সবজি চাষে হাওর হাসে
একসময় একফসলি জমি আর হাওরের মাছই ছিল তাদের একমাত্র ভরসা। বোরো ধান তোলার পর জমির প্রয়োজন ফুরাত। তখন হাওরের মাছ ছাড়া জীবিকার কোনো পথ থাকত না। কিন্তু হাওরে এখন এমন মাছ নেই, যা গরিব কৃষকদের চাহিদা মেটাবে। কাজেই তারা বাধ্য হয়ে কাজের খোঁজে গ্রামে গ্রামে ঘুরত। দিনমজুরিসহ কায়িক শ্রম দিয়ে দু-পয়সা আয় করে স্বজনদের নিয়ে কোনো রকমে পেট চালাত। বছরচারেক আগে যখন তারা একফসলি জমির বহু ব্যবহারের কৌশল শিখল, ধানের জমিতে সবজি চাষ করে সুফল পেল, তখন অনেকটাই ঘুচে গেল তাদের অভাব-অনটন। এভাবে সবজি চাষে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদের মুখে ফুটল হাসি।দেখে দেখে শেখা: ২০০৫ সালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আনোয়ারপুর গ্রামে একফসলি জমিতে সবজি চাষ শুরু হয়। আনোয়ারপুরের সবজি চাষিরা জানায়, কাজের সন্ধানে গ্রামের মানুষ কিশোরগঞ্জ শহরে যাতায়াত করার সময় শহরের নিকটবর্তী গ্রামাঞ্চলে সবজির খেত দেখত। তাদের চোখের সামনে এলাকার সবজি চাষিরা খেতে সবজির চারা ও বীজ বুনত। সে চারাগাছ বড় হয়ে সবজি ধরত। এভাবে দেখে দেখে ধানের জমিতে সবজি চাষের উত্সাহ পায় তারা। গ্রামের কয়েকজন কৃষক পরীক্ষামূলকভাবে ধান তোলার পর খেতে সবজি চাষ করে। তাঁরা হলেন শামসুদ্দিন, করিম উদ্দিন, লায়েস আলী, শহীদুল, সৈয়দ মিয়া, রেহানা খাতুন প্রমুখ। প্রথম দুই বছরে আশানুরূপ ফল পাওয়া যায়নি। ২০০৭ সালে চাষিরা মিলে গঠন করেন ‘গ্রামভিত্তিক সবজি উত্পাদন সমিতি’।সমিতির সভাপতি হারেছ মিয়া জানান, সবজির চাষে চাষিরা আশানুরূপ ফল না পেয়ে সবাই মিলে বৈঠক করে এই সমিতি গঠন করে। সবজি চাষে কৃষকদের সাফল্য নিশ্চিত করাই সমিতির মূল লক্ষ্য। সমিতির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন জানান, সমিতি গঠনের পর একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তিনি সবজি চাষের ওপর ৪০ দিনের কারিগরি প্রশিক্ষণ নেন। পরে এই জ্ঞান ও অভিজ্ঞতা তিনি গ্রামের সবজি চাষিদের মধ্যে বিতরণ করেন। এতে তাঁরা উপকৃত হন। সবজি চাষে আসে কাঙ্ক্ষিত সাফল্য। এখন সমিতির মাধ্যমে গ্রামের অনেক চাষি সবজি বিক্রি করে বেশ আয় করছেন। আনোয়ারপুরে সবজি চাষে উন্নতি দেখে হাওরের গ্রাম কাজলা, কৃষ্টপুর, চন্দ্রপুর, গজারিয়া, তাড়াইল, মাগরি, বর্মা—এসব গ্রামেও সবজি চাষ শুরু হয়। সবজি উত্পাদন ছড়িয়ে পড়ে হাওরাঞ্চলের অন্যান্য উপজেলায়। চাষির মুখে ফুটল হাসি: সম্প্রতি তাড়াইলের আনোয়ারপুর, মিঠামইনের রহমতপুর, ফুলপুর, ইটনার শিমুলবাগ গ্রাম ঘুরে শীতকালীন বিভিন্ন সবজির আবাদ দেখা যায়। একফসলি ক্ষেতের বদনাম ঘুচিয়ে সবজি চাষিরা এখন মরিচ, টমেটো, বেগুন, মিষ্টি কুমড়া, ডাঁটা, মুলা, আলু, ক্ষীরা-শসা, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, ধনিয়াসহ বিভিন্ন ধরনের সবজি ও মসলার চাষ করছেন।আনোয়ারপুরের সবজি চাষি আলী আক্কাছ বলেন, হাওরে সবজির ব্যবসা দুই বছর ধরে জমে উঠেছে। এর আগে কাজ ছিল না। সেই কষ্টের কথা মনে পড়লে এখনো বুক ধড়াস করে ওঠে। আমার তিন মেয়ে ও দুই ছেলে পড়ালেখা করছে। সবজির আবাদ না থাকলে তাদের শহরের বাসায় কাজে পাঠানো লাগত। শিমুলবাগের আকলিমা আক্তার বলেন, সবজি চাষ তাঁদের জীবনে সচ্ছলতা এনে দিয়েছে। আগে একবেলা খাবার জোগাড় করাই যেখানে দায় হয়ে যেত, সেখানে এখন খাওয়া-পরা বাদেও সন্তানদের পড়াশোনার খরচ দিচ্ছেন তিনি।রহমতপুরের লুত্ফা বেগম সামান্য জমিতে সবজি চাষ করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনেছেন। এখন তাঁকে অন্যের বাড়িতে কাজ করতে হয় না। তাঁর তিন শিশুসন্তান পড়াশোনা করছে।সবজি চাষিরা জানান, হাওর থেকে পাইকাররা সবজি কিনে ঢাকার কারওয়ানবাজারে নিয়ে যান। প্রতি ট্রাকে ১০ থেকে ১৫ হাজার টাকা লাভ হয়। দুই থেকে আড়াই মাস সবজির পাইকারি ব্যবসা করে পাইকারদের সাড়ে তিন লাখ টাকার মতো আয় হয়।গ্রামে গ্রামে পসার: হাওরাঞ্চলে সবজির ব্যবসা এখন গ্রামে গ্রামে পসার লাভ করেছে। জেলার দুই শতাধিক গ্রামে সবজি চাষ হচ্ছে। ইটনার শিমুলবাগ গ্রামে ৩৮৯টি পরিবারের বাস। সমিতির মাধ্যমে হাওরে দুই বছর ধরে তারা সবজির চাষ করছে। গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. দানেশ আকন্দ ও কেওয়ারজোড় ইউপি সদস্য মেহরাজ বেগম জানান, হাওরে সবজি চাষ হয়—এ কথাটি শহরবাসীর যেমন জানা নেই, স্থানীয় কৃষি বিভাগও তা বোধ হয় জানে না। বাস্তব সত্য হচ্ছে, হাওরে নীরব সবজি বিপ্লব শুরু হয়েছে। শিমুলবাগ গ্রামের সবাই এখন সমিতির মাধ্যমে সবজি চাষ করে দুই বেলা খেতে পারছে। অনেকেই স্বাবলম্বী হয়েছে।শিমুলবাগ সবজি সমিতির সভাপতি মো. কফিল উদ্দিন ভূঁইয়া জানান, এ বছর তাঁদের গ্রামে এখন পর্যন্ত ৩৮ হাজার ৩২৪ কেজি সবজির উত্পাদন হয়েছে। এর মধ্যে আট হাজার ৩২৫ কেজি সবজি নিজেদের প্রয়োজন মিটিয়েছে। এক হাজার ১৬ কেজি আত্মীয়-স্বজনকে দেওয়া হয়েছে। বাকি ২৮ হাজার ৯৮৩ কেজি বিক্রয় করা হয়। এর মূল্য সাত লাখ ৬৬ হাজার ৪৮০ টাকা। এই টাকা গ্রামের পরিবারগুলোর মধ্যে আনুপাতিক হারে বণ্টন করে দেওয়া হয়েছে। মিঠামইনের ফুলপুর গ্রামের সমিতি সূত্রে জানা যায়, সেখানে রয়েছে ১০৯টি পরিবার। এবার তারা শুধু বাড়ির আঙিনায়ই গত তিন মাসে সবজি চাষ করে নয় হাজার ৬৬০ কেজি সবজি উত্পাদন করে। নিজেরা খেয়েছে তিন হাজার ১৪০ কেজি সবজি। বিক্রি করেছে ছয় হাজার ৪৬০ কেজি। এর মূল্য ৯৫ হাজার ৬০০ টাকা। রহমতপুর গ্রামে ১০২টি পরিবার সমিতিভুক্ত। বাড়ির আঙিনায় তারা এ বছর এ পর্যন্ত মোট আট হাজার ৬৫০ কেজি সবজি উত্পাদন করেছে। নিজেরা খেয়েছে চার হাজার ৪০০ কেজি। বিক্রি করেছে চার হাজার ২৫০ কেজি। সবজি বিক্রি করে তারা ৭৩ হাজার ৯০০ টাকা পেয়েছে। তাঁরা যা বলেন: তাড়াইলের দামিহা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর ভুঁইয়া বলেন, ‘হাওরে সবজি চাষ আমাদের বাপ-দাদারা দেখে যেতে পারেননি। পাঁচ বছর আগেও সবজি চাষ ছিল না। এখন এক গ্রামকে অনুসরণ করে অন্য গ্রামে সবজি চাষ হচ্ছে।’ মিঠামইনের কেওয়ারজোড় ইউপি চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন ভূঁইয়া বলেন, ‘হাওরে সবজি চাষ কৃষিক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে হাওরের উত্পাদিত সবজি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘হাওরে সবজি উত্পাদন অনেকটাই নীরব কৃষি বিপ্লব। গত সপ্তাহে মিঠামইন ও তাড়াইলের বিভিন্ন গ্রামে সবজি উত্পাদন দেখে ব্যক্তিগতভাবে আমি উত্সাহিত ও অনুপ্রাণিত। সত্যিকার অর্থেই হাওরের কৃষকেরা নিজেদের উদ্যোগে সবজি চাষ করে একফসলি জমিকে দুফসলি জমিতে পরিণত করার দৃষ্টান্ত স্থাপন করেছে। কৃষকেরাই যে সত্যিকার অর্থে দেশকে বদলে দিতে পারে, হাওরে সবজি চাষ তার প্রমাণ।