পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্তে আরও জোরালো অগ্রগতি দেখতে চায় বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল। দুর্নীতির ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পক্ষে তারা। আর তা হলেই মিলবে পদ্মা সেতুর অর্থ। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলটি আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠক করেছে। বৈঠক শেষে এ নিয়ে কথা বলেছেন বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রধান অ্যালেন গোল্ডস্টেইন। সাংবাদিকদের তিনি বলেন, ‘সবকিছু এখন দুদকের হাতে। দুদক যদি তাদের অনুসন্ধান জোরালো করে এবং প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেয়, তবে বিশ্বব্যাংকের পক্ষ থেকে সেতু নির্মাণের অন্যান্য কাজও দ্রুত এগিয়ে যাবে।’তবে বৈঠক শেষে দুদক চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংকের প্রতিনিধিদল তাঁদের কাজে মোটামুটি সন্তুষ্ট। তিনি আরও বলেন, আদালতে দাখিল করার মতো কোনো তথ্য বা দালিলিক প্রমাণ এখনো দুদকের হাতে নেই। বিশ্বব্যাংক গঠিত বিশেষজ্ঞ এই দলটির সঙ্গে দুদকের পরবর্তী বৈঠক হবে কাল সোমবার। এর আগে দুদক একটি তদন্ত প্রতিবেদন তৈরি করবে। আর সেই প্রতিবেদন নিয়েই আলোচনা হবে এই বৈঠকে। তদন্তের জন্য এর আগে বিশ্বব্যাংক তিনবার দুর্নীতির ষড়যন্ত্রের নানা তথ্য দিয়েছে। আজ বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলটি দুদকে দুই দফা বৈঠক করে। প্রথমে দুদক কর্তৃপক্ষ এবং এর পরে অনুসন্ধান দলের সঙ্গে বৈঠকে অংশ নেয় তারা। দলটির প্রধান আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান আইনজীবী লুই গ্যাব্রিয়েল ওকাম্পো। বাকি দুই সদস্য হলেন হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং ও যুক্তরাজ্যের সিরিয়াস ফ্রড কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান। এই দলটি আজ রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গেও বৈঠক করেছে।প্রায় দেড় ঘণ্টা দুদকে অবস্থান শেষে আজ অ্যালেন গোল্ডস্টেইন সাংবাদিকদের বলেন, ‘কমিশনের অনুসন্ধানের অগ্রগতি সম্পর্কে জানতে আলোচনায় বসেছিলাম। এই মুহূর্তে অনুসন্ধান প্রক্রিয়ায় কোনো ধরনের মন্তব্য বা কোনো ধরনের সিদ্ধান্তের কারণে সেতু নির্মাণ সংকটজনক হতে পারে। এই মুহূর্তে আমরা একটি বৈঠক করেছি, এটি আমাদের উত্সাহিত করছে পরবর্তী বৈঠকে অংশ নিতে। আমরা চাই দুদক আরও জোরালো অনুসন্ধান করুক, যা সেতু নির্মাণে দ্রুতগতি আনতে সাহায্য করবে।’গত মাসে ম্যানিলায় বিভিন্ন দাতা প্রতিনিধির সঙ্গে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলের বৈঠক হয়েছে।