মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবির সঙ্গে সব শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। কেবল দলীয় গণ্ডি বা ১৪ দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে ছাত্র, যুবক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ পেশাজীবীদের এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত করতে চায় দলটি। ক্রমান্বয়ে সারা দেশের মানুষকে এ দাবির সঙ্গে সংযুক্ত করে জামায়াত-শিবিরের সহিংসতার বিরুদ্ধে জনমত ও প্রতিরোধ গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ার পরও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়ায় জামায়াতের সঙ্গে সরকারের সমঝোতার গুজব ক্ষমতাসীন দলটিকে ভাবিয়ে তুলেছে।এ নিয়ে একটি পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মনে করছে তারা। এ বিভ্রান্তি কাটাতে আওয়ামী লীগ রাজপথে দৃঢ় অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যোগে ১৬ ফেব্রুয়ারি গণপদযাত্রার কর্মসূচি নেওয়া হয়েছে। এ ছাড়া ৭ ফেব্রুয়ারি সিলেটে, ৮ ফেব্রুয়ারি জয়পুরহাটে, ৯ ফেব্রুয়ারি রংপুরে ও ১১ ফেব্রুয়ারি রাজশাহীতে জনসভা করা হবে। আওয়ামী লীগ মনে করে, কয়েক দিনে টানা সহিংসতার পর মতিঝিলে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া, পুলিশকে জামায়াতের ফুল উপহার দেওয়া এবং এরপর কাদের মোল্লার রায়ে জনপ্রত্যাশা পূরণ না হওয়ায় সরকার ও জামায়াতের মধ্যে সমঝোতার গুজব ছড়িয়ে তাকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা চলছে। এরই মধ্যে গুরু অপরাধে কাদের মোল্লার লঘু দণ্ডের বিরুদ্ধে তরুণসমাজের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ও রাজপথে উপস্থিতির বিষয়টি আওয়ামী লীগের উচ্চপর্যায় গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে। দলীয় সূত্র জানায়, গত মঙ্গল ও বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিষয়টি নিয়ে কথা বলেছেন। তাঁরা রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়েও আলোচনা করেন। এ জন্য আইনগত দিক খতিয়ে দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলকে পরামর্শ দেওয়া হয়।গতকাল দুপুরে সৈয়দ আশরাফ দলীয় সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর, দপ্তর সম্পাদক ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানসহ কয়েকজন নেতাকে নিয়ে নিজ বাসভবনে বৈঠক করেন। বৈঠকে জামায়াত-শিবিরের টানা দুই দিন হরতালসহ যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সূত্র জানায়, বৈঠকে দলীয় ও জোটগত কর্মসূচির পাশাপাশি বুদ্ধিজীবী, পেশাজীবী ও সংস্কৃতিসেবীদের নিয়ে রাজপথে অবস্থানের সিদ্ধান্ত হয়। নূহ-উল-আলম লেনিনকে পেশাজীবী, বুদ্ধিজীবী এবং আসাদুজ্জামান নূরকে সংস্কৃতিসেবীদের সংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে শ্রমিক সংগঠনগুলোকেও আন্দোলনে সম্পৃক্ত করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তমতে, সংশ্লিষ্ট সংগঠনগুলো নিজেরা কর্মসূচি ঠিক করবে। আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের সহায়তা করা হবে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে সর্বস্তর থেকে গণপ্রতিরোধ ও গণজাগরণ সৃষ্টির প্রচেষ্টা নেওয়া হবে। অরাজনৈতিক সংগঠনগুলোকেও কর্মসূচিতে উৎসাহিত করা হবে। আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতা-কর্মীদেরও রাজপথে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জানতে চাইলে নূহ-উল-আলম লেনিন প্রথম আলোকে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিএনপি-জামায়াত যে চক্রান্ত-ষড়যন্ত্র শুরু করেছে, তা মোকাবিলায় ১৪ দলগতভাবে এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে নিয়ে রাজপথে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।