সবচেয়ে দুর্ভাগা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের প্রতিটি ক্ষেত্রে যেমন, ক্রিকেটও তেমনি জয়গান গায় শুধু কীর্তিমানদের। ব্যর্থ বা দুর্ভাগাদের কথা কজনেরই বা মনে থাকে! আজ না হয় একজনকে মনে করা যাক। নাম তাঁর জ্যাক ম্যাকব্রায়ান, ‘অফিশিয়ালি’ যিনি সর্বকালের সবচেয়ে দুর্ভাগা টেস্ট ক্রিকেটার!সমারসেটের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক প্রথম বিশ্বযুদ্ধের আগে। দলে থিতু হওয়ার আগেই বাজল বিশ্বযুদ্ধের দামামা, তিনি ব্যাট ছেড়ে তুলে নিলেন রাইফেল। লা কতের যুদ্ধে হাতে আঘাত পেয়ে বন্দী হলেন শত্রুপক্ষের হাতে। যেন শাপেবর হলো, হল্যান্ডে বন্দিজীবনে চুটিয়ে ক্রিকেট খেললেন। যুদ্ধের পর তিনি ব্যাট হাতে দুর্বার, টানা ছয় বছর সমারসেটের হয়ে করলেন সর্বোচ্চ রান। এই ধারাবাহিকতাতেই ১৯২৪ সালে পেয়ে গেলেন ইংল্যান্ডের টেস্ট ক্যাপ। সুযোগটা এসেছিল আসলে জন হিয়ার্নের চোটে। টস জিতে প্রথম দিনে ব্যাটিংয়ে নামল দক্ষিণ আফ্রিকা। ৬৬.৫ ওভারে ৪ উইকেটে ১১৬ রান তোলার পর নামল বৃষ্টি। সেই যে শুরু হলো, পরের তিন দিন আর কান্না থামায়নি ওল্ড ট্রাফোর্ডের আকাশ। আর একটিও বল না হয়ে পরিত্যক্ত হলো টেস্ট। ম্যাকব্রায়ানের সুযোগ হলো না কিছুই করার। কখনোই ব্যাটিং-বোলিং না করা এবং কোনো ক্যাচ না নেওয়া একমাত্র টেস্ট ক্রিকেটার ম্যাকব্রায়ান! কিছুই করেননি বললে অবশ্য আপত্তি করতে পারেন, ফিল্ডিংয়ে নিশ্চয়ই বলে হাত ছোঁয়াতে পেরেছেন কয়েকবার! পরের টেস্টেই ফিট হিয়ার্ন; ম্যাকব্রায়ান হারালেন জায়গা। ইংল্যান্ডের ওপেনিংয়ে হবস-সাটক্লিফ-স্যান্ডহামদের দাপটে আর কখনো দলে সুযোগই হলো না বেচারার!অন্য একটি খেলায় কিন্তু এই ম্যাকব্রায়ান ঠিকই কীর্তিমান। ছিলেন ১৯২০ অলিম্পিকে হকিতে সোনাজয়ী গ্রেট ব্রিটেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু হকিটা ছিল তাঁর শখ। যে খেলা ছিল মনপ্রাণজুড়ে, সেই ক্রিকেটে তাঁর মূল পরিচয়—ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা! আরিফুল ইসলাম