সব ম্যাচই ‘ফাইনাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ ফেব্রুয়ারি রাত। বাংলাদেশ দল আনন্দে ভাসছে। একটু আগে ভারতকে হারিয়ে স্বপ্নের শুরু! এ ছবিটাই এখন মনের মধ্যে আঁকছি। ঘরের মাঠে বিশ্বকাপ ডানা মেলবে বাংলাদেশের স্বপ্নটাকে আরও উজ্জ্বল করে—শুধু আমি নই, গোটা দেশই সেই স্বপ্নের ভেলায় সওয়ার হওয়ার অপেক্ষায় প্রতিটি মুহূর্ত গুনছে। চোখটা দ্বিতীয় রাউন্ড, মানে কোয়ার্টার ফাইনাল। তবে সে জন্য কোনো নির্দিষ্ট দলকে টার্গেট করা ঠিক হবে না। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের কথা অনেকেই বলছেন, তবে আমার ভাবনাটা তাঁদের চেয়ে একটু আলাদা। এই দুটি দল তো বটেই, যে কাউকেই হারানোর ক্ষমতা আমাদের আছে। ক্ষমতার সফল প্রয়োগই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্দিষ্ট দিনে আমরা কেমন খেলি, সেটির ওপরই নির্ভর করছে সবকিছু। দিনটা আমাদের হলে, আমরা ঝলসে উঠলে ভাবনার কিছু নেই। আয়ারল্যান্ড-হল্যান্ডের বিপক্ষে জয়টা সহজে আসবে ধরে নিচ্ছেন অনেকে। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা—এই তিন দলের যেকোনো দুটির বিপক্ষে অনেকে জয়ের হিসাব কষছেন বলে কাগজে দেখলাম। আমি ভারতকেও তালিকায় যোগ করে দিতে চাই। ভারত, দক্ষিণ আফ্রিকাকে তো গত বিশ্বকাপে আমরা হারিয়েছি। এবারও আশা ছাড়ব কেন?যেহেতু ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের কথা আগে আসছে, তাই এই দুই দলের নাম আমিও আগে বলব। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা তেমন ভালো নয়। সর্বশেষ ২৮টি ওয়ানডেতে ওরা মাত্র ৬টিতে জিতেছে। শেষ আট ম্যাচে ওদের জয় নেই। এটা মনস্তাত্ত্বিকভাবে বাড়তি প্রেরণা। আর সেটি আমাদের প্রত্যাশিত জয় এনে দেবে, এই বিশ্বাস রাখতে চাই। ওয়ানডেতে ইংল্যান্ডও এখন খুব ভালো অবস্থায় নেই। গত দুই বছর ভালো ক্রিকেট খেললেও অ্যাশেজ জেতার পর ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৬-১-এ কচুকাটা হয়েছে। চট্টগ্রামে খেলা হবে, আমাদের মূল অস্ত্র হবে স্পিন। স্পিনাররা ভালো করলে ইংলিশ ব্যাটসম্যানদের অনেককেই আটকে রাখা সম্ভব। ইংল্যান্ড দল থেকে এউইন মরগান ছিটকে যাওয়ায় আরও সুবিধা হয়েছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা নিজেদের কন্ডিশনেই বেশি ভালো খেলে। বাংলাদেশের কন্ডিশনে অতটা নয়। ইংল্যান্ডকে হারানো তাই খুবই সম্ভব।কোয়ার্টার ফাইনালে উঠতে অন্তত তিনটি ম্যাচ জিততেই হবে। তখন পয়েন্ট টেবিলে অন্যদের অবস্থানটা নির্ধারক হয়ে দাঁড়াবে। চারটি ম্যাচ জিতলে হিসাব-নিকাশের দরকার হবে না। এই অবস্থায় প্রথম ম্যাচটা সব সময়ই গুরুত্বপূর্ণ। ভারতের বিপক্ষে জিতে শুরু করতে পারলে আমাদের দলের আত্মবিশ্বাস বেড়ে যাবে অনেক। এ জন্য দরকার ব্যাটিং-বোলিং-ফিল্ডিং—সব বিভাগেই ভালো করা। এটা সব ম্যাচের ক্ষেত্রেই প্রযোজ্য। আমার ধারণা, ভারতের বিপক্ষেও জয় পাওয়া আমাদের জন্য খুব কঠিন কিছু নয়। ওরা যতই ফর্মে থাকুক, আমাদের বিপক্ষে ৯৫ ভাগ ম্যাচেই জয় পাক, তার পরও ওরা আমাদের বিপক্ষে একটা না একটা সমস্যায় থাকেই। ধরুন, ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটা আমরা জিতে গেলাম। তখন সম্ভাবনার অনেক দরজা খুলে যাবে। আমি বলব, ৭০ ভাগ কাজই হয়ে যাবে। আমি সব সময় প্রথম ম্যাচকেই পাখির চোখ করি। খেলোয়াড়—সমর্থক, সবাই উৎফুল্ল হয়ে এ দিন মাঠে যাবে। এরপর একটা একটা করে ম্যাচ ধরে চিন্তা করাই ভালো।আরেকটা জিনিস মনে রাখতে হবে, চাপে ভেঙে পড়া চলবে না। নিজেদের সপ্রতিভ উপস্থিতি জানিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয় পাওয়া সম্ভব। গত বিশ্বকাপে ওদের বিপক্ষে একটা ভালো স্কোর দাঁড় করানো গেছে বলে জিতেছি আমরা। সেই প্রেরণা থেকে এবারও বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকাকে হারাবে—এই প্রত্যাশা আমার।দাঁড়ান, বড় দলকে হারানোর সমীকরণ মেলাতে বসে ভুলে যাচ্ছি না আয়ারল্যান্ড হারাবে না আমাদের, এটা নিশ্চিত করে কে বলতে পারে! দেখা গেল, অমুক দলকে টার্গেট করতে করতে হিসাবের বাইরের একটা দল আমাদের হারিয়ে দিয়েছে! কে না জানে, বিশ্বকাপের মতো মঞ্চে অনেক কাঁটা বিছানো থাকে। তাই আমাদের উচিত, প্রতিটা ম্যাচকেই জীবন-মরণ ধরে নিয়ে খেলা। কোনো বিশেষ ম্যাচ আলাদা করে টার্গেট করা ভুল হবে। এসব আলোচনা বা বিশ্লেষণ আমরা বাইরের লোকেরা করব। মিডিয়া, দর্শক, সমর্থকেরা এসব হিসাব-নিকাশ করছে এখন। খেলোয়াড়েরা যেন ধরে নেয়, প্রতিটা ম্যাচই তাদের কাছে বিশ্বকাপের ফাইনাল। ম্যাচ বাই ম্যাচ এগোলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লক্ষ্যটা পূরণ হবে আশা করছি। আমাদের প্রতিটা বিভাগে ম্যাচ উইনার আছে। খেলোয়াড়েরা যেন মনে করে, আমরা যে কাউকেই হারাতে পারি। এর সঙ্গে আমি একটা কথা যুক্ত করে দিচ্ছি, দ্বিতীয় রাউন্ডে যেতে না পারলেও আমরা দলের পাশ থেকে যেন সরে না যাই। বিশ্বকাপই তো বাংলাদেশের ক্রিকেটে শেষ নয়। এর পরও অনেক ক্রিকেট আমরা খেলব। এখন দরকার আত্মবিশ্বাস। সেটি আমাদের খেলোয়াড়দের আছে। ১৯ তারিখ ভারতকে হারিয়ে বিশ্বকাপে স্বপ্নের শুরু করেছে বাংলাদেশ, এমন ছবি কল্পনায় আনতে পারছি তো এ কারণেই।