অপেশাদার ব্যবস্থাপনা, সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা, উড়োজাহাজ ভাড়াসহ কেনাকাটায় অনিয়ম, অপচয়, আর্থিক সংকট—সবকিছু আগের মতোই আছে। শুধু উড়োজাহাজের লোগো ও কর্মীদের পোশাকের রং-নকশা পরিবর্তন করে নবযাত্রা (রি-ব্র্যান্ডিং) শুরুর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।কর্তৃপক্ষের দাবি, তারা রাষ্ট্রীয় মালিকানাধীন এই বিমান সংস্থার যাত্রীসেবা থেকে শুরু করে সবকিছুতে আরও উত্কর্ষ ও নতুনত্ব আনতে চাইছে। বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা ইতিপূর্বে গণমাধ্যমকে বলেছেন, নতুন লোগোতে আগের ‘বলাকা’ পরিমার্জন (মোডিফাই) করে আরও আকর্ষণীয় করা হয়েছে।কিন্তু শিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, কামরুল হাসানের মতো বরেণ্য জাতীয় শিল্পীর আঁকা লোগো বলাকা পরিমার্জন করাটা মোটেই উচিত হয়নি। এটা শিল্পীর প্রতি অসম্মান দেখানো। কাইয়ুম চৌধুরী জানান, তিনিসহ শিল্পী রফিকুন নবী ও হাশেম খানের সঙ্গে বিমান ও বোয়িং কোম্পানির প্রধান ডিজাইনারের আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল, নতুন আনা উড়োজাহাজের গায়ে বড় হরফে ‘বিমান’ শব্দটি লেখা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে বিমান শব্দটিই নেই। কেন তা বাদ দেওয়া হলো?বিমানের নতুন লোগোর বিষয়বস্তু (থিম) কী জানতে চাইলে বিমানের ব্র্যান্ড ম্যানেজার ওয়ালিউর মনজুর বলেন, তা তিনি জানেন না। তিনি বলেন, আগের লোগো বলাকাকেই কিছুটা পরিমার্জন করে নতুন চেহারা দেওয়া হয়েছে। এই পরিমার্জনের কাজটি কে করেছেন, তাও তিনি বলতে পারেননি।সবই চলছে আগের মতো: প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, কোম্পানিতে রূপান্তরের আড়াই বছর পর শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ বিমান এখনো চলছে সেই পুরোনো ধারায়। বাণিজ্যিকভাবে পরিচালনার জন্য পেশাদার ও অভিজ্ঞ কাউকে প্রধান নির্বাহী নিয়োগের ঘোষণা দেওয়া হলেও, আগের মতোই অবসরপ্রাপ্ত সামরিক আমলাকে নিয়োগ দেওয়া হয়েছে। চেয়ারম্যান বানানো হয়েছে একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্তাকে।বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বিমান-সংক্রান্ত উপকমিটির ১৬ জানুয়ারির সভায় বিমানের বিভিন্ন শাখার অভিজ্ঞ নয়জন উচ্চপদস্থ সাবেক কর্মকর্তা বলেছেন, বিমানের সবচেয়ে বড় সংকট হচ্ছে, সব সরকারের আমলে অপেশাদার সামরিক-বেসামরিক আমলাদের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়, যাঁদের এই ব্যবসা সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। তাঁদের অভিযোগ, বর্তমান সরকারের আমলেও এর ব্যতিক্রম হয়নি। তাঁরা বলেন, বিমানের ১৩ সদস্যের পরিচালনা পর্ষদের কারোরই এই ব্যবসা সম্পর্কে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। অতীতে প্রেষণে একজন সামরিক আমলাকে প্রকৌশল শাখায় নিয়োগ দেওয়া হয়েছিল। তারপর অবসরে যাওয়া ওই কর্মকর্তাকে করা হয় প্রধান নির্বাহী। আর বহরকে সচল রাখর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকৌশল শাখার পরিচালকও নিয়োগ দেওয়া হয়েছে একজন অবসরপ্রাপ্ত উইং কমান্ডারকে, যার এ সম্পর্কে কোনো ধারণাই নেই।ওই সভায় আরও অভিযোগ করা হয়, বিগত চারদলীয় জোট সরকারের সময়ে সরকারের শীর্ষ ব্যক্তির নিকটাত্মীয়ের নেতৃত্বে বিমানের ভাড়া ও কেনাকাটায় যে রকম চক্র সক্রিয় ছিল, তাদের স্থলে এখন নতুন মুখ এসেছে একই মধ্যস্বত্বভোগী চক্রে।সংসদীয় কমিটির তদন্তে ও সুপারিশমালা তৈরিতে এসব অভিযোগ আমলে নেবেন বলে উপকমিটির আহ্বায়ক মাঈন উদ্দিন খান ওই সভা শেষে এই প্রতিবেদককে বলেন।উড়োজাহাজ ভাড়া কার স্বার্থে?: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গন্তব্য ছিল ২৬টি। কমতে কমতে এখন তা অর্ধেকে নেমেছে। তার পরও কোনো বাস্তবসম্মত বহর পরিকল্পনা ছাড়াই বিমান কর্তৃপক্ষ একের পর এক উড়োজাহাজ ভাড়া করছে। আগামী দুই মাসের মধ্যে আরও পাঁচটি উড়োজাহাজ বহরে যুক্ত হচ্ছে বলে পরিকল্পনা শাখা থেকে জানা গেছে।সংশ্লিষ্ট এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, ২০১৩ সালে বোয়িং কোম্পানি থেকে কেনা নতুন উড়োজাহাজের প্রথম সরবরাহ পাওয়ার কথা। এর আগে অন্তর্বর্তী সময়ের জন্য তিনটি বোয়িং-৭৭৭-২০০ ইআর সংগ্রহের পরিকল্পনা ছিল, যাতে নিউইয়র্ক ফ্লাইট চালু ও অন্যান্য গন্তব্যে ফ্লাইট-সূচি ঠিক রাখার পাশাপাশি পুরোনো ও লোকসানি চারটি ডিসি-১০ উড়োজাহাজ বহর থেকে বাদ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা যায়।কিন্তু এখন বহরে চারটি ডিসি-১০ রাখা হচ্ছে। বিপুল অর্থ ব্যয়ে এগুলোকে উড্ডয়নক্ষম রাখা হয়েছে। এ ছাড়া নিজস্ব আরও দুটি এয়ারবাস (এ ৩১০) ও চারটি এফ-২৮ রয়েছে বহরে। এসব উড়োজাহাজের সঙ্গে ভাড়ায় আনা দুটি বোয়িং-৭৭৭ যুক্ত হলে নির্বিঘ্নে নিউইয়র্ক ফ্লাইট চালু ও বিদ্যমান গন্তব্যের ফ্লাইট-সূচি ঠিক রাখা যাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন।কিন্তু বিমান কর্তৃপক্ষ দুটি বোয়িং-৭৭৭সহ আরও দুটি বোয়িং-৭৩৭ ও একটি এয়ারবাস এ-৩১০ ভাড়া করছে। বোয়িং-৭৭৭ দুটির একটি চলতি মাসে, আরেকটি মার্চের তৃতীয় সপ্তাহে, ৭৩৭ দুটি আগামী মাসে এবং এয়ারবাস-২৮ জানুয়ারিতে ঢাকায় এসে পৌঁছার কথা বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।বোয়িং-৭৩৭ বহরে যুক্ত করা নিয়েও প্রশ্ন উঠেছে। ইতিপূর্বে বোয়িং-৭৩৭ দিয়ে ফ্লাইট পরিচালনা করতে গিয়ে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বিমানের বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই উড়োজাহাজে মালামাল বহনের জায়গা কম থাকায় যাত্রী এলেও লাগেজ থেকে যায়, যা যাত্রীদের ভোগান্তির কারণ হয়।বিমানের বিভিন্ন শাখার সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা সংসদীয় স্থায়ী কমিটির বিমানসংক্রান্ত উপকমিটিকে বলেছেন, বোয়িং-৭৩৭-এর অবস্থা এমন—১৮০টি আসনের অন্তত ২০টি খালি রাখতে হয় যাত্রীদের লাগেজ আনার জন্য। তার পরও সব লাগেজ আনা যায় না। এতে বিমানের লোকসান হয়। তাঁদের অভিযোগ, উড়োজাহাজ ভাড়ার ব্যবসায় মধ্যস্বত্বভোগী বিশেষ গোষ্ঠীর ব্যবসায়িক স্বার্থে এগুলো আনা হচ্ছে, বিমানের স্বার্থে নয়।উড়োজাহাজ ভাড়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি কয়েক মাস ধরে গণমাধ্যমে কথা বলছে।হজ ফ্লাইটে অনিয়ম: গত নভেম্বরে হজ ফ্লাইট পরিচালনার জন্য অতিরিক্ত ভাড়ায় আনা তিনটি বোয়িং-৭৪৭ উড়োজাহাজের দুটি এখনো রেখে দেওয়া হয়েছে। ফলে বিমানের নিজস্ব উড়োজাহাজ বসিয়ে রেখে ভাড়া করা উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করে ঘণ্টা হিসেবে বৈদেশিক মুদ্রা গুনতে হচ্ছে।হজ ফ্লাইট হিসেবে ব্যবহার করা ওরিয়েন্ট থাইকে তাদের প্রাপ্য ভাড়ার চেয়ে ২২ কোটি টাকা বেশি পরিশোধ করা হয়েছে। আবার নাইজেরিয়া থেকে ভাড়া করা অপর উড়োজাহাজটিকে হজ ফ্লাইটের পর আরও সাত মাস বেশি রেখে বাড়তি বিপুল অঙ্কের ভাড়া দিতে হচ্ছে বিমানকে।সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, এবার চারটি ডিসি-১০ ও দুটি এয়ারবাস পুরোপুরি উড্ডয়নক্ষম ছিল। যেহেতু এখন বিমানের গন্তব্য অনেক কমে গেছে, তাই হজ ফ্লাইটের জন্য বাড়তি উড়োজাহাজ দরকার ছিল না। তার পরও ঝুঁকি এড়াতে বড়জোর একটা উড়োজাহাজ ভাড়া করা যেত। তিনি বলেন, তা ছাড়া নিউইয়র্ক ফ্লাইট চালুর জন্য বোয়িং-৭৭৭ উড়োজাহাজ ভাড়া করার সিদ্ধান্ত সময়মতো নিতে পারলে হজ ফ্লাইটের জন্য কোনো উড়োজাহাজই ভাড়া করতে হতো না—সেভাবেই বহর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ বারবার দরপত্র আহ্বান ও বাতিল করতে করতেই এক বছর পার করে।পরে ঝুঁকি এড়াতে যেখানে একটি বোয়িং-৭৪৭ ভাড়া করা যথেষ্ট ছিল, সেখানে বিমান কর্তৃপক্ষ দুটি ভাড়ার জন্য দরপত্র ডাকে। কিন্তু ভাড়া করে তিনটি। তিনটির মধ্যে একটি নাইজেরিয়ার কাবো এয়ারলাইনস থেকে প্রতি উড্ডয়ন ঘণ্টা পাঁচ হাজার ৩০০ মার্কিন ডলার (তিন লাখ ৬৫ হাজার ৭০০ টাকা) হিসেবে, আর বাকি দুটি ওরিয়েন্ট থাই থেকে প্রতিটি প্রতি ঘণ্টা সাত হাজার ৯০০ ডলার (পাঁচ লাখ ৪৫ হাজার টাকা) হিসেবে ভাড়া করা হয়। চুক্তি করা হয় যে ফ্লাই করুক বা না করুক, কাবোরটিকে ২০০ ঘণ্টার ভাড়া এবং ওরিয়েন্ট থাইয়ের প্রতিটিকে ৩০০ ঘণ্টা করে ভাড়া দিতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নিজস্ব উড়োজাহাজ বসিয়ে রেখে ভাড়ার তিনটি দিয়ে হজ ফ্লাইট করিয়েও এসব ঘণ্টা (গ্যারান্টি আওয়ার) পুরো করা যায়নি।জানা গেছে, ২০০৮ সালে হজ ফ্লাইটে বাড়তি টাকা পরিশোধ করায় কাবো এয়ারের কাছে বিমানের পাওনা আছে। কথা ছিল পরের বছর (২০০৯) হজ ফ্লাইটে সেটা উড্ডয়ন ঘণ্টা পুষিয়ে দেবে। কিন্তু ২০০৯ সালে সব ঠিকঠাকের পর কাবো এয়ার উড়োজাহাজ দিতে পারবে না বলে জানায়। এটাকে অজুহাত দেখিয়ে প্রথমে ওরিয়েন্ট থাই থেকে একটির জায়গায় দুটি উড়োজাহাজ অস্বাভাবিক বেশি ভাড়ায় আনে বিমান। এরপর সেই কাবো থেকেও একটি বোয়িং-৭৪৭ ভাড়া করা হয়।পরিচালনা পর্ষদের এক সদস্য জানান, তখন কাবো এয়ারকে কালো তালিকাভুক্ত করার জন্য বিমান পরিচালনা পর্ষদে প্রস্তাব আসে। কিন্তু তা না করে উল্টা আবার তাদের কাছ থেকে উড়োজাহাজ ভাড়া এবং হজ ফ্লাইটের নামে আট মাস রাখার চুক্তি করা হয়।অভিযোগ রয়েছে, বিমানের শীর্ষ কর্মকর্তার ঘনিষ্ঠ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা কাবোর স্থানীয় এজেন্ট হয়ে এটা করিয়ে নেন।২২ কোটি টাকা বেশি পরিশোধ: সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, হজ ফ্লাইটে ওরিয়েন্ট থাইয়ের উড়োজাহাজ দুটির মোট উড্ডয়ন হয় ৫২০ ঘণ্টা। প্রতি ঘণ্টা সাত হাজার ৯০০ ডলার হিসেবে মোট ভাড়া হয় ৪১ লাখ আট হাজার ডলার বা ২৭ কোটি ৬৪ লাখ টাকা। কিন্তু বিমান ওরিয়েন্ট থাইকে ইতিমধ্যে দিয়েছে প্রায় সাড়ে ৪৯ কোটি টাকা। অর্থাত্ মোট ব্যবহূত উড্ডয়ন ঘণ্টার দরের চেয়ে পৌনে ২২ কোটি টাকা বেশি দিয়েছে। ১ জানুয়ারি হজ ফ্লাইট শেষ হওয়ার পরও ওরিয়েন্ট থাইয়ের উড়োজাহাজ রেখে দিয়ে নিয়মিত ফ্লাইট করানো হচ্ছে।নথিপত্রে দেখা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারির ফ্লাইট-সূচিতে ভাড়ার এই জাহাজটিকে রাখা হয়েছে। এতে বিমানকে আরও বিপুল অর্থ ভাড়া গুনতে হচ্ছে। অভিযোগ রয়েছে, ওরিয়েন্ট থাইয়েরও স্থানীয় এজেন্ট বিমান বাহিনীর আরেকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যিনি বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘনিষ্ঠ।নিউইয়র্ক ফ্লাইট অনিশ্চিত: গত বছরের ১ অক্টোবর নিউইয়র্ক ফ্লাইট চালু করার ঘোষণা ছিল। কিন্তু বোয়িং-৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ ভাড়া করার ক্ষেত্রে বিমান কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতার কারণে বারবার দরপত্র আহ্বান ও বাতিলের কারণে তা আর হয়নি। পরে প্রধানমন্ত্রীর দপ্তরের হস্তক্ষেপের পর দেরিতে হলেও কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়। তবে সময়মতো উড়োজাহাজ আসেনি।এখন বিমান সূত্র বলছে, আগামী ২৩ জানুয়ারি একটি বোয়িং আসবে, সেটি দিয়ে লন্ডন ও সিঙ্গাপুর ফ্লাইট চালানো হবে। আর অন্যটি আগামী মার্চে তৃতীয় সপ্তাহে আসবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে। সেটি আসার আগে নিউইয়র্ক ফ্লাইট কবে চালু হবে, সেটা নিশ্চিত করে বলতে পারছে না বিমান।জবাব নিয়ে কর্তৃপক্ষের তালবাহানা: এসব বিষয়ে বিমান কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে তারা জনসংযোগ শাখার মাধ্যমে প্রশ্ন জানতে চায়। তাদের পরামর্শে প্রথম আলোর পক্ষ থেকে লিখিত প্রশ্ন পাঠানো হয়। গত এক সপ্তাহেও কর্তৃপক্ষ এর কোনো জবাব দেয়নি। ফোনে জানতে চাইলে জনসংযোগ শাখা থেকে বলা হয়, ব্যবস্থাপনা পরিচালককে এসব প্রশ্ন দেওয়া হয়েছে। তিনি বিমানের মুখপাত্র ও পরিচালক নাফিজ ইমতিয়াজকে দায়িত্ব দিয়েছেন।যোগাযোগ করলে নাফিজ ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, তিনি এখন যাত্রীসেবা শাখার দায়িত্বে গেছেন, এসব প্রশ্নের জবাব দেবেন পরিচালক (পরিকল্পনা)। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আবার যোগাযোগ করলে তাঁরা বলেন, নাফিজ ইমতিয়াজ তো বিমানের প্রধান মুখপাত্র, তিনি তো এটা বলতে পারেন না।এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।সংসদীয় স্থায়ী কমিটির বিমানের দুর্নীতি তদন্তসংক্রান্ত উপকমিটির সভায় কমিটির আহ্বায়ক মাঈন উদ্দিন খান বলেছেন, ‘বিমান দুর্নীতিবাজদের একটা মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে। এই তদন্ত করতে গিয়ে মনে হচ্ছে, আমরা মাইন ফিল্ডের (মাইন পুঁতে রাখা বিপজ্জনক ভূমি) ওপর হাঁটছি। তবু আমরা এ পথ পাড়ি দেব, কিন্তু কতটা অক্ষতভাবে পাড়ি দিতে পারব জানি না।’