সব সন্দেহভাজন তালেবান বন্দীর মামলা পুনর্বিবেচনা করতে বললেন কারজাই
আফগানিস্তানের জেলখানায় বন্দী প্রত্যেক সন্দেহভাজন তালেবানের মামলা পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হামিদ কারজাই। তিনি বলেন, কোনো সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ অনিশ্চিত হলে তিনি অবশ্যই মুক্তি পাবেন।এদিকে প্রধানমন্ত্রীর দপ্তরের উদ্ধৃতি দিয়ে বিবিসি অনলাইন জানায়, গত সপ্তাহে জাতীয় শান্তি সম্মেলনে হামলার জের ধরে আফগান পররাষ্ট্রমন্ত্রী হানিফ আতমার ও গোয়েন্দাপ্রধান আমরুল্লাহ সালেহ পদত্যাগ করেছেন।প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে শান্তি ‘জিরগা’র ওপর তালেবানদের হামলা সম্পর্কে হানিফ আতমার ও আমরুল্লাহ সালেহ যে ব্যাখ্যা দিয়েছেন তা ‘সন্তোষজনক নয়’ এবং কারজাই তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।বন্দীদের মামলা পুনর্বিবেচনার ব্যাপারে কারজাইয়ের ঘোষণা হচ্ছে গত শুক্রবার সমাপ্ত হওয়া জাতীয় শান্তি সম্মেলনের প্রতি তাঁর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। সম্মেলনে জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়ে আলোচিত হয়, যার একটি হচ্ছে জঙ্গি গ্রুপগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসা। এ ছাড়া সম্মেলনটি ‘ভুল ভাষ্য’ বা ‘প্রমাণিত হয়নি এমন অভিযোগে’ আফগান পুলিশ ও মার্কিন সেনাবাহিনী কর্তৃক তালেবান সন্দেহে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার জন্য সুপারিশ করে। তবে মোট কতজন লোক কারজাই-ঘোষিত এই পুনর্বিবেচনার আওতায় আসবেন, তা স্পষ্ট নয়। তালেবানদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দেশটিতে এখন শত শত বন্দী রয়েছে।প্রতিটি বন্দীর মামলা যাচাই করার প্রক্রিয়া তদারক করতে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে।