সবজি, মাছ ও মাংসের বাজার বেজায় চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরিতরকারি আর মাছ-মাংসের দাম এমনিতেই চড়া। কয়েক দিনের টানা বৃষ্টিতে পচে গেছে অনেক সবজি। আর গত দুই দিনের হরতালে ঠিকমতো ঢাকায় আসতে পারেনি এসব পণ্য। এর সঙ্গে যোগ হয়েছে ৩০ ঘণ্টার হরতালের অজুহাত। সব মিলিয়ে কাঁচাবাজারে যেন আগুন লেগেছে।সবজির দাম বাড়ার কারণ হিসেবে টানা বর্ষণকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা। তাঁরা বলছেন, বৃষ্টিতে একদিকে সবজির উৎপাদন ব্যাহত হয়েছে, অন্যদিকে মজুদ থাকা বেশ কিছু সবজি পচে গেছে। হরতালের কারণেও পণ্য ঢাকায় আসতে পারেনি। তবে মাছ-মাংসের দাম বাড়ার ক্ষেত্রে হরতালকেই পুরোপুরি দায়ী করা হচ্ছে। হরতালে পণ্যবোঝাই ট্রাক ঢাকায় আসতে না পারায় সরবরাহে ঘাটতি দেখা দেয়। এতে দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।আজ রোববার ও কাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডেকেছে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল। আগের হরতালের কথা বিবেচনায় রেখে এবার আগেই দাম বাড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা। এ কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে আরেক দফা।সবজির দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত: গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজার ও হাতিরপুল কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহে তরিতরকারির দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। কাঁচাবাজার দুটিতে কেজিপ্রতি আলু ১৩ থেকে ১৮ টাকা, কাঁকরোল ৩০ থেকে ৪০, পটোল ৩৫ থেকে ৫০, ঝিঙে ৩০ থেকে ৪৫, ঢ্যাঁড়স ৩৫ থেকে ৪০, টমেটো ৮০ থেকে ৯৫, বরবটি ৪০ থেকে ৫০, মুলা ৩০ থেকে ৪০, মরিচ ৫০ থেকে ৬৫, শসা ২০ থেকে ৩০, ধনেপাতা ১৫০ থেকে ১৮০ ও গাজর ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪৫ এবং বিদেশি পেঁয়াজ ২৬ থেকে ৪০ টাকায়। গত এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে অন্তত পাঁচ টাকা। করলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। গত সপ্তাহে এ করলা বিক্রি হয়েছিল ৪০ টাকায়। প্রকারভেদে বেগুন বিক্রি হচ্ছে ২৪ থেকে ৫০ টাকায়। এক হালি লেবুর দাম এখন ১৫ থেকে ২০ টাকা। হাতিরপুল কাঁচাবাজারের সবজি বিক্রেতা শুক্কুর আলী বলেন, ‘মাল যদি গ্রাম দেশেত্যে না আহে, তাইলে দাম তো বাড়বই। হরতাল গেল, বৃষ্টি হইল, মাল তো আইতে পারে নাই।’তবে এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মো. খলিল বলেন, ‘হরতাল কন আর ধর্মঘট কন, কারওয়ান বাজারে মাল আসা বন্ধ হয় না। সবজির দাম বাড়ছে বৃষ্টির কারণে।’বাজারে বিভিন্ন ধরনের শাকের দামও বেড়েছে। কেজিপ্রতি লালশাক ৩০ থেকে ৪০ টাকা ও পুঁইশাকের দাম ১৫ থেকে ২৫ টাকা কেজি। আঁটিপ্রতি কলমি তিন থেকে পাঁচ টাকা ও ডাঁটাশাক ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে।সরকারের একজন পদস্থ কর্মকর্তা গতকাল বাজার করতে কারওয়ান বাজারে আসেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, কারওয়ান বাজারে দুই আঁটি শাক যদি ২০ টাকায় কিনতে হয়, তাহলে অন্য বাজারের অবস্থা তো ভয়াবহ।মাছের বাজার চড়া: খুচরা বাজারে ১০০ টাকার নিচে কোনো মাছই নেই। পাইকারি বাজারের চেয়ে ক্ষেত্রবিশেষে ১০০ টাকা বেশি দামে মাছ বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। গত ১০ দিনে কোনো কোনো মাছের দাম ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।কারওয়ান বাজারে খুচরা বিক্রেতারাই মাছ বিক্রি করছেন বেশি দামে। এ বাজারে কেজিপ্রতি পাঙাশ ১০০, তেলাপিয়া ১০০ থেকে ১২০, নলা ১৪০ থেকে ১৬০, কাঁচকি ২৬০ থেকে ২৮০, ছোট পুঁটি ১৩০ থেকে ১৫০, সরপুঁটি ২০০ থেকে ২৩০, রুই ২৩০, কাতলা ২৫০ থেকে ২৭০, মাগুর ৫৫০ থেকে ৬০০, টাকি ১৫০ থেকে ১৮০, বোয়াল ২২০ থেকে ২৫০ এবং ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার টাকায়। ছোট, মাঝারি ও বড় কইয়ের দাম ২২০, ২৪০ ও ২৫০ থেকে ২৮০ টাকা।হাতিরপুল কাঁচাবাজারে কেজিপ্রতি পাঙাশ ১২০, তেলাপিয়া ১৩০, নলা ১৮০ থেকে ২০০, কাঁচকি ৩০০, ছোট পুঁটি ১৫০ থেকে ১৮০, সরপুঁটি ২২০ থেকে ২৫০, রুই ২৫০, কাতলা ২৫০ থেকে ২৮০, মাগুর ৭০০ থেকে ৭৫০, টাকি ২০০, বোয়াল ২৫০, ইলিশ ১১০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হয়। ছোট, মাঝারি ও বড় কইয়ের দাম ২২০, ২৫০ ও ৩০০ টাকায়। এ ছাড়া কাঁচকি বিক্রি হয় ‘ভাগা’ হিসেবে। প্রতি ভাগার দাম ১৫ থেকে ২০ টাকা।ইচ্ছামতো দামে মাংস বিক্রি: কারওয়ান বাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম ২৫০ থেকে ২৬০ টাকা। হাতিরপুলে তা বিক্রি হচ্ছে ২৮০ টাকা পর্যন্ত। আর দুটি বাজারেই খাসির মাংস বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৩০ টাকা পর্যন্ত।মুরগির দামও বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি ১৪৫ ও দেশি মুরগি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর হাতিরপুল বাজারে এর দাম ১৫৫ এবং ২৬০ থেকে ২৭০ টাকা।মুরগি বিক্রেতা হারুন অর রশিদ বলেন, ‘কাপ্তানবাজার থেকে মাল আনি। সেখানে মুরগি কম। তাই দাম একটু বাড়ছে।’ কাপ্তানবাজারে মুরগির সংকট কেন জানতে চাইলে তিনি হরতালে ট্রাক আসতে না পারার কথা জানান। এ ছাড়া ডিম প্রতি হালি ২৯ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ডিমের দাম ছিল হালিপ্রতি ২৮ টাকা।