সবজির দাম চড়া, কাটেনি দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা কয়েক দিনের বৃষ্টির পর শুক্রবার সূর্য উঁকি দেওয়ায় দুর্ভোগের হাত থেকে রেহাই পেয়েছিলেন কাঁচাবাজারে আসা ক্রেতারা। তবে গতকাল শনিবার সকালের বৃষ্টিতে ক্রেতারা আবারও দুর্ভোগে পড়েন।এ সময়ের মধ্যে অবশ্য সবজির দাম সামান্য কমেছে। তবে এরই মধ্যে সবজির দাম এতটাই বেড়েছিল যে সামান্য কমাও স্বস্তি ফেরাতে পারেনি নির্দিষ্ট আয়ের মানুষকে। বলা যায়, সবজির বাজার এখনো চড়া।বাজার ঘুরে দেখা গেছে, অনেক সবজির দামই বিক্রেতারা গতকাল কিছুটা কমিয়ে দিয়েছেন। আলু, পেঁপে, কাঁকরোল, পটোল, শসা, রসুন কম দামে বিক্রি হয়েছে। তবে এখনো ব্যতিক্রম কাঁচা মরিচ। পণ্যটির ঝাল যেন আরও বেড়েছে। ধনেপাতা, পুদিনাপাতা আর পেঁয়াজও বিক্রি হয়েছে বেশি দামে।বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বাজারে সবজির তেমন সরবরাহ নেই। ফলে তাঁদেরই বেশি দামে আড়ত থেকে সবজি কিনতে হচ্ছে। আর তা পুষিয়ে নিতে বেশি দামে বিক্রি করছেন তাঁরা।আড়তদারেরাও দিচ্ছেন অজুহাত। তাঁদের বক্তব্য, টানা বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চল থেকে সবজি আসতে পারছে না। কয়েক দিন মানিকগঞ্জ আর নরসিংদীর সবজি দিয়ে সরবরাহ ঠিক রাখার চেষ্টা করা হলেও সড়কব্যবস্থা ভালো না থাকার কারণে গাড়ি আসতে না পারায় আবারও সরবরাহ-সংকট দেখা দিয়েছে।তবে এই অজুহাত মানতে রাজি নন ক্রেতারা। তাঁরা বলছেন, সারা বছরই বিক্রেতাদের এমন কিছু না-কিছু অজুহাত থাকে। দাম বাড়ানোর জন্যই বিক্রেতারা এমন অজুহাত দেখান।গতকাল রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, হাতিরপুল, পলাশী ও কারওয়ান বাজারের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলু ১৫ থেকে ১৬ টাকা, টমেটো ৭০, ঢ্যাঁড়স ৩৫ থেকে ৪০, বেগুন মানভেদে ৩৫ থেকে ৫০, শসা ৩৫ থেকে ৪০, পটোল ২৫ থেকে ৩০, পেঁপে ২০, কচুমুখি ২৫ থেকে ৩০, ঝিঙে ৩০, ধুন্ধুল ৩৫, মিষ্টিকুমড়া ২০ ও জালিকুমড়া ১৫ টাকায় বিক্রি হচ্ছে।গাজরের দামটা একটু বেশি, কেজি ৫০ টাকা। আর গন্ধলেবুর হালি ২০ টাকা। কাঁকরোল কেউ বিক্রি করছেন ৩০, কেউ করছেন ৪০ টাকায়। বাজারে মাঝারি ও বড়—দুই ধরনের লাউ বিক্রি হচ্ছে। মাঝারি আকারের লাউ ২০ আর বড় লাউ ৩৫ টাকা।সবজির মধ্যে কাঁচা মরিচের ঝাল সবচেয়ে বেশি। এ পণ্যটি বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। বিক্রেতারা সর্বোচ্চ দাম হেঁকেছেন ১৪০ টাকা কেজি। এক কারওয়ান বাজারেই তিন-চার রকম দামে বিক্রি হচ্ছে পণ্যটি। কোনো বিক্রেতা ১০০ গ্রাম মরিচ বিক্রি করছেন ১৬ টাকায়। কেউ কেউ আড়াই শ গ্রাম বিক্রি করেছেন ৩৫ টাকায়। আর ৬০ টাকায়ও আধা কেজি মরিচ না দেওয়ায় বিক্রেতার সঙ্গে তর্কযুদ্ধে লিপ্ত হয়েছেন এক ক্রেতা।ধনেপাতা বিক্রি হচ্ছে ২০০ গ্রাম ৩৫ থেকে ৪০ টাকায়। সে হিসাবে কেজি পড়ে ১৭৫ থেকে ২০০ টাকা। পুদিনা পাতার দামও চড়া। চার-পাঁচটি পাতার সমন্বয়ে তৈরি এক আঁটি পুদিনার দাম পাঁচ টাকা। আর পাঁচ আঁটি কিনলে দাম পড়ে ২০ টাকা।পেঁয়াজের দাম এখনো চড়া। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায়, আর আমদানি করা পেঁয়াজের দাম ৩০ থেকে ৩২ টাকা। দেশি রসুন ৭০ ও ভারতীয় রসুন ৬০ টাকায় বিক্রি হচ্ছে।হরেক রকমের শাকও পাওয়া যাচ্ছে এই বাজারে। আঁটিপ্রতি কলমি চার টাকা, মুলাশাক ১০, ডাঁটা ও লালশাক ৮, পুঁইশাক আট থেকে ১০ টাকা। শাপলা ও কচুশাকের আঁটি পাঁচ টাকা। আর মিষ্টিকুমড়ার ডগা ২০ টাকা।কারওয়ান বাজারে আসা চাকরিজীবী আশরাফুল ইসলাম বলেন, ‘সবজির দাম কি প্রতিদিনই বাড়ে? আজব দেশে বাস করছি আমরা।’ আয়েশা খানম নামের এক ক্রেতার অভিযোগ, দাম বাড়ানোর জন্য বিক্রেতাদের অজুহাতের অভাব হয় না।