সবচেয়ে বেশি পীড়াদায়ক লাইন ধরে গোসল করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনেক ছেলেরা একসঙ্গে থাকি, এর আনন্দই আলাদা। তেমন কোনো বিড়ম্বনায় পড়তে হয় না। তবে সমস্যা হলো, সকালে লাইন দিয়ে টয়লেটে যাওয়া নিয়ে। তা ছাড়া বাড়ির পরিবেশের চেয়ে অনেকটা আলাদা হওয়ায় অনেক সময় বড় ভাইয়েরা একটু খরবদারি করতে চান। সবচেয়ে বেশি পীড়াদায়ক লাইন ধরে গোসল করা।’ নগরের শিতলাখোলা মাহমুদা মেসের নিবাসী সরকারি ব্রজমোহন কলেজের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র মাদারীপুর জেলার সুব্রত গাইন এভাবেই তাঁর মেস জীবনের কাহিনি বর্ণনা করেন। এখানে টিনশেড ও দালান মিলে তাঁরা ৪০ জন একসঙ্গে থাকেন। একই ধরনের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র ভোলার শুভ ঘোষ, বাকেরগঞ্জ উপজেলার দুলাল সিকদার, ব্রজমোহন কলেজের অর্থনীতি তৃতীয় বর্ষের ছাত্র পটুয়াখালীর সুমন দাসসহ একাধিক মেসের নিবাসী।নগরের নতুন বাজার পাবলিক স্কুল সড়কের ড্রিম মেসে ২৫ জন ছাত্র থাকেন। এখানে রান্নার ব্যবস্থা না থাকায় নিবাসীদের হোটেলে গিয়ে খেয়ে আসতে হয়। ফলে খরচের পরিমাণ অনেক বেড়ে যায় তাঁদের। মেস-নিবাসী অমৃত লাল দে মহাবিদ্যালয়ের ছাত্র পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাকিবুজ্জামান বলেন, ‘একসময় এখানে বুয়া রেখে রান্না হতো। মেস-মালিক কাঠ দিয়ে রান্না করতে নিষেধ করায় এখন হোটেলে গিয়ে খেতে হয়। এতে অতিরিক্ত খরচ পড়ে যায়। বাড়ি থেকে যে টাকা আসে, তা দিয়ে খরচ সংকুলান হয় না। তাই টিউশনি করতে হয়। এ মেসের একটি সিটের ভাড়া ৬০০ টাকা। সিঙ্গেল সিটের জন্য দিতে হয় ৮০০ টাকা।’নগরের ছোবাহান মিয়ার পোল এলাকায় নাছিরের মেসে থাকে ১০০ জন ছাত্র। মেস-নিবাসী ব্রজমোহন কলেজের সমাজকল্যাণ তৃতীয় বর্ষের ছাত্র গৌরনদী উপজেলার অসীম হাওলাদার বলেন, ‘মেস-জীবন তো বাড়ির মতো হবে না। অনেক সমস্যা নিয়েই থাকতে হয়। এই মেস-নিবাসীদের জন্য একটি মাত্র টিউবওয়েল থাকায় গোসল করতে সমস্যা হয়। অনেক সময় ভিড় সামলে গোসল করা হয়ে ওঠে না। সকালের গোসল রাতেও করতে হয়। একই সমস্যা রয়েছে টয়লেটেও।’ঝামেলা হলেও ভাড়া একটু বেশি: ‘বাড়ির ছাদে লাল দাগ টেনে দেওয়া আছে। ওই দাগের ওপাশে মেয়েরা যেতে পারবে না। সন্ধ্যার পর এবং মা-বাবার অনুমতি ছাড়া মেসের বাইরে রাত যাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ।’ এসব কথা বলেন ব্রজমোহন কলেজের সামনে থাকা আইনুন ভিলার মেসের মালিক মো. মারুফ মোর্শেদ। তিনি বলেন, ‘মেয়েদের মেস দেওয়া সবচেয়ে বেশি ঝামেলার। ওদের নিরাপত্তা ও আনুষঙ্গিক অন্য বিষয় দেখাশোনা করা খুবই কঠিন কাজ। তার পরও ফ্যামিলি বাসার চেয়ে আয় বেশি হওয়ায় ছাত্রীদের মেস ভাড়া দিই। কলেজগুলোর আবাসন ব্যবস্থা নেই। সে ক্ষেত্রে আমি কিছুটা হলেও সহযোগিতা করছি বলেই আমার বিশ্বাস। আমি মনে করি, একদিকে আমি আয় করছি ঠিকই, অন্যদিকে সেবাও করছি। বরিশাল শহরে হাজার হাজার ছাত্রী মেসে থেকে লেখাপড়া করছে। অনেকগুলোর বিরুদ্ধে বদনাম থাকলেও আমার এই মেস সম্পর্কে কোনো বদনাম নেই। নানা অভিযোগে আমি এখান থেকে ১০ জন ছাত্রীকে বিদায় করে দিয়েছি। নৈতিকতাবিরোধী কোনো কাজে জড়িত হওয়ার প্রমাণ পেলে তাদের মেস থেকে বিদায় করে দেওয়া হয়।’