সবজিতে হৃদরোগের ঝুঁকি কমে

মাছ ও মাংস ছেড়ে সবজি খেলে হৃদরোগের ঝুঁকি বেশ কমে যায়। সাম্প্রতিক এক গবেষণার ফলাফলের বরাত দিয়ে গতকাল বুধবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক যুক্তরাজ্য ও স্কটল্যান্ডের ৪৪ হাজার ৫০০ ব্যক্তির ওপর এই গবেষণা পরিচালনা করেছেন। গবেষকেরা ১৫ হাজার ১০০ জন নিরামিষভোজী ও ২৯ হাজার ৪০০ জন আমিষভোজী ব্যক্তির তথ্য বিশ্লেষণ করেন। ‘আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন’-এ এই গবেষণাবিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে।গবেষণার ফলাফলের ভিত্তিতে গবেষকেরা দাবি করেন, মাছ ও মাংসের পরিবর্তে যাঁরা সবজি খান, তাঁদের হৃদরোগে আক্রান্ত হওয়া বা চিকিৎসা নেওয়ার হার ৩২ শতাংশ কম। বর্তমান সময়ে সারা বিশ্বে হৃদরোগ এবং এ কারণে মৃত্যুর হার বেড়ে গেছে। প্রতিবছর যুক্তরাজ্যে ৯৪ হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যান।