সবজি-ডিমের দাম কমেনি, ইলিশ না থাকায় বেড়েছে অন্য মাছের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাঁচাবাজারে শাকসবজির দাম কমেনি। ইলিশ মাছ না থাকায় অন্যান্য মাছের দাম বেড়েছে কেজিতে ২০-৫০ টাকা।এদিকে বাণিজ্য মন্ত্রণালয় দুই সপ্তাহ আগে ডিম ও ব্রয়লার মুরগি আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও ডিমের দাম স্বাভাবিক হয়নি। গত সপ্তাহের মতো গতকাল শুক্রবারও ফার্মের মুরগির প্রতি হালি ডিম বিক্রি হয়েছে ৩৮ টাকায়।গতকাল পুরান ঢাকার রায়সাহেব বাজার ও নয়াবাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি আলু ২৩ থেকে ২৪ টাকা, পটোল ২৫ থেকে ৩০, ঢ্যাঁড়স ৪০, পেঁপে ২০, শিম ১০০, শসা ৬০ থেকে ৭০, পুঁইশাক ২৫ থেকে ৩০, দেশি পেঁয়াজ ৩০ ও বিদেশি পেঁয়াজ ২৩ থেকে ২৫, করলা ৩০ থেকে ৪০, টমেটো ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক কিলোমিটারের কম দূরত্বের এই দুই বাজারেও দেখা গেছে সবজিভেদে দামের পার্থক্য। যেমন: নয়াবাজারে একটি ফুলকপি বা বাঁধাকপি ৫০ টাকায় বিক্রি হলেও রায়সাহেব বাজারে বিক্রেতা দামই চেয়েছেন ৩০ টাকা। কোনো কোনো বাজারে লালশাক ৩০ টাকা, মুলাশাক ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে।বিক্রেতারা জানান, গ্রীষ্মকালীন সবজি ফুরিয়ে আসছে, আবার শীতকালীন সবজি আসতে আরও কিছুদিন লাগবে। এ জন্য সবজির সরবরাহ প্রয়োজনের তুলনায় কম থাকায় দাম বেশি। বেলা ১১টার দিকে রায়সাহেব বাজারে ব্যাংকার শৈবাল সাহা বিরক্তি নিয়ে বলেন, ‘দু-একটি ছাড়া কোনো সবজিই ৪০ টাকার কমে কিনতে পারছি না। দাম কমার লক্ষণ নেই। এভাবে চললে তো মাসের শেষ সময় ধার করা ছাড়া উপায় থাকবে না।’ তিনি অভিযোগ করেন, সব বিক্রেতা প্রচুর তরকারি নিয়ে বসলেও দোহাই দিচ্ছেন, সরবরাহ কম।রায়সাহেব বাজারে প্রতি কেজি গরুর মাংস ২৮০ টাকা হলেও নয়াবাজারে ৩০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। খাসির মাংসের দাম ছিল ৪০০ টাকা কেজি।ইলিশ না থাকার প্রভাব: সরকার ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১৭টি জেলার বিভিন্ন উপজেলায় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে। এ সময়ে ইলিশ বাজারজাত, মজুদ ও বিক্রিও নিষিদ্ধ। এর প্রভাব পড়েছে মাছের বাজারে। অন্যান্য মাছের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ সুযোগে বিক্রেতারাও দাম বাড়িয়ে দিয়েছেন।নারিন্দা, নয়াবাজার, কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সব মাছের দামই কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। রায়সাহেব ও নয়াবাজারে প্রতি কেজি বিদেশি রুই ২৫০ টাকা, কাতল ২৫০ থেকে ৩০০, পাঙাশ ১১০ থেকে ১২০, তেলাপিয়া ১৮০ থেকে ২০০, কই ২০০, কাচকি ২৪০, শিং ৪০০, চাষ করা বোয়াল ২৪০ এবং মাঝারি আকারের চিংড়ি ৬০০ টাকায় বিক্রি হতে দেখা যায়।নয়াবাজারে কবির ইসলাম নামের এক ক্রেতা বলেন, ‘আধা ঘণ্টা ঘুরেও মাছ কিনতে পারিনি। পাঙাশ ছাড়া সব মাছের দাম বাড়তি।’ রায়সাহেব বাজারে এক বিক্রেতাকে ইলিশ বিক্রি করতে দেখা যায়। তিনি প্রায় মাঝারি সাইজের এক জোড়া ইলিশের দাম হাঁকেন এক হাজার ১০০ টাকা।ডিমের দাম কমেনি: গত সপ্তাহের মতো গতকালও সব বাজারেই ফার্মের মুরগির ডিমের হালি ছিল ৩৮ টাকা। তবে মহল্লার দোকানগুলোতে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়। এলাকাভেদে হাঁসের ডিমের হালি ৪২ থেকে ৪৫ টাকা।ব্রয়লার মুরগি বাজারভেদে প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হতে দেখা যায়।