সব শিশুকেই টিকা কেন্দ্রে আনুন: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, নগরের উচ্চবিত্ত পরিবারের সদস্যরা মনে করেন, তাঁদের শিশুদের টিকা খাওয়ানোর প্রয়োজন নেই। এটি নিম্নবিত্ত পরিবারের শিশুদের জন্য। কিন্তু জাতীয় টিকা দিবসে পাঁচ বছরের সব শিশুকে টিকা খাওয়াতে হবে।আজ শুক্রবার ২০তম জাতীয় টিকা দিবস উপলক্ষে মহাখালীতে ইপিআই ভবনের সম্মেলনকেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সব শিশুকে টিকা কেন্দ্রে আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। টিকা কেন্দ্রে শিশুকে খালি পেটে না এনে ভরা পেটে আনার জন্যও স্বাস্থ্যমন্ত্রী অভিভাবকদের প্রতি আহ্বান জানান।দেশে কাল শনিবার পালিত হবে ২০তম জাতীয় টিকা দিবস। এবার পাঁচ বছরের কম বয়সী দুই কোটি ৪০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে। আগামী ১১ ফেব্রুয়ারি ২০তম জাতীয় টিকা দিবসের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে। পৌর এলাকায় ও সিটি করপোরেশনে কর্মজীবী নারীদের সুবিধার জন্য কেন্দ্রগুলো প্রয়োজনে রাতেও খোলা রাখা হবে। জাতীয় টিকা দিবসে একটি শিশুও যাতে বাদ না পড়ে, তা নিশ্চিত করার জন্য ‘শিশু শিশু প্রতি শিশু, খুঁজে ফেরো প্রতি শিশু’ শীর্ষক বাড়ি বাড়ি গিয়ে এবং অবহেলিত ও দুর্গম এলাকায় শিশু অনুসন্ধান কার্যক্রম চালানো হবে।স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর আয়োজিত ওই সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এবারও প্রথম ও দ্বিতীয় পর্বে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে দুই ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হবে। কোনো শিশু আগের জাতীয় টিকা দিবসে বা কোনোভাবে পোলিও টিকা খেয়ে থাকলে তাকেও আবার খাওয়াতে হবে। পোলিও টিকা খাওয়ানোর পাশাপাশি প্রথম পর্বে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং দ্বিতীয় পর্বে দুই থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। তবে কোনো শিশু গত চার মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে থাকলে এবং শিশু এক মাসের মধ্যে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে থাকলে তাদের খাওয়ানো যাবে না।সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এলাকার একটি শিশুও যদি পোলিও টিকা না খায়, তবে তার ও সবার জন্য পোলিওতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। পোলিও একটি মারাত্মক ব্যাধি। পোলিও হয়ে গেলে ভালো হওয়ার রাস্তা নেই। শিশুর অঙ্গহানি এমনকি মারাও যেতে পারে। দেশকে পোলিওমুক্ত রাখার লক্ষ্যেই টিকাদান দিবস পালন করা হচ্ছে।সংবাদ সম্মেলনে ইপিআইয়ের প্রোগ্রাম ম্যানেজার (আইসি) তাজুল ইসলাম এ বারী বলেন, এখনো বিশ্বের ১৬টি দেশে পোলিও রোগী আছে। পোলিও রোগ নির্মূল বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় এগিয়ে থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা পোলিও নির্মূলের সনদ দিচ্ছে না। কেননা, ভারতে এখনো একজন পোলিও রোগী আছে, ফলে অঞ্চলভিত্তিক মূল্যায়নে পিছিয়ে যাচ্ছে।সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসচিব হুমায়ুন কবীর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার সেফায়েত উল্লাহ এবং ইপিআই কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।