সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বিচারের স্বচ্ছতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যাকাণ্ডের পর তিন বছর পেরিয়ে গেছে। এর মধ্যে বিডিআর হয়েছে বিজিবি। এই বাহিনীর ভেতরে কী হচ্ছে, সীমান্তেই বা কীভাবে কাজ চলছে—সব বিষয়ে খোলামেলা কথা বলেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন। সাক্ষাৎকার নিয়েছেন কামরুল হাসানপ্রথম আলো: বিডিআর বিদ্রোহের তিন বছর হয়ে গেল। এখনো বিচার শেষ হয়নি। কবে শেষ হতে পারে?আনোয়ার হোসেন: আমাদের বিচারটা হচ্ছে তিন স্তরে। একটি হচ্ছে অধিনায়কের প্রশাসনিক আদালত। এ বিচার শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে বিশেষ আদালত। ১১টা বিশেষ আদালতের পাঁচটার বিচার শেষ হয়ে গেছে। ঢাকায় ছয়টি চলমান আছে। এ বছরের মাঝামাঝি পর্যায়ে এটা শেষ হওয়ার সম্ভাবনা আছে। আর হত্যা মামলাটি চলমান মামলা।প্রথম আলো: সবাই কি ন্যায়বিচার পাচ্ছেন?আনোয়ার হোসেন: সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বিচারের স্বচ্ছতায়। গণমাধ্যম বিচারকাজ প্রত্যক্ষ করতে পারছে। তারা নিজেরাই দেখতে পারছে বিচার কেমন হচ্ছে। এখন পর্যন্ত গণমাধ্যমে এ নিয়ে কোনো অভিযোগ আসেনি। প্রথম আলো: যেসব দাবিতে বিদ্রোহ হয়েছিল বলে বলা হয়, তা কি পূরণ হয়েছে?আনোয়ার হোসেন: বিজিবি একটি সুশৃঙ্খল বাহিনী। বাহিনী-প্রধান হিসেবে আমি মনে করি বাহিনীর যে চাহিদা, তা চেইন অব কমান্ডে আসা উচিত। এটা আগেও প্রযোজ্য ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ছোট ছোট যে প্রশাসনিক সমস্যা ছিল, যেমন রেশনের বিষয়ে, সেটা বৃদ্ধি করা হয়েছে। আমাদের পেনশন-ব্যবস্থাটাকে কম্পিউটারাইজড করা হয়েছে। মৃত ব্যক্তির পেনশন ২৮ দিনের মধ্যে দেওয়া হচ্ছে। সাধারণ যাঁরা পেনশন পাচ্ছেন তাঁদের ক্ষেত্রে সর্বোচ্চ দেড় থেকে দুই মাস লাগছে। আগে অনেক বেশি সময় লাগত। এ ছাড়া টাইম স্কেলও সময়মতো দেওয়া হচ্ছে।প্রথম আলো: অধুনালুপ্ত বিডিআর আর বর্তমান বিজিবির মধ্যে কি কোনো তফাত আছে? নাকি শুধু নাম আর পোশাকেই সীমাবদ্ধ?আনোয়ার হোসেন: যেকোনো সুশৃঙ্খল বাহিনী একটা আইনগত কাঠামোর মধ্যে চলে। বিজিবি নামকরণ ও বিজিবিতে রূপান্তরের পর আমাদের অবকাঠামোগত, আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে এবং অস্ত্র সরঞ্জামাদির ক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে।প্রথম আলো: কী ধরনের পরিবর্তন, বিস্তারিত বলবেন?আনোয়ার হোসেন: আগে আমাদের প্রায় ১৬৭টি বিওপি ছিল, যেখানে বিদ্যুৎ ছিল না। সেখানে আমরা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ দিয়েছি। আমাদের ২০০ বিওপিতে ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানি দেওয়া হয়েছে। বিওপির কাজের সক্ষমতা বেড়েছে। প্রশিক্ষণের পাশাপাশি আহার ও বাসস্থানের উন্নয়ন হয়েছে।প্রথম আলো: বিডিআর বিদ্রোহের পরে গঠিত আনিসুজ্জামান কমিটি ও জাহাঙ্গীর চৌধুরী কমিটির সুপারিশ কতটা বাস্তবায়িত হয়েছে?আনোয়ার হোসেন: বিজিবির ক্ষেত্রে যা প্রযোজ্য তা হলো বাহিনীর পুনর্গঠন। এর দুটি পর্যায় রয়েছে। একটা সাংগঠনিক পর্যায়। আর একটা সীমান্তে এরিয়া অব রেসপনসিবিলিটিজ। পুনর্গঠন-প্রক্রিয়াতে আমাদের কাজ শেষ পর্যায়ে। আমাদের আগে সব সিদ্ধান্ত পিলখানা থেকে দেওয়া হতো। এটা বিকেন্দ্রীকরণ করে চারটি রিজিওনের মাধ্যমে দেওয়া হবে। আরও চারটি সেক্টর ও ১১টি ব্যাটালিয়ন বৃদ্ধি করা হচ্ছে। পুনর্গঠন শেষ হওয়ার আগেই অনেক সরঞ্জাম কেনা হয়েছে। যেমন মোটরসাইকেল, নাইট ভিশন বাইনোকুলার, জিপিএস। যোগাযোগ-ব্যবস্থায় একটু ঘাটতি ছিল সেগুলো পূরণ করা হয়েছে।প্রথম আলো: দুই কমিটি সরকারের জন্য যেসব সুপারিশ করেছিল, সেগুলোর বাস্তবায়নে কোনো অগ্রগতি আছে?আনোয়ার হোসেন: বিজিবির পুনর্গঠনে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সহায়তা আছে। আমাদের চাহিদা তারা পূরণ করছে।প্রথম আলো: বিদ্রোহের কারণে আপনাদের জনবলের যে ঘাটতি হয়েছে তা কীভাবে পূরণ হচ্ছে? আনোয়ার হোসেন: জনবলের ঘাটতি পূরণের লক্ষ্যে ইতিমধ্যে সাত হাজার নতুন নিয়োগ দেওয়া হয়েছে। সামনে আরও তিন হাজার নিয়োগ করা হচ্ছে। আগামী বছর নাগাদ ঘাটতি পূরণ হয়ে যাবে। প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাঁচটা সেক্টর এবং বায়তুল ইজ্জত—এই ছয় জায়গায় অবকাঠামো উন্নয়ন করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।প্রথম আলো: সাম্প্রতিক কালে সবচেয়ে আলোচিত বিষয় সীমান্তে গুলিবর্ষণ। বিএসএফ-প্রধান বলেছেন, এটা বন্ধ করা সম্ভব নয়। আপনারা কী ভাবছেন?আনোয়ার হোসেন: সীমান্তে গুলিবর্ষণ বা যেকোনোভাবে হত্যার বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশি নিহত হওয়ার প্রতিটি ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। নিহতের ঘটনা শূন্যে নামিয়ে আনতে উদ্যোগ গ্রহণের কাজ করে যাব। প্রথম আলো: মিয়ানমারের সঙ্গেও তো সীমান্ত আছে। সেখানে তো গুলিবর্ষণের ঘটনা ঘটছে না। আনোয়ার হোসেন: মিয়ানমারের সঙ্গেও আমাদের সীমান্ত আছে। ওদের ওখান থেকে আমাদের এখানে লোক আসে। কিন্তু আমরা কখনো গুলি করি না। আমাদের সৈনিকদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে যে নিরস্ত্র সাধারণ মানুষের ওপর কখনো গুলি করা যাবে না। আমাদের এখান থেকে কোনো গুলি হয় না।প্রথম আলো: ইয়াবা বন্ধে মিয়ানমারের সঙ্গে কি কোনো আলোচনা হয়েছে?আনোয়ার হোসেন: নাসাকার সঙ্গে যৌথ বৈঠক করেছি। বিশেষ করে ইয়াবার বিষয়ে ওদের কাছে প্রতিবাদ করেছি। গত বছর দুই-তিনটি বৈঠক করেছি।প্রথম আলো: সীমান্তে রাতের বেলা মানুষের চলাচল বন্ধ করে দেওয়ার একটা আলোচনা ছিল, সেটা নিয়ে কি কোনো সিদ্ধান্ত আছে?আনোয়ার হোসেন: আমি ব্যক্তিগতভাবে মনে করি, একটা স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের আন্তর্জাতিক সীমানায় যে কেউ যেকোনো সময় চলাচল করতে পারে, এটা তার অধিকার। এর মধ্যেই বিজিবি স্থানীয় প্রশাসনের সহায়তায় ১০০টি জনসচেতনতামূলক প্রচার অনুষ্ঠান করেছে, যাতে কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে। তবে যেভাবেই ঘটুক না কেন হত্যা নিন্দনীয় বিষয়।প্রথম আলো: সীমান্ত এলাকার হাট হয়েছে। এটি কি কোনো কাজে লেগেছে? আনোয়ার হোসেন: সীমান্তবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী সীমান্ত হাট চালু হয়েছে। এর সুফল পেতে সময় লাগবে। প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।আনোয়ার হোসেন: আপনাকেও।