মিউচুয়াল ফান্ডের ইউনিটের অভিহিত মূল্যও ১০ টাকা ১ ডিসেম্বর থেকে কার্যকর
সব শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা
আগামী ১ ডিসেম্বর থেকে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের অভিহিত মূল্য (ফেসভ্যাল্যু) হবে ১০ টাকা।শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্যে সমতা আনতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে।সিদ্ধান্তটি কার্যকর হলে পুঁজিবাজারে ১০০ টাকা ও ১ টাকা অভিহিত মূল্যের কোনো শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হবে না। এ কারণে এসব কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের জন্য আগামী ৩০ নভেম্বর অভিন্ন রেকর্ড ডেট বা শেয়ারের মালিকানা নির্ধারণে দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ সময়ের আগেই সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের লক্ষ্যে বিশেষ সাধারণ সভাসহ (ইজিএম) প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে হবে, যাতে নির্ধারিত দিন একযোগে সব কোম্পানির শেয়ার পরিবর্তিত অভিহিত মূল্যে লেনদেন হতে পারে। এ ক্ষেত্রে কোম্পানিগুলোকে অভিহিত মূল্য পরিবর্তন-সংক্রান্ত সংবেদনশীল তথ্য প্রকাশ করতে হবে না। এর আগে কোনো কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার ৩০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রক সংস্থাসহ বিনিয়োগকারীদের অবহিত করতে হতো। মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশকে কেন্দ্র করে সম্ভাব্য কারসাজির প্রবণতা এড়াতেই এ সিদ্ধান্ত দিয়েছে এসইসি। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসইসি এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, এখন থেকে ভবিষ্যতে যেসব কোম্পানি বাজারে আসবে, সেসব কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হতে হবে। শিগগিরই কমিশন এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করবে। এর পর থেকে কোম্পানিগুলোকে অভিহিত মূল্য পরিবর্তন-সংক্রান্ত কার্যক্রম শুরু করতে হবে।এসইসি বলছে, নির্ধারিত সময়ের মধ্যে যেসব কোম্পানি অভিহিত মূল্য পরিবর্তন করতে ব্যর্থ হবে, নভেম্বর মাসের পর সেই সব কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বর্তমানে স্টক এক্সচেঞ্জটিতে ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ার বা মিউচুয়াল ফান্ডের ইউনিট রয়েছে ১৩৮টি প্রতিষ্ঠানের। এক টাকা অভিহিত মূল্য রয়েছে মাত্র একটি মিউচুয়াল ফান্ডের। আর ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার বা মিউচুয়াল ফান্ড রয়েছে ১২৯টির প্রতিষ্ঠানের। এর মধ্যে ৫০টির বেশি কোম্পানি গত এক বছরে অভিহিত মূল্য পরিবর্তন করেছে। শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তন করাকে কেন্দ্র করে গত বছরে দেশের শেয়ারবাজারে ব্যাপক কারসাজির ঘটনা ঘটে। খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনেও বেরিয়ে এসেছে সেই তথ্য। প্রতিবেদনে বলা হয়, গত বছর কেবল অভিহিত মূল্য পরিবর্তন করার কারণে শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটে ৮১ শতাংশের মতো। ১০ টাকার শেয়ার দামে কম দেখায় কেবল এ মনস্তাত্ত্বিক কারণে সাধারণ মানুষ এ দিকে ঝুঁকেছিল। তাই ভবিষ্যতে কোনো কোম্পানি যাতে অভিহিত মূল্য পরিবর্তন করার নামে শেয়ারের মূল্যকারসাজি করতে না পারে, সেই বিষয়টি মাথায় রেখে কমিটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার সুপারিশ করেছিল। সেই অনুযায়ী অর্থ মন্ত্রণালয় থেকে এসইসিকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এসইসি সূত্রে জানা যায়, ২০০৯ সালের জুলাই মাসে অভিহিত মূল্য ১০০ টাকা পরিবর্তন করে ১০ টাকা নির্ধারণের প্রথম ঘোষণা দিয়েছিল প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। এর পরই ফারইস্ট লাইফ, প্রাইম লাইফ, আফতাব অটোমোবাইলস অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষণা দেয়। কিন্তু সেই সময় এসইসি দীর্ঘদিন সিদ্ধান্তটি ঝুলিয়ে রাখে। পরে একই বছরের ১০ নভেম্বর এসইসির পরামর্শক কমিটির বৈঠকে সব শেয়ার ১০ টাকা করার সুপারিশ করা হয়। এর পরই আল-আরাফাহ্ ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষণা দেয়।কিন্তু এর পাঁচ দিন আগে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি বৈঠকে অভিহিত মূল্য পরিবর্তন না করার সিদ্ধান্ত হয়েছিল। বিষয়টি নির্দেশ আকারে এসইসির হাতে এলে গত বছরের ১ মার্চ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে অভিহিত মূল্য পরিবর্তনের যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ১০ মে আবার অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে অভিহিত মূল্য পরিবর্তনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এর পরই অভিহিত মূল্য পরিবর্তনের হিড়িক পড়ে, অভিহিত মূল্য পরিবর্তন হয়ে ওঠে কারসাজির হাতিয়ার। ফলে তৎকালীন এসইসি আবারও এ প্রক্রিয়া থেকে বিরত থাকতে কোম্পানিগুলোর উদ্দেশে প্রজ্ঞাপন জারি করে। এতে অনেক কোম্পানি ঘোষণা দিয়েও আর অভিহিত মূল্য পরিবর্তন করতে পারেনি। এসইসির নতুন সিদ্ধান্তের ফলে এসব অমীমাংসিত বিষয়েরও সমাধান হবে।