সবচেয়ে খারাপ করেছে চট্টগ্রাম ও কুমিল্লা বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ডে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় হয়েছে। গত কয়েক বছরের মধ্যে এবার পাসের হার ব্যাপকভাবে কমেছে। কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ বাড়লেও কমেছে চট্টগ্রামে। সারা দেশের গড় পাসের তুলনায় দুই বোর্ডে পাসের হার প্রায় ১৩ শতাংশ কম। জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে রাজনৈতিক অস্থিরতা ও সৃজনশীল প্রশ্ন পদ্ধতি নিয়ে জটিলতার কারণে ফলাফলে বিপর্যয় হয়েছে বলে শিক্ষা-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন। কুমিল্লা বোর্ড সূত্রে জানা গেছে, সাত বছরের মধ্যে এবার এইচএসসিতে পাসের হার সবচেয়ে কম। এবার পাসের হার ৬১ দশমিক ২৯। ২০১২ সালে ছিল ৭৪ দশমিক ৬০ ভাগ। সুতরাং গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৩ দশমিক ৩১ ভাগ। এ ছাড়া ২০১১ সালে পাসের হার ৬৮ দশমিক ৬৮, ২০১০-এ ৭৩ দশমিক ১৩, ২০০৯ সালে ৬৬ দশমিক ৯৯, ২০০৮-এ ৭৭ দশমিক ৩৩, ২০০৭ সালে ৬৫ দশমিক ৭৫ এবং ২০০৬ সালে ৬৩ দশমিক ৭৩ ভাগ ছিল। তবে এবার জিপিএ-৫ ২৪০টি বেড়ে দুই হাজার ৩৯০ জন হয়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন দুই হাজার ১৫০ জন।কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, ‘ইংরেজি এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ে খারাপ ফল হওয়ায় সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে। তার ওপর হরতালের কারণে ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা হয়নি। এতে করে তাঁদের ওপর মানসিক চাপ পড়েছিল।’চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত বলেন, ‘জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে হরতালের কারণে ১২ বার পরীক্ষার সূচি বদলাতে হয়েছে। আঞ্চলিক হরতালের সময় পরীক্ষার আগের দিন পর্যন্ত পরীক্ষার্থীদের উৎকণ্ঠায় থাকতে হয়েছে। এ ছাড়া হরতালের ক্ষতি পুষিয়ে নিতে আমরা ছুটির দিনসহ কোনো বিরতি ছাড়া পরীক্ষা নিয়েছি। এসব কারণে পরীক্ষার্থীদের মানসিক প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে।’চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সৃজনশীল পদ্ধতি নিয়ে জটিলতা ফলাফল খারাপ করার ক্ষেত্রে বেশি প্রভাব ফেলেছে। তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা এখনো বেশিরভাগ কোচিং নির্ভর। কিন্তু এভাবে পড়াশোনা করে সৃজনশীল পদ্ধতিতে ভালো ফলাফল আশা করা যায় না। তাছাড়া গ্রামাঞ্চল এবং পার্বত্য এলাকার শিক্ষার্থীরা এখনো সৃজনশীল পদ্ধতি সম্পর্কে তেমন কোনো ধারণা পায়নি।’ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে ৮৯ হাজার ৬৫২ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৫৪ হাজার ৩৫৯ জন কৃতকার্য হন। এর মধ্যে ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ২৮ এবং মেয়েদের পাসের হার ৫৯ দশমিক ৩৫।কুমিল্লা শিক্ষাবোর্ডের কম্পিউটার কেন্দ্রের জ্যেষ্ঠ সিস্টেম এনালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক জানান, ইংরেজিতে ২২ হাজার ১১৮ জন, ব্যবসায় নীতি ও প্রয়োগে সাত হাজার পাঁচজন, পৌরনীতিতে তিন হাজার ৭৩০ জন এবং রসায়ন বিষয়ে দুই হাজার ৫৬৪ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ কারণে পাসের হার কমে গেছে।সাত কলেজের শতভাগ শিক্ষার্থী পাস: কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার ৩০০টি কলেজ এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সাতটি কলেজের সব পরীক্ষার্থী পাস করেছে। এগুলো হচ্ছে—বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজ, চাঁদপুরের কচুয়া উপজেলার ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ, ফেনী গালর্স ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, নাঙ্গলকোটের ডা. যোবায়দা হান্নান স্কুল অ্যান্ড কলেজ, নোয়াখালী সায়েন্স অ্যান্ড কমার্স কলেজ এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অধ্যক্ষ দেওয়ান আবদুল মজিদ কলেজ। চট্টগ্রাম বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বোর্ডে এ বছর পাসের হার ৬১ দশমিক ২২ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার প্রায় ১১ শতাংশ কম। গত বছর পাসের হার ছিল ৭২ দশমিক ৩১। একইভাবে কমেছে জিপিএ-৫। এবার জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৭৭২ জন। গত বছর পেয়েছিল তিন হাজার ১৪৫ জন। গতকাল নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গিয়ে দেখা যায়, আশানুরূপ ফল না হওয়ায় অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। ফল খারাপ হওয়ায় তারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে দোষারোপ করেন। নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজের এক পরীক্ষার্থী বলেন, ‘আমাদের ভাগ্য খারাপ। রাজনৈতিক দলের হরতালের কারণে সব প্রস্তুতিই ভেস্তে গেছে। কোনো বিরতি ছাড়াই একনাগাড়ে পরীক্ষা দিতে হয়েছে দিনের পর দিন। এভাবে ভালো ফলাফল করা যায় না।’ চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, সরকারি সিটি কলেজ, ইস্পাহানী পাবলিক কলেজের অনেক পরীক্ষার্থীও ক্ষোভ প্রকাশ করেন।রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার বিভিন্ন বিষয়ে নতুন করে প্রবর্তিত সৃজনশীল পদ্ধতিকেও ফলাফল বিপর্যয়ের জন্য দায়ী মনে করা হচ্ছে। চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম বলেন, ‘সৃজনশীল পদ্ধতি সম্পর্কে প্রথমে শিক্ষকদের জানতে হবে। কিন্তু আমাদের গ্রামেগঞ্জে এবং পার্বত্য অঞ্চলে সে ধরনের উপযুক্ত শিক্ষক না থাকায় এসব এলাকার শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারেনি।’বোর্ডের চার বছরের জিপিএ-৫-এর পরিসংখ্যানে দেখা যায়, প্রতি বছরেই এ হার বাড়ছিল। ২০০৯ সালে এক হাজার ৪৪৮ জন, ২০১০ সালে এক হাজার ৬১৮ জন, ২০১১ সালে এক হাজার ৭৯৫ জন জিপিএ-৫ পেয়েছে। ২০১২ সালে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ১৪৫ জন।চট্টগ্রাম বোর্ডের ফলাফল মূল্যায়নে দেখা যায়, এ বছর চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭৪ দশমিক ০৮ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলার পাসের হার ৫২ দশমিক ৭৯ শতাংশ। চট্টগ্রাম মহানগরসহ জেলায় পাসের হার ৬২ দশমিক ৮৯ শতাংশ। গত বছরের তুলনায় এবার তিন পার্বত্য জেলার শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়েছে। রাঙামাটিতে পাসের ৪৯ দশমিক ০৪, খাগড়াছড়িতে ৪৬ দশমিক ৮৬ ও বান্দরবানে ৫৫ দশমিক ৪১ শতাংশ। গত বছর রাঙামাটিতে পাসের হার ছিল ৫৮ দশমিক ৭৮, খাগড়াছড়িতে ৬২ দশমিক ৯৪ ও বান্দরবানে ৬৮ দশমিক ০৭ শতাংশ।এ বছর চট্টগ্রাম বোর্ডের অধীনে ১৯৬টি কলেজের ৬৪ হাজার ২৮২ জন পরীক্ষায় অংশ নেন।