সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে রাজশাহী শিক্ষা বোর্ডে, হার ৮৫.৬১
এসএসসি পরীক্ষায় এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার দেশের মধ্যে সর্বোচ্চ, যা এই বোর্ড প্রতিষ্ঠার ৪৮ বছরের মধ্যেও প্রথম। প্রথমবারের মতো বোর্ডের শতভাগ বিদ্যালয় থেকে শিক্ষার্থী পাস করেছে। শতভাগ পাসের বিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে। বোর্ড কর্তৃপক্ষ এ সাফল্যকে যুগান্তকারী হিসেবে উল্লেখ করেছে।রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৮৫ দশমিক ৬১ শতাংশ। বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৫৬৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ছয় হাজার ২৪৮ জন এবং ছাত্রী চার হাজার ৩২০ জন। পাসের হার ছাত্রদের ৮৫ দশমিক ৬২ এবং ছাত্রীদের ৮৫ দশমিক ৬০ শতাংশ।এই বোর্ডে আটটি জেলার দুই হাজার ৩৫৭টি বিদ্যালয়ের মোট এক লাখ ৩৩ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে ছাত্র ৭০ হাজার ৮৪ ও ছাত্রী ৬৩ হাজার ৮১১ জন।ফলাফলে বিজ্ঞান বিভাগে ৯০ দশমিক ৩৬, বাণিজ্য বিভাগে ৮৭ দশমিক ৪৯ ও মানবিক বিভাগে ৮২ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অন্য বছরের তুলনায় এ বছর পাসের হার বাড়ার পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। আগের তুলনায় এ বছর এক হাজার ৯১২ জন শিক্ষার্থী বেশি জিপিএ-৫ পেয়েছে। রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৌহিদ আরা বলেন, ‘পড়ালেখার মান বেড়েছে। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ ও পড়ার টেবিলমুখী হয়েছে। শিক্ষকেরাও আগের চেয়ে বেশি যত্নবান হয়েছেন। এ জন্যই ভালো ফল হয়েছে বলে আমি মনে করি।’রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দীপকেন্দ্র নাথ দাস ফলকে যুগান্তকারী উল্লেখ করে বলেন, ‘আমি এই ভালো ফলের প্রত্যাশায় আন্তরিকভাবে কাজ করেছি। শতাধিক বিদ্যালয়ে সরাসরি গিয়েছি। শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। সমস্যার কথা জেনেছি এবং দিকনির্দেশনা দিয়েছি। ইংরেজি ও গণিত বিষয়ে আরও বেশি দেখভাল করার জন্য শিক্ষকদের তাগিদ দিয়েছি।’