সব সেক্টরে বিশেষ আদালত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহে জড়িত বিডিআর সদস্যদের বিচারের জন্য সব সেক্টরে বিশেষ আদালত হচ্ছে। বর্তমানের ছয়টি আদালতের পাশাপাশি এসব আদালতে বিদ্রোহী জওয়ানদের বিচার হবে। এতে করে তুলনামূলক কম সময়ে বিদ্রোহের বিচার শেষ করা সম্ভব হবে। গতকাল রোববার বিডিআর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বাহিনীর উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ রাইফেল্স আদেশ ১৯৭২ সংশোধনের পর বিচার দ্রুত শেষ করার পথ উন্মুক্ত হয়েছে। সংবাদ সম্মেলনে বিডিআর সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) কর্নেল সুমন বড়ুয়া উপস্থিত ছিলেন।উপমহাপরিচালক জানান, বিডিআর আইন সংশোধনের পর এখন বাহিনীর নিজস্ব আইনে ঢাকার বাইরের বিদ্রোহের বিচার আগামী আট থেকে নয় মাসের মধ্যে শেষ করা যাবে। তবে সদর দপ্তরের বিচার শেষ করতে আরও কিছু বেশি সময় লাগতে পারে। তিনি জানান, এক থেকে দেড় মাসের মধ্যে নতুন আদালতগুলো গঠন করা হবে। সংশোধিত আইনে পরিচালক পদবির সেক্টর কমান্ডার বা সমান পদবির কর্মকর্তা বা উপমহাপরিচালক আদালত পরিচালনা করতে পারবেন। তবে বিডিআরের মহাপরিচালকও কিছু আদালত পরিচালনা করবেন। উপমহাপরিচালক বলেন, পিলখানা ছাড়াও দেশের ৬০টি স্থানে বিদ্রোহের ঘটনা ঘটে। এসব ঘটনায় এ পর্যন্ত ছয়টি বিশেষ আদালতে ১৯টি মামলার বিচার শুরু হয়েছে। রায় ঘোষণার মাধ্যমে পাঁচটি মামলার নিষ্পত্তি হয়েছে। ১২টি মামলার অভিযোগ গঠন ও একটি মামলার প্রসিকিউশন সাক্ষ্য চলছে। একটি মামলার রায় ঘোষণা ও ৪১টি মামলার বিচার এখনো শুরু হয়নি। নতুন আদালত গঠনের পর এসব মামলার বিচারকাজ শুরু হবে।বিডিআর সূত্র জানায়, ১৯টি মামলায় এ পর্যন্ত চার হাজার ১৮৬ জন বিডিআর সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ২০১ জনের সাজা হয়েছে। ১০ জন খালাস পেয়েছেন। আসামিদের মধ্যে বিচার শুরুর পর্যায়ে একজন মারা গেছেন।উপমহাপরিচালক বলেন, বিডিআরের নিজস্ব আইনে বিচারের পাশপাশি সিআইডি ৮২৪ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। প্রচলিত আইনে এ মামলার বিচারিক কার্যক্রম দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে। বিডিআর বিদ্রোহের পরে দেশের বিভিন্ন স্থানে ৪০টি আদালতে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলাগুলোর কী হবে, জানতে চাইলে উপমহাপরিচালক বলেন, এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে। অপরাধ সংঘটিত হওয়ার পর নতুন করে আইন করে সেই অপরাধের বিচার করা যায় কি না, জানতে চাইলে তিনি বলেন, আইনবিশেষজ্ঞদের মত নিয়েই সরকার এ আইন করেছে। এতে বিচার করতে কোনো বাধা নেই। সদর দপ্তরের বিচার শেষ করতে কত সময় লাগবে—জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা বলা সম্ভব নয়। তবে কম সময়ে বিচার শেষ করার চেষ্টা করা হবে।’