সব হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পতনের মধ্যে দিয়ে সব হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে। সরকার জনগণকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই রক্ষা করতে পারেনি। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপিপন্থী আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিএনপি এই বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। ফখরুল বলেন, সরকারি দলের নেতারা নিজেরাই বলছেন, কিছু ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে নয়, এ সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ। এ জন্যই তারা বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, মমতাজ উদ্দিন আহমেদের লাশ কাউকে না জানিয়ে মর্গ থেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে সরকার আইনগত প্রক্রিয়ায় কোনো কাজ করেনি। এ সরকারের কাছে সুষ্ঠু বিচার চাওয়া অন্যায়।এদিকে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ কাভার করতে আসা সাংবাদিকদের ওপর হামলা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁরা মানবজমিনের জ্যেষ্ঠ প্রতিবেদক কাফি কামাল ও আজকালের খবরের সাংবাদিক আবদুর রশিদ অর্ণবকে দুই দফায় মারধর করে। জানা গেছে, সমাবেশ থেকে বের হওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা সাংবাদিকদের মারধর করেন। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, তাঁরা জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেবেন। মির্জা ফখরুলও দুঃখ প্রকাশ করেন।