সব সময় নিজেকে স্বাভাবিক রাখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার আগমুহূর্তে চূড়ান্ত প্রস্তুতির ক্ষেত্রে কিছুটা পরিকল্পিতভাবে এগোতে হবে। প্রথমে রিভিশন রুটিন তৈরি করে সে অনুযায়ী অপেক্ষাকৃত দুর্বল অধ্যায়গুলোর ঝালাই ও সবগুলো আগাগোড়াপোড়ো। বিশেষ করে, নিজেই নিজের মডেল টেস্ট নাও। টেস্ট অবশ্যই সময় ধরে নিতে হবে। এরপর পুঙ্খানুপুঙ্খভাবে নিজেই নিজের পরীক্ষাপত্র মূল্যায়ন করবে। ভুলগুলো আলাদাভাবে নোট করে বারবার পড়বে। এতে নিজেই উপলব্ধি করতে পারবে, পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি ভালো। এতে আত্মবিশ্বাস বেড়ে যাবে। আর এই আত্মবিশ্বাসই তোমাকে শতভাগ সঠিক উত্তর দিতে বিরাট ভূমিকা রাখবে। দ্বিতীয়ত, বেশি করে বানানরীতি জানতে তথা চর্চা করতে হবে। বানান ভুল হলে নিরীক্ষক সাধারণত রাগ হন এবং নম্বর সীমিত দিয়ে থাকেন। অনেক শিক্ষার্থী প্রশ্ন কমন পড়েছে বা সহজ হয়েছে দেখে উত্তর লিখতে কিছুটা বিলম্ব করে। ফলে শেষে দেখা যায় যে হাতে আর সময় থাকে না। তখন তড়িঘড়ি করে উত্তর লিখতে গিয়ে ভুল করে বসে। তাই অতি উৎফুল্ল হওয়া যাবে না। আর প্রস্তুতি যত ভালোই হোক না কেন, প্রশ্ন কমন না-ও পড়তে পারে। ফলে বিষয়টি মেনে নিয়ে পরীক্ষার হলে নিজেকে স্বাভাবিক রেখে আগে ভালো জানা প্রশ্নোত্তরগুলো শেষ করতে হবে। শিক্ষক-অভিভাবক সবারই উচিত অন্তত পরীক্ষার আগে এসব বিষয়ে পরীক্ষার্থীর সঙ্গে আলোচনা করে তাকে স্বাভাবিক রাখার চেষ্টা করা।