সবচেয়ে ক্ষমতাধর ওবামা: ফোর্বস
ক্ষমতার প্রশ্নে রাজনীতিবিদেরা ব্যবসায়ীদের হারিয়ে দিয়েছেন। গতকাল বুধবার ‘ফোর্বস’ ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় এ চিত্র ফুটে উঠেছে। এই তালিকার প্রথম ১০ জনের মধ্যে ছয়জনই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ তালিকার শীর্ষে অবস্থান করছেন। এ ছাড়া শীর্ষ দশে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আছেন তালিকার ১৯তম স্থানে।‘ফোর্বস’-এর এ তালিকার চতুর্থ স্থানে ও ব্যবসায়ীদের মধ্যে শীর্ষস্থানে আছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। দুজন সরকারি কর্মকর্তাও এ তালিকার শীর্ষ দশে স্থান করে নিয়েছেন। ‘ফোর্বস’-এর নির্বাহী সম্পাদক মাইকেল নয়্যার বার্তা সংস্থা রয়র্টাসকে পাঠানো এক ই-মেইলে জানান, যুক্তরাষ্ট্র ও চীনের মতো বিশ্বের দুই ক্ষমতাধর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের চিত্র প্রতিফলিত হয়েছে এবারের তালিকায়। তিনি বলেন, গত বছরের তালিকায় তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি চীনের প্রেসিডেন্ট হু জিনতাও ক্ষমতা ছেড়ে যাবেন বলে এবারের তালিকা থেকে বাদ পড়েছেন। একইভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও অর্থমন্ত্রী টিমোথি গেইথনার প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে দ্বিতীয় মেয়াদে কাজ করবেন না বলে তাঁরাও এ তালিকা থেকে বাদ পড়েন। ‘ফোর্বস’ প্রতিবছর বিশ্বের ক্ষমতাশালী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে থাকে। এ বছরের তালিকায় মোট ৭১ জন স্থান পেয়েছেন। ‘ফোর্বস’-এর সম্পাদকেরা সাধারণত চারটি মানদণ্ডের ওপর ভিত্তি করে ক্ষমতাশালীদের এ তালিকা তৈরি করে থাকেন। এগুলো হলো: জনগণের ওপর নিয়ন্ত্রণ, আর্থিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদের ওপর কর্তৃত্ব, বিভিন্ন পর্যায়ে ক্ষমতার চর্চা ও ক্ষমতার সক্রিয় ব্যবহার।