়। ঠিকানা জানা গেলে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়। অহিদুল বলেন, ময়নাতদন্তে ঘটনাটিকে দুর্ঘটনা বা আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলে ওই ঘটনায় অপমৃত্যুর মামলা এবং হত্যার কথা বলা হলে হত্যা মামলা হয়। তবে এর বাইরে কেউ হত্যার অভিযোগ করলে তা আমলে নিয়ে তদন্ত করা হয়। তবে অভিযোগ আছে, ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ব্যক্তির স্বজনেরা হত্যার অভিযোগ আনলে পুলিশ তা আমলে নেয় না। শরীয়তপুরের পালং থানার মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে তামজিদ গত ৩ মার্চ বাসা থেকে বের হয়। পরদিন সকালে রাজধানীর বনরূপা প্রকল্পসংলগ্ন রেলক্রসিং থেকে তাঁর ট্রেনে কাটা খণ্ডবিখণ্ড লাশ পাওয়া যায়। তামজিদের পরিবার হত্যার অভিযোগ করলে রেলপুলিশ তা গ্রহণ করেনি। এ ব্যাপারে জানতে চাইলে কমলাপুর জিআরপি থানার এসআই নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এটা দুর্ঘটনা। ময়নাতদন্তের প্রতিবেদনে সে রকমই বলা হয়েছে।’ গত বছর ৯ নভেম্বর রাজধানীর খিলক্ষেত খাঁপাড়া এলাকার রেললাইনের পাশ থেকে বনানীর সৈনিক ক্লাব রেলগেটের গেটম্যান কবীর হোসেনের (৩০) ট্রেনে কাটা লাশ উদ্ধার করে পুলিশ। কবিরের ভাই কামাল হোসেন অভিযোগ করেছেন, এ নিয়ে তাঁরা হত্যার অভিযোগ করলেও পুলিশ একে দুর্ঘটনা হিসেবে মামলায় উল্লেখ করেছে। কিন্তু জিআরপি থানার এসআই অহিদুল হক বলেন, ‘এ ব্যাপারে আমরা কোনো অভিযোগই পাইনি।’ ঢাকা জিআরপি থানার ওসি আলী হোসেন খান জানান, প্রত্যক্ষদর্শী না থাকলে ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করেই তাদের মামলা করতে হয়। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক জুবাইদুর রহমান প্রথম আলোকে জানান, কাটা পড়া লাশ ক্ষতবিক্ষত হয়ে যায় বলে কাউকে হত্যা করে রেললাইনে ফেলে গেলেও খুনের আলামত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই, অনেক চিকিৎসক এ ক্ষেত্রে মৃত্যুর কারণ উল্লেখ করলেও মৃত্যুর প্রকৃতি উল্লেখ করেন না। অর্থাৎ সেটা হত্যা, আত্মহত্যা না দুর্ঘটনাজনিত তা বলেন না। শুধু রক্তক্ষরণ, আঘাত, হাত-পা ভেঙে যাওয়াসহ বিভিন্ন বিষয়কে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়।