সবচেয়ে কার্যকর সৌরকোষ উদ্ভাবনে বাংলাদেশির সাফল্য
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের কোপিন স্টেট ইউনিভার্সিটির গবেষক বাংলাদেশি বিজ্ঞানী জামাল উদ্দিন ও তাঁর পাঁচ ছাত্র সবচেয়ে কার্যকর সোলার সেল (সৌরকোষ) উদ্ভাবন করেছেন। সম্প্রতি ওই বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। তাঁরা শক্তি উৎপাদনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি বোয়িংয়ের চেয়ে সৌরকোষকে চার শতাংশ বেশি কার্যকরভাবে ব্যবহার করতে পেরেছেন। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বোয়িং কোম্পানির মালিকানাধীন স্পেক্ট্রোল্যাব ২০০৬ সাল থেকে সৌরকোষকে সবচেয়ে বেশি কার্যকরভাবে ব্যবহার করার স্বীকৃতি পেয়ে আসছিল। জামাল উদ্দিনের দল সৌরকোষের শতকরা ৪৩ দশমিক ৪ ভাগকে শক্তি পুনরুৎপাদনের জন্য কাজে লাগাতে পেরেছেন।কোপিন স্টেট ইউনিভার্সিটির প্রথম ‘ন্যানোটেকনোলজি’ বা অতিক্ষুদ্র প্রযুক্তি গবেষণা কেন্দ্রে জামাল উদ্দিন ও তাঁর ছাত্রদের এই গবেষণা থেকে আরও এক ধরনের বিদ্যুৎ কোষ উদ্ভাবিত হয়েছে, যা রণাঙ্গনে সেনাদের ব্যবহূত ‘নাইট ভিশন গগলস’ বা আঁধারের চশমার জন্য ‘রিচার্জেবল ব্যাটারি’ হিসেবে কাজ করতে পারে।জামাল উদ্দিন বলেন, মেটাফিজিক্স সফটওয়্যার কমসোল ও অনলাইন সফটওয়্যার পিসিওয়ানডি ব্যবহার করে এই রেকর্ড সৃষ্টি করেছেন তাঁরা। তিনি বলেন, ‘এ ধরনের কৃতিত্ব অর্জন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। ন্যানোটেকনোলজি নিয়ে গবেষণা অব্যাহত রাখতে চাই ।’ তিনি ও তাঁর দল আশা করছে, আগামী ডিসেম্বর নাগাদ তাঁরা সৌরকোষের ৫০ শতাংশ ব্যবহার করে শক্তি উৎপাদন করতে পারবেন। জামাল উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর এবং জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।