সবচেয়ে প্রাচীন মৃৎশিল্পের নিদর্শন আবিষ্কার!
চীনের দক্ষিণাঞ্চলের জিয়াংজি প্রদেশে মাটি খুঁড়ে প্রায় ২০ হাজার বছর পুরোনো মাটির পাত্র উদ্ধার করেছেন যুক্তরাষ্ট্রের প্রত্নতাত্ত্বিকেরা। জিয়ানরেনদং কেভ থেকে ওই পাত্রের কয়েকটি খণ্ড আবিষ্কার করেন তাঁরা। গবেষকদের মতে, এটাই বিশ্বের সবচেয়ে প্রাচীন মাটির পাত্র।বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্স’-এ প্রকাশিত এক নিবন্ধে এ তথ্য তুলে ধরা হয়। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, এ মাটির পাত্রটি আসলে বড় একটি কড়াই। এটি খাবার রান্না বা মদ তৈরির জন্য ব্যবহার করা হতো। তাঁরা বলছেন, পাত্রটির উচ্চতা ২০ সেন্টিমিটার ও ব্যাস ১৫ থেকে ২৫ সেন্টিমিটার।হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওফার বার ইওসেফ জানান, এসব মাটির কড়াইয়ে রান্না করা খাবার থেকে সে যুগের মানুষ বেশি পুষ্টি পেত। ২০ হাজার বছর আগে মানুষ প্রাচীন এই কড়াইয়ে কী রান্না করত, তা জানতে আগ্রহী তিনি। তাঁর ধারণা, পানি দিয়ে কোনো খাবার রান্না করার জন্য এ ধরনের বড় পাত্র ব্যবহার করা হতো।এখন পর্যন্ত বেশির ভাগ মানুষ মনে করেন যে মানুষ কৃষিকাজ শুরু করার পর থেকে মাটির পাত্রের ব্যবহার শুরু। ওই সময় থেকে মানুষ এক জায়গা দীর্ঘ মেয়াদে থাকতে শুরু করে। প্রত্নতাত্ত্বিকদের তথ্যমতে, এর আগে সর্বশেষ আবিষ্কৃত প্রাচীন মাটির পাত্রটি ১০ হাজার বছর পুরোনো ছিল। গত ১০ বছরে আবিষ্কৃত মৃৎশিল্পের নিদর্শন কৃষি যুগের আগের বলে জানান হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিদেওন শেলাক।