সবচেয়ে মর্যাদাপূর্ণ বৃত্তিটি এখন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষার বিশ্বকোষ ‘বাংলাপিডিয়া’য় বৃত্তিটি সম্পর্কে বলা আছে, ‘সম্মানের দিক বিবেচনায় সূচনালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আকাঙ্ক্ষিত বৃত্তি ‘রাজা কালি নারায়ণ বৃত্তি’। বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র বা ছাত্রী এই বৃত্তি পেতেন, তাঁকে সবাই মেধাবীদের মেধাবী হিসেবে চিনতেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ওই বৃত্তি সম্পর্কে কিছুই জানেন না এ প্রজন্মের শিক্ষার্থীরা। কারণ, দীর্ঘ দেড় যুগ থেকে বৃত্তিটি বন্ধ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে স্নাতক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ ও বিভাগ মিলিয়ে সবচেয়ে বেশি নম্বর পাওয়া শিক্ষার্থীকে ওই বৃত্তি দেওয়া হতো। সর্বশেষ ১৯৯৩ সালের পরীক্ষার জন্য (১৯৯৭ সালে) ৫০ টাকা (প্রতি মাসে) মূল্যমানের ওই বৃত্তি দেওয়া হয়েছে। গণিত বিভাগের ছাত্র মো. মনসুরুর রহমান সর্বশেষ ওই বৃত্তি লাভ করেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তহবিলস্বল্পতা, বৃত্তিটি প্রদানে নীতিমালায় পরিবর্তন না আনা, আর্থিক মূল্যমান কমে যাওয়া, পরীক্ষাপদ্ধতির পরিবর্তন, একেক অনুষদে একেকভাবে ফলাফল প্রকাশ, একসঙ্গে সব বিভাগের পরীক্ষা শেষ না হওয়া—এসব জটিলতার কারণে বৃত্তিটি বন্ধ হয়ে আছে। এ ছাড়া একসময় ৫০ টাকার এই বৃত্তিই ছিল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বৃত্তি। কিন্তু কালক্রমে টাকার অবমূল্যায়ন হতে হতে এখন ৫০ টাকার বৃত্তি দিতে বিশ্ববিদ্যালয়ই সংকোচ বোধ করে। বৃত্তিটি বন্ধ হয়ে থাকার এটিও একটি কারণ।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, রাজা কালি নারায়ণের কোনো উত্তরসূরিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুঁজে পাচ্ছে না। কেউ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগও করেননি। এ কারণে তহবিলও বাড়ানো যাচ্ছে না। তবে বিকল্পভাবে ওই তহবিল বাড়ানোর চিন্তা চলছে।বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমান প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত যাঁরা এ বৃত্তিটি পেয়েছেন, তাঁদের সবাই এখন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাঁদের সবার বর্তমান ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। সেটি করার পর সবাইকে আমন্ত্রণ জানিয়ে এ তহবিলে সহায়তা করার আহ্বান জানানো হবে।১৯৬৬ সালে এ বৃত্তি পেয়েছিলেন সে সময়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র মাহবুব হোসেন খান। তিনি পদার্থবিদ্যায় ৭৪ শতাংশ, সহবিষয়ে (সাবসিডিয়ারি) ৭৬ শতাংশ এবং গণিতে ৯২ শতাংশ নম্বর পেয়ে ওই বৃত্তি লাভ করেন। বর্তমানে ইংরেজি দৈনিক নিউজ টুডে পত্রিকার নির্বাহী সম্পাদক তিনি।মাহবুব হোসেন খান প্রথম আলোকে বলেন, এ বৃত্তি ছিল বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সম্মানজনক অর্জন। যিনি এ বৃত্তি পেতেন, তাঁকে সবাই একনামে চিনত। এটি ফের চালু করা দরকার। কারণ, এ ধরনের বৃত্তি থাকলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও পড়ালেখার প্রতি আগ্রহ আরও বাড়বে। এখন গ্রেডিং পদ্ধতিতে সবাই প্রায় সমান। কিন্তু তার পরও এ ধরনের একটি প্রতিযোগিতার ব্যবস্থা থাকলে ভালো হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুরুতে এ বৃত্তি দেওয়া হতো ঢাকা কলেজে। ভাওয়াল রাজা কালি নারায়ণের ছেলে রাজা রাজেন্দ্র নারায়ণ রায় (মৃত্যু ১৯০১) তাঁর বাবার (কালি নারায়ণ) নামে ছয় হাজার টাকার একটি ট্রাস্ট গঠন করেন ঢাকা কলেজে। ঢাকা কলেজ থেকে প্রতিবছর বি এ পরীক্ষায় যিনি প্রথম হতেন (এবং একই কলেজে এম এ ভর্তি হতেন), তাঁকে এই ট্রাস্ট থেকে বৃত্তি দেওয়া হতো।১৯২১ সালে প্রতিষ্ঠার পর বৃত্তিটি ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। প্রথম বছর পুরোনো নিয়মের ভিত্তিতে বি এ পরীক্ষায় প্রথম হওয়া ছাত্রকে ওই বৃত্তি দেওয়া হয়। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ১৯২২ ও ১৯২৩ সালে এই তহবিল থেকে মাসিক ২০ টাকা হারে দুটি করে বৃত্তি দেওয়া হয়। বিএ ও বিএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকারীরা ওই বৃত্তি লাভ করেন।১৯২৫ সালে আবারও এ নিয়মে পরিবর্তন আনা হয়। যে ছাত্র স্নাতক পর্যায়ে প্রতিবছর সবচেয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল করবেন, তাঁকে ওই বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। ১৯২৮ সালে নিয়ম করা হয়, যে ছাত্র স্নাতক সম্মানে প্রথম শ্রেণীতে প্রথম হবেন এবং সর্বোচ্চ নম্বর পাবেন, তাঁকে ওই বৃত্তি দেওয়া হবে (সাবসিডিয়ারির নম্বরও এতে যোগ করা হবে)। ১৯৬৯ সাল পর্যন্ত এ নিয়মেই বৃত্তিটি দেওয়া হতো। ওই বছর এর সঙ্গে একটি শর্ত জুড়ে দেওয়া হয়, তা হলো, ভর্তি হওয়ার টানা তিন বছরের মধ্যে ওই ছাত্রকে স্নাতক শেষ করতে হবে।১৯৮৬ সালে এ বৃত্তির টাকার পরিমাণ ৫০ টাকায় উন্নীত করা হয়। ১৯৯০ সালে আরেকটি সংশোধনী আনা হয়। এখানে বলা হয়, স্নাতকে প্রথম শ্রেণী পেয়ে সম্মানের সব বিষয় এবং সাবসিডিয়ারি দুটোতেই যে ছাত্র সর্বোচ্চ নম্বর পাবেন এবং প্রথম বর্ষে ভর্তি হওয়ার তিন বছরের মধ্যে স্নাতক শেষ করবেন, তাঁকে এই বৃত্তি দেওয়া হবে। সম্মানে মোট নম্বর হবে ৯০০ এবং সাবসিডিয়ারির নম্বর ৬০০।বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি তিন থেকে চার বছর করা হয়েছে। উঠে গেছে সাবসিডিয়ারি। কিন্তু রাজা কালি নারায়ণ বৃত্তি দেওয়ার নিয়মের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনেনি কর্তৃপক্ষ। এখন বৃত্তিটি দেওয়ার ক্ষেত্রে এটি সবচেয়ে বড় বাধা বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, কিছু জটিলতার কারণে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সম্মানজনক এই বৃত্তি দেওয়া বন্ধ আছে। টাকার স্বল্পতার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি একটি ট্রাস্টের মাধ্যমে চলে। বহু প্রাচীন এ বৃত্তির ট্রাস্টি বা তাদের পরিবার-পরিজনকে খুঁজে পাওয়া এখন মুশকিল। এ ছাড়া কিছু আইনি বিষয় আছে, এসব দেখে কর্তৃপক্ষ বৃত্তিটি পুনরায় চালু করার চেষ্টা করছে।