সবচেয়ে ক্ষমতাধর তারকা লোপেজ (ভিডিও)
যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বসের বিবেচনায় সেরা ১০০ ক্ষমতাধর তারকার তালিকার শীর্ষস্থানটি দখল করেছেন মার্কিন সংগীতশিল্পী, অভিনেত্রী জেনিফার লোপেজ। বিনোদন-কেন্দ্রিক আয়, বিভিন্ন গণমাধ্যমে উপস্থিতি ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপক জনপ্রিয়তায় এবার প্রথম হলেন গত বছর ৫০তম স্থানে থাকা ৪২ বছর বয়সী লোপেজ। এ ক্ষেত্রে গতবারের শীর্ষ বাছাই সংগীতশিল্পী লেডি গাগা এবং উপস্থাপক অপরাহ উইনফ্রেকে পেছনে ফেলেছেন তিনি।ফোর্বস সাময়িকীর বরাত দিয়ে রয়টার্স জানায়, গত ১২ মাসে পাঁচ কোটি ২০ লাখ ডলার আয়, জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘আমেরিকান আইডল’-এ বিচারক হিসেবে নজরকাড়া পারদর্শিতা লোপেজকে শীর্ষস্থানটি দখলে সাহায্য করেছে। তা ছাড়া ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিপুল শুভাকাঙ্ক্ষী ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান কোহলসের একটি সুগন্ধির বিজ্ঞাপনে অংশগ্রহণ তাঁর শীর্ষ অবস্থানে ভূমিকা রেখেছে।উল্লিখিত বিবেচনায় চলতি বছরে লোপেজ প্রথম হলেও তাঁর কাছাকাছি অবস্থানে থেকে দ্বিতীয় হয়েছেন বিশ্বব্যাপী আলোচিত উপস্থাপক অপরাহ উইনফ্রে। গত ১২ মাসে তাঁর আয় ১৬ কোটি ৫০ লাখ ডলার।গত বছরের মতো এবারও তৃতীয় স্থানটি দখল করেছেন ১৮ বছর বয়সী কানাডার পপতারকা জাস্টিন বিবার। এক বছরে পাঁচ কোটি ৫০ লাখ ডলার উপার্জনকারী বিবারকে ফোর্বস পরিণত বিনিয়োগকারী হিসেবে উল্লেখ করেছে।এবারের তালিকায় থাকা অন্যান্যের মধ্যে উল্লেখযোগ্য হলেন পপতারকা রিয়ান্না। তাঁর আয় পাঁচ কোটি ৩০ লাখ ডলার। ‘উই ফাউন্ড লাভ’, ‘টক দ্যাট টক’ গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি।প্রসঙ্গত, ফোর্বসের এ বছরের শীর্ষ ক্ষমতাধর তারকা লোপেজ এরই মধ্যে বিশ্বসফরের ঘোষণা দিয়েছেন। স্প্যানিশ সংগীততারকা এনরিক ইগলেসিয়াসেকে সঙ্গে নিয়ে যৌথভাবে সফর করবেন তিনি।