সব যায় বুড়িগঙ্গায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রধানত গণসচেতনতা সৃষ্টির জন্য বর্জ্য অপসারণের কাজ শুরু করা হয়েছে। পরে উন্নত প্রক্রিয়ায় নদী দূষণমুক্ত করার কাজ করা হবে।’বুড়িগঙ্গার বর্জ্য অপসারণের কাজ শুরুর এক সপ্তাহ পর প্রথম আলোর প্রশ্নের জবাবে এ ব্যাখ্যা দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। কাজ উদ্বোধনের দিন তিনি বলেছিলেন, ‘সরকার নদী দখল ও দূষণমুক্ত করার অভিযানে নেমেছে। প্রধানমন্ত্রী এ কাজে খুবই সিরিয়াস। এ কাজ বন্ধ হবে না, আমরা চালিয়ে যাব।’ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করতে ৬ জানুয়ারি ধুমধাম করে বর্জ্য অপসারণে নামে। বর্জ্যগুলোর কিছু নদীতীরে, কিছু বছিলা ও সাভারে ব্যক্তিমালিকানার জমিতে রাখা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অপরিকল্পিতভাবে রাখায় বৃষ্টি হলে বর্জ্যগুলো আবার নদীতে চলে আসবে। আমিনবাজারে বন্যাপ্রবণ এলাকায় নদীর দূষিত বর্জ্য ফেলার বিষয়ে আপত্তি জানিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) উচ্চ আদালতে রিট আবেদন করায় আদালত নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তাই সেখানে বর্জ্য ফেলা যাচ্ছে না।বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়া অপরিকল্পিতভাবে অভিযানে নামতে হয়েছে স্বীকার করে বলেন, এভাবে না নামলে শুরু করতে আরও কয়েক বছর লাগত।সংস্থাটির সংশ্লিষ্ট সূত্রের হিসাব অনুযায়ী, বুড়িগঙ্গায় সবচেয়ে দূষিত বাদামতলী এলাকার তলদেশ এবং ওপরের অংশ থেকে গত ১৭ দিনে প্রায় ৬৫ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।এই ‘আপাত প্রকল্পে’ সরকারের খরচ হচ্ছে পাঁচ কোটি ৩০ লাখ টাকা। এই অপরিকল্পিত কাজের ওপর ভিত্তি করে পরে ঢাকার চার নদীর ১১০ কিলোমিটার অংশ দূষণমুক্ত করতে মহা প্রকল্প নেওয়া হবে। খরচ ধরা হয়েছে ২২২ কোটি টাকা।সূত্রমতে, এই ‘আপাত প্রকল্পে’ নদী দূষণমুক্ত করা একেবারেই অনিশ্চিত। কারণ, নদীর তল থেকে বর্জ্য তোলা হলেও ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও ঢাকা ওয়াসা, নদীতীরের দুই হাজারেরও বেশি শিল্প-কারখানার বর্জ্য এবং চার নদীর দুই পারের লোকালয়ের বর্জ্য সরাসরি নদীতে ফেলা বন্ধ করার কোনো কার্যক্রম নেওয়া হয়নি।বর্তমানে বুড়িগঙ্গায় বাদামতলী এলাকায় ওপরে ও নিচে ৫০০ মিটার জায়গাজুড়ে বর্জ্য অপসারণের কাজ চলছে। প্রায় এক বছরে বাদামতলী থেকে কামরাঙ্গীরচর মসজিদ পর্যন্ত তিন কিলোমিটার এবং টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদের প্রায় দেড় কিলোমিটার এলাকায় এই অভিযান চলবে।পরিবেশ অধিদপ্তরের সমীক্ষার বরাত দিয়ে বিআইডব্লিউটিএর সূত্র জানায়, দুটি নদীর উল্লিখিত স্থানে প্রতি লিটার পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ৪ দশমিক ৫ মিলিগ্রাম থাকার কথা থাকলেও আছে ১ মিলিগ্রাম।অভিযান: বাদামতলী এলাকা ঘুরে দেখা যায়, বর্জ্য অপসারণের কাজে ইতিমধ্যেই ঢিলেঢালা ভাব এসে গেছে। বিআইডব্লিউটিএ এ ধরনের বর্জ্য তোলার কাজে অভ্যস্ত নয়। এর ওপর যে চারটি কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে, তাদের এ ধরনের কাজের অভিজ্ঞতা নেই।বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ধরনের বড় কাজে আসলে কারোরই অভিজ্ঞতা নেই। পরিকল্পনাও নেওয়া হয়েছে উপযুক্ত ক্ষেত্র তৈরি না করে।নদী থেকে তোলা বর্জ্য ফেলার জন্য জায়গা ঠিক না করায় নদীর পাড়ে, মিটফোর্ড-গাবতলী সড়কের ওপর, বছিলায় ব্যক্তিমালিকানার জমিতে এবং সাভারের সলমাচিতে বর্জ্য ফেলা হচ্ছে। বছিলায় গিয়ে দেখা যায়, কার্গো জাহাজে বয়ে আনা টন টন বর্জ্য স্থানীয় বাসিন্দাদের জমিতে ফেলা হচ্ছে। বাসিন্দারা বলছে, পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। স্থানীয় আবদুল গফুর জানান, তাঁর সঙ্গে কোনো কথা না বলে তাঁর জমিতে বিষাক্ত আবর্জনা ফেলা হয়েছে। কিছু বাসাবাড়িতে আবর্জনা ঢুকে পড়ছে বলেও দাবি করেন তিনি।ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফারজাহান খান কোম্পানির মালিক মো. আলমগীর খান জানান, সরকার সুনির্দিষ্ট জায়গার ব্যবস্থা না করায় তাঁরা নিজ উদ্যোগে ডাম্পিংয়ের ব্যবস্থা করেছেন।পলিথিনের পাথর কাটা যাচ্ছে না: বুড়িগঙ্গার তলদেশে পলিথিন-বর্জ্য রয়েছে প্রায় ১০ ফুট। পাথরের মতো শক্ত হয়ে থাকা এই বর্জ্য কাটতে যে মেশিনের প্রয়োজন, তা এখনো কেনা হয়নি। এর পরিবর্তে প্রায় পাঁচ লাখ টাকায় স্বল্প ক্ষমতাসম্পন্ন স্থানীয়ভাবে তৈরি যন্ত্র গ্রেভ এস্কেভেটর কেনা হয়েছে। কিন্তু এই যন্ত্র পলিথিন-বর্জ্য কাটতে পারছে না।বিআইডব্লিউটিএ বলছে, ২২২ কোটি টাকার ‘মহা প্রকল্পে’ শক্তিশালী যন্ত্র কিনে এ পলিথিন কাটা হবে।৪২টি নর্দমা-বর্জ্যের গন্তব্য বুড়িগঙ্গা: বিআইডব্লিউটিএর এক জরিপ অনুযায়ী, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও ঢাকা ওয়াসার ৪২টি নর্দমার পথে বুড়িগঙ্গায় সরাসরি আবর্জনা যাচ্ছে। নতুন ও পুরান ঢাকার ৭০ ভাগ পয়োবর্জ্য এবং কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচরের পুরো পয়োবর্জ্যের গন্তব্যও বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা আর বালু নদী।এ ছাড়া এসব নদীতীরে অবস্থিত দুই হাজারেরও বেশি শিল্প-কারখানার বর্জ্যও নদীতে ফেলা হচ্ছে। এসব কারখানার বর্জ্য পরিশোধন না করলে যত টাকাই খরচ করা হোক, নদী দূষণমুক্ত হবে না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রথম আলোর প্রশ্নের জবাবে বলেছেন, বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানকে তাদের কারখানায় বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) বসানোর জন্য সহসাই নির্দেশ দেওয়া হবে। যে ৪২টি নর্দমার পথে ময়লা-আবর্জনা বুড়িগঙ্গায় যাচ্ছে, সেগুলোর বেশির ভাগের অবস্থান সোয়ারীঘাট, কামালবাগ, শ্যামবাজার, ফরাশগঞ্জ, নবাবগঞ্জ ও কামরাঙ্গীরচরে। এ ছাড়া শহীদ নগর, আমলীপাড়া, চাঁদনীঘাট, মালিটোলা, তাঁতীবাজার, লালকুঠি, মিলব্যারাক, সদরঘাট প্রভৃতি এলাকার নর্দমা দিয়েও নদীতে সরাসরি বর্জ্য পড়ে।কামালবাগের বাসিন্দা রশিদুর রহমান জানান, বর্ষায় ভরা নদীর কারণে দূষণ বোঝা যায় কম। শীতে চোখের সামনেই ময়লা। এমনকি পয়োবর্জ্য নদীতে পড়ার দৃশ্য দেখতে হচ্ছে। নদী এলাকায় এখন দুর্গন্ধে টেকা দায়।নৌমন্ত্রী ও মেয়র: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান টেলিফোনে প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বারবার চিঠি দেওয়া হয়েছে। টাস্কফোর্সের সভায় অবহিতও করা হয়েছে, এর পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, নৌসচিবকে বলা হয়েছে এসব সংস্থাকে গুরুত্বের সঙ্গে বিষয়টি জানাতে। আগামী মাসে টাস্কফোর্সের পরবর্তী সভায় তিনিও সংস্থাগুলোকে ব্যবস্থা নিতে বলবেন।নৌমন্ত্রী বলেন, এর পরও সংস্থাগুলো কার্যকর ব্যবস্থা না নিলে বর্জ্য আসার ৪২টি পয়েন্ট বন্ধ করে দেওয়া হবে। নদীদূষণকারী শিল্প-প্রতিষ্ঠানগুলোকেও জরিমানা করা হবে।যোগাযোগ করা হলে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন নদী দখল ও দূষণমুক্ত করার জন্য ‘নদী রক্ষা সংস্থা’ প্রতিষ্ঠার প্রস্তাব করে বলেন, তাহলে বিভিন্ন সংস্থার কাজে অবশ্যই সমন্বয় ঘটবে। মন্ত্রী ডাকলে প্রয়োজনে তিনি বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানান। তবে নৌমন্ত্রী বলেছেন, নদী রক্ষা বিষয়ে সরকারি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স রয়েছে। আমন্ত্রণ জানানো হলেও ওই টাস্কফোর্সের গত বৈঠকে মেয়র আসেননি, প্রতিনিধি পাঠিয়েছিলেন।বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বলেন, সব সংস্থার সমন্বিত উদ্যোগ ছাড়া এ কাজের সফলতা নিয়ে তাঁরা চিন্তিত।২২২ কোটি টাকার ‘মহা প্রকল্প’: ঢাকার চার নদী—বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী দূষণমুক্ত এবং বর্জ্য অপসারণের জন্য বিআইডব্লিউটিএ ২২২ কোটি টাকার প্রকল্পের যে সারপত্র তৈরি করেছে, সে টাকায় পলিথিন-বর্জ্য কাটার মেশিন কিনতে ৯০ কোটি টাকা খরচ হবে। নেদারল্যান্ড থেকে দুটি ড্রেজার মেশিন কিনতে খরচ হবে ৬০ কোটি টাকা। অয়েল স্পিড রিসিভিং ভেসেল নামের একটি যান কেনা হবে ছয় কোটি টাকায়। আর তদারকি বা এনফোর্সমেন্ট যান কেনা হবে আড়াই কোটি টাকায়। এটি পরিবেশ অধিদপ্তরকে দেওয়া হবে। তারা ঘুরে ঘুরে কোন শিল্প-কারখানা থেকে নদীতে বর্জ্য আসছে তা শনাক্ত করবে।প্রকল্পে আবর্জনা অপসারণের খরচ ধরা হয়েছে মাত্র ৪০ কোটি টাকা। আর নদীতে আবর্জনা না ফেলতে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারাভিযানের খরচ ধরা হয়েছে দুই কোটি টাকা।বুড়িগঙ্গা ও অন্যান্য নদীবিষয়ক টাস্কফোর্সের সদস্য এবং বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সভাপতি মোজাফ্ফর আহমদ প্রথম আলোকে বলেন, পরিকল্পনা ছাড়া কাজ শুরু করায় ‘কাজের পরিবর্তে অকাজই’ বেশি হচ্ছে। অভিযান শুরুর পর তিনি এলাকা ঘুরে দেখেছেন জানিয়ে বলেন, বিষাক্ত বর্জ্য যেভাবে ফেলা হচ্ছে, তা পরিবেশ ও মাটির জন্য ক্ষতিকর হতে পারে। তাই নদীকে বাঁচানো এবং বড় প্রকল্প হাতে নেওয়ার আগে এগুলো ভালোভাবে দেখা উচিত।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য এ এম এম সফিউল্লাহ বলেন, এ অভিযান সফল করতে এবং বড় কাজে হাত দেওয়ার আগে যে সমস্যাগুলো সামনে আসছে, বিজ্ঞানসম্মতভাবে সেগুলো বিশ্লেষণ করে এর সঠিক সমাধান করা উচিত।