সব হারিয়েও ‘মুগ্ধ’ বিয়ন
জার্মানির হামবুর্গ শহর থেকে সাইকেলে বাংলাদেশে এসে টাকা ও এটিএম কার্ড খোয়ানোর পর এখন দেশে ফেরার স্বপ্ন দেখছেন বিয়ন ফ্রন। গতকাল প্রথম আলোর অনলাইনে (www.prothom-alo.com) ও আজ প্রথম আলো মূল পত্রিকায় ‘বিয়নের কাছে ছোট হলো বাংলাদেশ!’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর বিয়নকে সাহায্য করার জন্য অনেকেই যোগাযোগ করেছেন। গতকাল প্রথম আলো অনলাইনে বিয়নের সংবাদটি ছিল সবচেয়ে আলোচিত সংবাদগুলোর একটি। মন্তব্যও করেছেন অনেকেই। মন্তব্যে লিখন পারভেজ নামের একজন লিখেছেন, বাংলাদেশের হয়ে বিয়নের সব খরচই তিনি বহন করতে চান। মোহাম্মদ হোসাইন নামের প্রথম আলোর এক পাঠক তাঁর ই-মেইল ঠিকানা দিয়ে লিখেছেন, তিনিও বিয়নকে দেশে ফিরতে সাহায্য করতে চান। কেউ কেউ লিখেছেন, বিয়নের সব খরচ দিতে না পারলেও ছোট করে হলেও তাঁরা বিয়নকে সাহায্য করতে চান।সংবাদটি ছাপা হওয়ার পরপরই জাহিদ হাসান নামের একজন ফোন করে জানিয়েছেন, বিয়নের চুরি যাওয়া টাকা ও তাঁর দেশে ফিরে যেতে যা খরচ হবে, সবই দিয়ে দেবেন তিনি। আজ সন্ধ্যায় কমিউনিটি অ্যাকশন নামের একটি ক্লাবের সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন, যেহেতু বিয়ন দেশে দেশে কাজ করে টাকা উপার্জন করেন, তাই বিয়ন যদি রাজি হন তাহলে তাঁদের সঙ্গে কয়েক দিন কাজ করে পারিশ্রমিক হিসেবে তাঁর ভ্রমণ খরচ নিয়ে যেতে পারেন। এ ছাড়া বাংলাদেশের দুই সাইকেল অভিযাত্রীও বিয়নকে সব ধরনের সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন। এ বিষয়ে বিয়নের সঙ্গে তাঁদের কথাও হয়েছে বলে জানা গেছে।বাংলাদেশে সব হারালেও বাংলাদেশের মানুষের কাছ থেকে এত সাড়া পেয়ে মুগ্ধ জার্মানির নাগরিক বিয়ন ফ্রন। বিয়ন বলেছেন, ‘ব্যক্তিগতভাবে কারও কাছ থেকে টাকা নেওয়াটা বেশ লজ্জার। আমি এটা করতে পারব না।’ তবে তিনি এ-ও বলেছেন, ‘বাংলাদেশের মানুষ যে খুবই বন্ধুপরায়ণ তা তো আমি আগেই বলেছি। সবাই তো বন্ধু ভেবে, সমব্যথী হয়েই আমাকে সাহায্য করতে এগিয়ে আসছেন। তাঁদের এ এগিয়ে আসায় আমিও সাড়া দিতে চাই। আমি সবার সঙ্গে যোগাযোগ করে দেখব।’এখন দেশে ফেরা নিয়ে আপনার কী ভাবনা—এমন প্রশ্নের জবাবে বিয়ন বলেন, ‘একদিন আগেও ভাবতে পারিনি কী করে আমি দেশে ফিরব। কিন্তু এখন মনে হচ্ছে, এই চিন্তাটা কিছুটা হালকা হয়ে এসেছে। এখন আমি দেশে ফেরার ভাবনাটা নির্ভাবনায় ভাবতেই পারি।’দেশে ফেরার স্বপ্নে বিভোর বিয়ন ফ্রনের চোখে এখন শুধুই দেশে ফেরার স্বপ্ন। বাবা-মা ও ভাইয়ের কাছে থাকার স্বপ্ন। এই দেশের মানুষের ভালোবাসায় স্বপ্নটা শিগগির পূরণ হবে বলেও মনে করেন তিনি।