সব স্তরে ইতিহাস পাঠ বাধ্যতামূলক করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়সহ সব স্তরে ইতিহাস পাঠ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষকেরা। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে রমেশচন্দ্র মজুমদার মিলনায়তনে ইতিহাস শিক্ষক সম্মেলনে শিক্ষকেরা এ দাবি করেন।সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, বিভিন্ন পর্যায়ে ইতিহাস শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। দেশের ইতিহাস বাঁচিয়ে রাখতে ইতিহাস শিক্ষাকে জনপ্রিয় করে তুলতে হবে। আর এ কাজ করতে হবে ইতিহাসের শিক্ষকদের। তিনি বলেন, ইতিহাস না জানলে একটি জাতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। সাম্প্রদায়িকতা রুখতেও ইতিহাস পাঠের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, স্কুলপর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বস্তরে ইতিহাস উপেক্ষিত। দেশের প্রায় সব প্রতিষ্ঠানে ইতিহাসের শিক্ষকের স্বল্পতা আছে। দেশের মোট ২৫৩ সরকারি কলেজের মধ্যে ৯৮টিতে ইতিহাস বিভাগ নেই।অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুর রহমান ইতিহাসের গুরুত্ব দিয়ে বলেন, ইতিহাস পাঠের সুবিধার জন্য মাধ্যমিক স্কুলগুলোতে সহকারী ইতিহাস শিক্ষকের পদ তৈরি করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণে ইতিহাস পাঠের ব্যবস্থা করতে হবে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ইতিহাস সুন্দরভাবে উপস্থাপন করলে শিক্ষার্থীরা ইতিহাস পাঠে আগ্রহী হয়ে উঠবে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ সেলিম বলেন, ইতিহাসের শিক্ষার্থীরা অনেক সময় হীনম্মন্যতায় ভোগেন। তাই এ বিষয়ে উচ্চশিক্ষা শেষ করা শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।সম্মেলনে আরও বক্তৃতা করেন সরকারি কলেজ ইতিহাস শিক্ষক পরিষদের সভাপতি সুলতানা নিগার চৌধুরী, সদস্য সচিব মো. হাবীবুল্লাহ বাহার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম জসিম উদ্দিন প্রমুখ।