সবকিছুর ফয়সালা হবে সংসদে: নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিএনপির নেতাদের উদ্দেশে বলেছেন, ‘কাদের সঙ্গে আলোচনা করব, যারা ফটিকছড়ির মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চায়, তাদের সঙ্গে? এ ঘটনার যারা পুনরাবৃত্তির কথা বলে, তাদের মুখ দেখাও পাপ। ওদের সঙ্গে কোনো আলোচনা হবে না। আলোচনা যদি হয়, তবে সেটা হবে সংসদে। সেখানেই সবকিছুর ফয়সালা হবে।’ আজ শনিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় নাসিম এ কথা বলেন।হেফাজতে ইসলামের ১৩ দফা প্রসঙ্গে নাসিম বলেন, ‘ইসলামের কেউ বরখেলাপ করছে কি না, এটা দেখবে রাব্বুল আলামিন। ইসলামকে হেফাজত করার অধিকার কাউকে দেওয়া হয়নি। ইসলামের ঠিকাদারির দায়িত্ব কেউ যদি নিতে চান, তাহলে নির্বাচন করুন। জনগণ যদি ঠিকাদারির দায়িত্ব দেন, তবে পালন করবেন।’ সংগঠনের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, সাংসদ ফজলে রাব্বি মিয়া প্রমুখ। সরকার বিএনপির নেতাদের বিচারে হস্তক্ষেপ করবে না ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অন্য একটি আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপির নেতাদের ফৌজদারি আইনে আটক করা হয়েছে। এই আইনেই তাঁদের বিচার হবে। সরকার কোনোভাবেই এ বিচারে হস্তক্ষেপ করবে না। নৌকা-সমর্থক গোষ্ঠী আয়োজিত ‘চলমান রাজনীতি, অবাধ সুষ্ঠু নির্বাচন জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রতিমন্ত্রী কামরুল আরও বলেন, ‘ফটিকছড়িতে হামলার পর বিএনপির নেতারা যেভাবে বক্তব্য দিচ্ছেন এবং এ ধরনের ঘটনা আবারও ঘটানোর হুমকি দিচ্ছেন, তা অপ্রত্যাশিত। আগামী দিনে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা হবে। এ জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।’ তিনি সন্ত্রাস-নৈরাজ্যের পথ পরিহার করে এবং জামায়াতকে ছেড়ে দিয়ে সোজা-সরল পথে সংসদে এসে আলোচনা করার আহ্বান জানান।ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের নেতা শাহে আলম মুরাদ, হুমায়ুন কবীর মিজি, আবদুল হাই শিকদার কানু প্রমুখ।