সবকিছুর আগে চাই ৩০০ কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প বাস্তবায়নে খসড়া আইন করা হয়েছে। কিন্তু অনুমোদন পায়নি পাঁচ মাসেও। গঠিত হয়নি আলাদা কর্তৃপক্ষ। অথচ এ প্রকল্পে ব্যয়ের জন্য চট্টগ্রাম বন্দর থেকে ৩০০ কোটি টাকা চেয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। জানা গেছে, মন্ত্রণালয়ের তহবিলে আপাতত ১০০ কোটি টাকা জমা দিতে ২১ জুন একটি চিঠি দেওয়া হয়েছে। এ টাকা ব্যয়ের একটি উপায় বের করতে আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ে বৈঠক ডাকা হয়েছে। এতে মন্ত্রণালয়ের সচিব উপস্থিত থাকবেন।তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর অধ্যাদেশ অনুযায়ী বন্দরের নিজস্ব কাজ ছাড়া বাইরের কাজে অর্থ ব্যয়ের সুযোগ নেই। যোগাযোগ করা হলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার আজ বৈঠক ডাকার বিষয়টি স্বীকার করেন। টাকা চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘বৈঠক হোক, বৈঠকের পর যোগাযোগ করেন, তখন সেটা বলব।’মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ গঠিত না হলেও মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ প্রকল্পের অধীনে অর্থ ব্যয়ের তৎপরতা শুরু করেছেন। এ জন্য কর্তৃপক্ষ গঠনের আগে গভীর সমুদ্রবন্দরের বিস্তারিত নকশা প্রণয়নে মন্ত্রণালয় অন্তত ৩০০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা নিয়েছে। মন্ত্রণালয়ের অধীন সংস্থা হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে এ টাকা চাওয়া হয়েছে।জানা গেছে, ‘দ্য কনসালটেন্সি সার্ভিস ফর ডিটেইল ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টাডি ফর কনস্ট্রাকশন অব ডিপ সি পোর্ট অ্যাট সোনাদিয়া’ প্রকল্পের নামে এ অর্থ ব্যয় করা হবে।মন্ত্রণালয়ের গভীর সমুদ্রবন্দর সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন শফিক উল্লাহ বলেন, এ প্রকল্পের মাধ্যমে সোনাদিয়া দ্বীপের পাশের সাগরে বড় একটি অংশে তেলকূপ খননের মতো বাঁধ দিয়ে সেখানকার পানির নিচের মাটি-পানি পরীক্ষা এবং আনুষঙ্গিক কাজ করা হবে। এ জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। মূলত প্রকল্পের রূপরেখা চূড়ান্ত করতে বুধবার মন্ত্রণালয়ে বৈঠক ডাকা হয়েছে।গভীর সমুদ্রবন্দর নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ না করে এ ধরনের খণ্ডিত কাজে বিপুল অর্থ ব্যয়ের যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে ক্যাপ্টেন শফিক উল্লাহ বলেন, ‘গভীর সমুদ্রবন্দরের জন্য এখনো অর্থ সংস্থানের কোনো ব্যবস্থা না হওয়ায় এ ধরনের ছোটখাটো প্রকল্পে অর্থ ব্যয় করতে হচ্ছে। জাপানি প্রতিষ্ঠান প্যাসিফিক কনসালট্যান্ট ইন্টারন্যাশনালের জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, মহেশখালীর সোনাদিয়া দ্বীপ গভীর সমুদ্রবন্দর নির্মাণের উপযোগী স্থান। তিন বছর ধরে পরিচালিত এ জরিপের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় ১৪ কোটি টাকা খরচ করে।ওই জরিপের ভিত্তিতে সরকার আগামী বছর থেকে গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ শুরুর পরিকল্পনা নেয়। প্রথম তিন বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে এই বন্দরের নয়টি জেটি নির্মাণের কথা। ২০২০ সাল থেকে পরবর্তী ১৫ বছরে নির্মাণ করা হবে আরও ১৫টি জেটি। ২০৫৫ সালের মধ্যে মোট ৬৫টি জেটির সমন্বয়ে পূর্ণাঙ্গ গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ধারণাপত্র ইতিমধ্যে তৈরি হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৫৫ হাজার কোটি টাকা। উচ্চাভিলাষী এ প্রকল্প বাস্তবায়নের জন্য এখনো কোনো বিদেশি দাতা সংস্থা পাওয়া যায়নি।