সব শিক্ষক এক রকম নয়
১০ এপ্রিল মধুসূদনের ওপর প্রতিবেদনটি যেদিন ছাপা হয়, সেদিন রাতে দেখি, বাবা পত্রিকা পড়ছেন আর ছোট বোন টেলিভিশন দেখছে। যদিও আমি জানতাম, আমার ছোট বোন সে দিন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ক্রিকেট খেলা দেখার জন্য বিদ্যালয়ে যায়নি, তথাপি বাবাকে এই বিষয়টি জানানোর জন্য তাকে (আমার ছোট বোনকে) প্রশ্ন করলাম, ‘কি রে, তুই আজকে স্কুলে গিয়েছিলি?’ সে উত্তর দিল, ‘না’। আমি বললাম, ‘কেন।’ সে উত্তর দিল, ‘স্কুলে ঠিকমতো ক্লাস হয় না...স্যাররা ভালোমতো পড়ান না...,’ আরও সহস্র অজুহাত। এমনকি আমার বাবাও তাঁর সঙ্গে একই সুরে সুর মেলালেন। তা শুনে আমি যেন আকাশ থেকে পড়ি। যে বাবা শিক্ষকদের এত সম্মান করতেন এবং শিক্ষকদের কথায় উঠতেন আর বসতেন, তিনি কিনা তাঁদের অসম্মানমূলক বক্তব্য মেনে নিচ্ছেন। এমনকি এর সঙ্গে একই সুরে সুরও মেলাচ্ছেন! বাবা আমার ছোট বোনকে বলেন, যাও গিয়ে পড়তে বসো। সে বাবার কথা শুনে গেস্ট রুম থেকে চলে যায়। বাবাকে বলি, বাবা, কাজটি তুমি ঠিক করোনি? বাবা উত্তর দেন, হয়তো বা—তবে সে (আমার ছোট বোন) যা যা বলেছে তা কি মিথ্যা? প্রত্যুত্তরে আমি বলি, সত্য না মিথ্যা তা তুমি জানলে কী করে। তখন বাবা ‘অনেক দুঃখ নিয়ে চলে যাচ্ছি’ প্রতিবেদনটি আমাকে দেখান এবং বলেন, দেখো, শিক্ষকেরা ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করে যে—তা শুনে তাঁরা আত্মহত্যা পর্যন্ত করছেন। এখানে একজন শিক্ষক কিংবা একজন মধুসূদনের জন্য সমগ্র শিক্ষক জাতির ওপর কলঙ্কের কালি লাগানো হলো না! আমি জানি, প্রতিবেদক তানজিম আল ইসলাম তার প্রতিবেদনের মাধ্যমে শিক্ষকদের সচেতন করতে চেয়েছেন এবং শিক্ষকদের বোঝাতে চেয়েছেন যে একজন শিক্ষকের ছোট একটি ভুল, একটি জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে। এ থেকে শিক্ষা নিয়ে অন্যকোনো শিক্ষক যেন এ রকম ভুল আর না করেন। কিন্তু এই প্রতিবেদনটি পড়ে সবার মনে শিক্ষকদের প্রতি অশ্রদ্ধা জন্ম নেওয়া কি অস্বাভাবিক? তাই আমার অনুরোধ, এ রকম আত্মহননের কাহিনি সরাসরি গণমাধ্যমে প্রচারিত না করে—যেসব জায়গায় প্রকাশ করলে তার কার্যত সমাধান হবে সেসব স্থানে প্রকাশ করুন। অর্থাৎ, আমি বোঝাতে চেয়েছি, এই কাহিনিটি সরাসরি প্রধানমন্ত্রীর বরাবর প্রেরণ করলে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের সমগ্র শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে তা পৌঁছে দিতেন, ফলে শিক্ষকেরাও সচেতন হতেন। সাধারণ জনগণের মনেও শিক্ষকদের প্রতি অশ্রদ্ধাবোধ জন্ম নিত না । কামরুল হাসান, এইচএসসি পড়ুয়া শিক্ষার্থী, ঢাকা