সব শঙ্কার মুখে ছাই
২০০৪ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ আয়োজনের অধিকার পাওয়ার পর থেকে গত শুক্রবার বল মাঠে গড়ানোর আগ পর্যন্ত ছয় বছরে সমালোচনা হয়েছে অনেক। বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ের প্রায় তলানিতে থাকা একটি দেশ কীভাবে এ আয়োজনের অধিকার পায়, তা নিয়ে কথা তোলাটা হয়তো সংগত ছিল। তবে এ মহাযজ্ঞ আয়োজনের ক্ষেত্রে তাদের ব্যবস্থাপনার সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েনি অনেকে।অবকাঠামোগত দুর্বলতা ছিলই। তবে সবচেয়ে বড় আশঙ্কা ছিল অপরাধের হার। দক্ষিণ আফ্রিকার অনেক শহরেরই অলিগলিতে অপরাধের রাজত্ব। এত বিদেশি খেলোয়াড়, দর্শক আর অন্যান্য অতিথির নিরাপত্তা ঠিক রেখে সবকিছু সামাল দিতে পারবে তো তারা? এসব প্রশ্ন আর সমালোচনার জবাব দিয়েছে দক্ষিণ আফ্রিকা। অবকাঠামোগত উন্নয়নে কতটা সফল, তা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। আর অপরাধ দমনেও তারা এ পর্যন্ত মোটের ওপর সফলই বলা যায়। কেননা, এখন পর্যন্ত বড় কোনো অঘটন ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক রাখতে তাদের প্রস্তুতিও পর্যাপ্ত।গতকাল মধ্য জোহানেসবার্গে এলিস পার্কে আর্জেন্টিনার সঙ্গে মুখোমুখি হয়েছিল নাইজেরিয়া। গুন্ডা-মাস্তান আর মাদকসংক্রান্ত সহিংসতার জন্য কুখ্যাত এর চারপাশের এলাকা। এ এলাকাতেই বসবাস নাইজেরিয়াসহ আফ্রিকার অন্যান্য দেশের অভিবাসীদের। ভয় ছিল আর্জেন্টিনার দাঙ্গাবাজ সমর্থকেরাও না কিছু করে বসে। কাজেই ওই ম্যাচে বিশৃৃঙ্খলার আশঙ্কা ছিল যথেষ্ট। কিন্তু নিরাপত্তা বাহিনীর প্রস্তুতিও পর্যাপ্ত। দক্ষিণ আফ্রিকা থেকে ইতিমধ্যে আর্জেন্টিনার ১১ দাঙ্গাবাজ সমর্থককে বের করে দেওয়া হয়েছে, যারা ছিল আর্জেন্টিনারই তৈরি ৮০০ জনের কালো তালিকার মধ্যে। তবে আর্জেন্টিনা জানিয়েছে, এ রকম মাত্র ৩০ জন এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ঢুকেছে। আরও প্রায় ২০০ ঢোকার চেষ্টা করছে। গোলমাল বাধাতে পারে এমন উগ্র সমর্থকদের রুখতে তৈরি দক্ষিণ আফ্রিকার পুলিশও। পুলিশের মুখপাত্র স্যালি দ্য বিয়ার জানিয়েছেন, বিশ্বকাপে অংশ নেওয়া প্রায় প্রতিটি দেশের পুলিশ কাজ করছে এ ধরনের বিশৃৃঙ্খলাকারীদের সামাল দিতে। এ জন্য ওই পুলিশদের বিশেষ প্রশিক্ষণও আছে।মুখপাত্র স্যালি বলেন, ‘২৭টি দেশের পুলিশ এখানে কাজ করছে। স্টেডিয়ামের ভেতরে-বাইরে তারা আমাদের পুলিশকে সহযোগিতা করছে। তারা অবশ্যই নিজ নিজ দেশের উগ্র সমর্থকদের চিহ্নিত করতে পারবে। এতে করে বিপজ্জনক সমর্থকদের স্টেডিয়ামে ঢোকা রোধ করা যাবে।’ তিনি জানান, এ ধরনের সমর্থকদের পাকড়াও করে আটকে রাখার জন্য প্রতিটি স্টেডিয়ামে আলাদা জায়গা রয়েছে।গতকালের অন্য ম্যাচে রুসটেনবার্গে মুখোমুখি হয় ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র। বিশেষ করে কুখ্যাত ইংলিশ দাঙ্গাবাজ সমর্থকদের ভয়ে সেখানেও নিরাপত্তাব্যবস্থা ছিল পর্যাপ্ত। এ ছাড়া ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রকম চিহ্নিত সমর্থকেরা যাতে দেশই ছাড়তে না পারে, সে দিকে তাদের নজর আছে। সে চেষ্টা করায় ছয়জনকে আটকও করা হয়েছে। ইংল্যান্ড যখন দেশের বাইরে খেলে তখন এমন সমর্থকদের পাসপোর্ট কর্তৃপক্ষ জব্দ করে রাখে।পুলিশ জানিয়েছে, উগ্র ইংলিশ সমর্থকদের একটি দল গত মাসে দুবাই হয়ে দক্ষিণ আফ্রিকা ঢোকার চেষ্টা করেছিল। তবে তারা সফল হতে পারেনি। তাদের পাকড়াও করে দেশে ফেরত পাঠানো হয়েছে।প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান এবং মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ও ফ্রান্স-উরুগুয়ের ম্যাচ দুটিও ভালোভাবে শেষ হয়েছে। যানজটের কারণে কিছু দর্শকের শেষ পর্যন্ত মাঠে পৌঁছাতে না পারা ছাড়া তেমন কিছু ঘটেনি।বিশ্বকাপের মুখপাত্র রিচ এমখন্দো জানিয়েছেন, যানবাহন চলাচলের নতুন সময়সূচি আজ রোববার ঘোষণা করা হবে। জোহানেসবার্গে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার করার জন্য তিনি দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন।উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিকেরা। তাতেই তারা খুশি। দেশটির ইংরেজি দৈনিক দ্য স্টার লিখেছে, ‘সব অনিশ্চয়তা আর আশঙ্কা দূর করে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাফানা বাফানারা দারুণ খেলে মেক্সিকোর সঙ্গে ড্র করেছে।’