১৯৭১ সালে মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির দায়ের করা সব মামলার বিচার হবে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে। এ জন্য গত মঙ্গলবার এ ধরনের ২৫৭টি মামলার বিবরণ ট্রাইব্যুনালের কাছে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে গতকাল তদন্ত সংস্থায় আরও ছয়জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, যেসব মামলা দায়েরের পর এখনো প্রক্রিয়া করা হয়নি, সেগুলো সরাসরি থানা থেকে তদন্ত সংস্থার কাছে পাঠাতে বলা হবে। আর যেগুলো বিচারিক প্রক্রিয়ায় গেছে বা যাওয়ার অপেক্ষায় আছে, সেগুলো আদালতের নির্দেশে ট্রাইব্যুনালে স্থানান্তরিত হবে।গতকাল বুধবার আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, প্রথম অবস্থায় বিচ্ছিন্নভাবে দায়ের করা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়নি। তবে এখন সুস্পষ্ট সিদ্ধান্ত হয়েছে। মানবতাবিরোধী যেসব মামলা দেশের বিভিন্ন জায়গায় করা হয়েছে, সেগুলোর পরিসংখ্যান নিয়ে তা ট্রাইব্যুনাল বা তদন্ত সংস্থাকে দিতে বলা হয়েছে। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার শুধু আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে হতে পারে, অন্য কোনো সাধারণ আদালতে হবে না।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন থেকে যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা পরিবার ট্রাইব্যুনালের কাছে নালিশ জানাতে পারবে। ট্রাইব্যুনাল তা আমলযোগ্য হলে বিবেচনা করে তদন্তের জন্য পাঠাতে পারেন বা করণীয় ঠিক করতে পারবেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যে সারা দেশ থেকে ২৫৭টি মামলার বিবরণ সংগ্রহ করে তা তদন্ত সংস্থার কাছে দেওয়া হয়েছে। আরও কোনো মামলা আছে কি না বা হলে সেসব মামলাও তদন্ত সংস্থার নিয়ন্ত্রণে আনা হবে।সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো মামলার মধ্যে পল্লবী থানায় আমির হোসেন মোল্লার দায়ের করা (মামলা নম্বর ৬০-২৫-০১-২০০৮) মামলাটি উল্লেখযোগ্য। এ ছাড়া দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে পিরোজপুরে দায়ের করা মামলা রয়েছে। এ মামলায় গণহত্যায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, আবদুল কাদের মোল্লা, কামারুজ্জামান, মীর আবুল কাশেম, সরদার আবদুস সালাম, প্রয়াত খাজা আমীন, অবাঙালি খাজা জসিমউদ্দিন, নেওয়াজ ও ডোমাসহ (বর্তমানে পাকিস্তানে) ১৫ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে প্রথম চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ছাড়া শেরপুর, রাজশাহী, যশোর, বগুড়া, কুষ্টিয়াসহ দেশের প্রায় সব জেলায় ১৯৭১ সালে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, শ্লীলতাহানির অভিযোগে মামলা করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্য এসেছে।সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, ইতিমধ্যে গ্রেপ্তার করা জামায়াতের চার শীর্ষস্থানীয় নেতাকে পল্লবী থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার-প্রক্রিয়া শুরু করা হতে পারে। সে জন্য যাবতীয় প্রস্তুতি চলছে।তদন্ত সংস্থায় আরও ছয় সদস্য: মানবতাবিরোধী অপরাধ তদন্তের জন্য গঠিত সংস্থায় আরও ছয় সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব নিয়োগ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়।নিয়োগ পাওয়া ছয়জন হলেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার ফজলুল করিম, সাবেক সহকারী পুলিশ সুপার খসরুল হক, সাবেক পুলিশ সুপার সত্যরঞ্জন রায়, ডিবির পরিদর্শক নূর হোসেন ও শ্যামল চৌধুরী।প্রসঙ্গত, প্রথমে তদন্ত সংস্থায় সাতজনকে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে দুজন পদত্যাগ করলে দ্বিতীয় দফায় তিনজনকে নিয়োগ দেওয়া হয়। এখন ছয়জন নিয়োগ দেওয়ায় তদন্ত সংস্থার লোকবল দাঁড়াল আটজনে।