সবজি বিক্রেতার ক্ষোভ থেকে আরব বিক্ষোভ! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশি দিনের কথা নয়। এক বছর আগে তিউনিসিয়ার রাস্তায় একজন সবজি বিক্রেতা মোহাম্মদ বাইজিজি গায়ে আগুন দেন। প্রকাশ্য আত্মহত্যা করেন তিনি। এভাবে আত্মহত্যা করে তিউনিসিয়ার অধিবাসীদের তিনি বোঝাতে চেয়েছিলেন ভাগ্যের পরিবর্তন করতে চাইলে তাঁদেরকে স্বাধীন হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। বাইজিজি তিউনিসিয়ার অধিবাসীদের হূদয়ে নাড়া দিতে পেরেছিলেন। আর তাই ধীরে ধীরে তিউনিসিয়ায় পরিবর্তনের ছোঁয়া আসতে থাকে। দুর্নীতির বিরুদ্ধে জনগণ জেগে উঠতে থাকে। শুধু তিউনিসিয়া নয়, এ ঘটনাকে কেন্দ্র করে আরবের রাজনৈতিক ইতিহাসে পরিবর্তনের ধারা বইতে শুরু করে।বাইজিজি ছিলেন খুব সাধারণ এক পরিবারের ছেলে। সবজি বিক্রি করে পেট চালাতেন। তিউনিসিয়ার অধিবাসীরা উপকূল অঞ্চলে বসবাস করতেন। তারা দেশটির কেন্দ্র ও দক্ষিণাঞ্চল সম্পর্কে তেমন খোঁজখবর রাখতেন না। কিন্তু দক্ষিণাঞ্চল থেকেই উত্তরাঞ্চল ও কেন্দ্র নিয়ন্ত্রিত হতো। বাইজিজিই প্রথম উত্তরাঞ্চলের বঞ্চিত জনগণের মনে নাড়া দেন। লড়াই করার প্রেরণা জাগান। আর সেখান থেকেই দেশটিতে আসে জাগরণ। জনগণের বিক্ষোভ, বিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট বিন আলী। ক্ষমতায় থাকাকালে যিনি দুর্নীতির পাহাড় গড়েছিলেন তিনি।বাইজিজিকে কেউ ভোলেনি। তিউনিসিয়ার ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিউনিসিয়ার অধিবাসীরা শ্রদ্ধাভরে বাইজিজির নাম উচ্চারণ করে। দেশটির বেশ কয়েকটি সড়ক ও শহরের নাম বাইজিজির নামে রাখা হয়েছে।তিউনিসিয়ার এ জাগরণই পরে ছড়িয়ে পড়ে মিসর, লিবিয়া ও ইয়েমেনে। বিক্ষোভের মুখে পতন হয় মোবারক, গাদ্দাফি ও সালেহর। বলা যেতে পারে পুরো আরব বিশ্বেই এখন বসন্তের ছোঁয়া। যেন জেগে উঠেছে আরববাসী।আরববাসী এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চায়, চায় তাদের স্বাধীনভাবে কথা বলতে। আর এ পরিবর্তনের সূচনা হয়েছিল বাইজিজির সবজির ঝুড়ি থেকেই।