চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান বিলাসী। বৃহস্পতিবার তাঁর ছেলে রায়হান ও শুক্রবার মেয়ে রজনী মারা যায়
সব যন্ত্রণার ঊর্ধ্বে বিলাসী
সাংসারিক, মানসিক, শারীরিক—কোনো যন্ত্রণাই আর কষ্ট দেবে না বিলাসী আক্তারকে (২৭)। দুই সন্তানের মৃত্যুর শোকও তাঁকে আর সইতে হবে না। সব যন্ত্রণা, দুঃখ, শোকের ঊর্ধ্বে চলে গেছেন তিনি। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।বিলাসী গত চার দিন বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর দক্ষিণ কমলাপুরের বাসায় তিনি প্রথমে কেরোসিন ছিটিয়ে দুই সন্তান এবং পরে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। অগ্নিদগ্ধ তিনজনকেই ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। বৃহস্পতিবার রাতেই মা-বোনকে ছেড়ে চিরতরে চলে যায় তিন বছরের শিশু আবু রায়হান। শুক্রবার সকালে পৃথিবী ছেড়ে যায় রজনী আক্তারও (৮)। গতকাল সন্ধ্যায় মারা যান বিলাসী।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক প্লাস্টিক সার্জন সামন্ত লাল সেন প্রথম আলোকে জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গৃহবধূ বিলাসীর মৃত্যু হয়। আগুনে তাঁর শরীরের ৬০ শতাংশ, তাঁর সন্তান রায়হান ও রজনীর ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। আগুনে বিলাসীর শ্বাসনালিও পুড়ে যায়।বার্ন ইউনিট সূত্র জানায়, চিকিৎসকেরা বিলাসীকে মৃত ঘোষণার পর আইসিইউতে থাকা তাঁর ভাই সেলিমুজ্জামানসহ স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে সেলিমুজ্জামান বলেন, ‘সব শেষ হয়ে গেল। চোখের সামনে বোন, ভাগ্নে, ভাগ্নি—একে একে সবাই চলে গেল।’ তিনি জানান, আজ সোমবার ময়নাতদন্ত শেষে বিলাসীর লাশ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার রুদ্রবানায় তাঁদের বাবার বাড়িতে দাফন করা হবে। রায়হান ও রজনীর লাশ দাফন করা হয়েছে তাদের বাবা সৈয়দ রাজীব আলীর গ্রামের বাড়ি আলফাডাঙ্গার ধুলজুরী গ্রামের যোগবরাট মাদ্রাসা-সংলগ্ন কবরস্থানে।মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (্এসআই) নাসিরউদ্দিন প্রথম আলোকে জানান, দ্বিতীয় বিয়ে মেনে নিতে ও ১০ লাখ টাকা যৌতুক দেওয়ার জন্য বিলাসীকে নির্যাতন করতেন তাঁর স্বামী রাজীব আলী। তিনি বিলাসীকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। এ ঘটনায় রাজীব গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। কাল মঙ্গলবার শুনানির দিন ধার্য রয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাঁকে কারাগার থেকে থানায় আনা হবে।তদন্তকারী কর্মকর্তা জানান, এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।আমাদের ফরিদপুর অফিস ও বোয়ালমারী প্রতিনিধি জানান, আলফাডাঙ্গার বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামে বিলাসীদের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে শোকের মাতম চলছে। বিলাসীর মা মনোয়ারা বেগম শোকে শয্যাশায়ী। তিনি বলেন, ‘ওরা আমার মেয়ে ও নাতিদের মেরেছে।’বিলাসীর বাবা মোমিন উদ্দিন মোল্লা বলেন, ‘২০০০ সালে ধুলজুরী গ্রাম থেকে আমাদের গ্রামের এক কবিরাজের বাড়িতে চিকিৎসা নিতে এসে রাজীবের মা সেলিনা বেগম বিলাসীকে পছন্দ করেন এবং পুত্রবধূ করেন। বিলাসীর স্বামী, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা করায় তাঁর শ্বশুর আমাদের বিরুদ্ধে ১০টি মামলা করবেন বলে হুমকি দিয়েছেন।’বিলাসীর কলেজপড়ুয়া বোন উন্নতি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আপার শ্বশুর-শাশুড়ি বলেছিলেন, “আমাদের ছেলে যা ইচ্ছা তাই করবে, এটা মেনে থাকতে পারলে থাকো, না পারলে চলে যাও।” আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’নয় বোন ও এক ভাইয়ের মধ্যে বিলাসী ছিলেন পঞ্চম।