সবজির বাজার আবারও চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের ব্যবধানে কাঁচাবাজারে সব ধরনের তরিতরকারির দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। ডিমের দাম কিছুটা কমলেও আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম।বেশ কয়েক দিন ধরেই আমদানি করা চীনা রসুন বেশি দামে বিক্রি হলেও অনেকটা নাগালের মধ্যেই ছিল দেশি রসুন। কিন্তু এক সপ্তাহে দেশি রসুনের দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। এ ছাড়া খোলা আটা, মসুর ডালসহ মূল্যবৃদ্ধির তালিকায় পণ্যের সংখ্যা ক্রমেই বাড়ছে।কাঁচাবাজার ঘুরে গতকাল দেখা গেছে, প্রতি কেজি পটোল ও চিচিঙ্গা ৩৫, বেগুন মানভেদে ৪৫ থেকে ৫০, ঢ্যাঁড়স ও করলা ৪০, ধুন্দুল ৩০ থেকে ৩৫, টমেটো ৭০, শসা ৫০, কাঁচা পেঁপে ১৫ ও ঝিঙে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ১০০ গ্রাম কাঁচামরিচ বিক্রি হচ্ছে পাঁচ টাকায়, কেজি ৫০ টাকা।গত সপ্তাহে রাজধানীর কাঁচাবাজারগুলোতে প্রতি কেজি ঝিঙে ও পটোল ২৫ থেকে ৩০, চিচিঙ্গা ও করলা ৩০, শসা ৫০, ঢ্যাঁড়স ৩০ থেকে ৩৫, বেগুন মানভেদে ৩৫ থেকে ৪৫ ও টমেটো ৬০ টাকায় বিক্রি হয়েছিল।কারওয়ান বাজারের আড়তদারেরা বলছেন, গ্রীষ্মকালীন সবজি ফুরিয়ে আসছে, আবার শীতকালীন সবজি বাজারে আসতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সে কারণে বাজারে সবজির সরবরাহ প্রয়োজনের চেয়ে কম। তাই দামও বেশি রাখতে হচ্ছে তাঁদের।গত সপ্তাহে আমদানি করা চীনা রসুনের কেজি ছিল ১০০ থেকে ১১০ টাকা। এ সপ্তাহেও দাম তা-ই। তবে এবার দামে উল্লম্ফন ঘটেছে দেশি রসুনের। গত সপ্তাহে এক কেজি দেশি রসুন ৪০ থেকে ৪৫ টাকায় পাওয়া গেলেও গতকাল রসুন বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি দরে।তবে দেশি ও ভারত থেকে আমদানি করা—দুই ধরনের পেঁয়াজের দামই কমেছে। দুই টাকা কমে দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৩০ টাকায়। আর দুই থেকে চার টাকা কমে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২ টাকা কেজি।ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহে ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়। কেজিতে মুরগির দাম বেড়েছে পাঁচ থেকে ১০ টাকা। অবশ্য গত সপ্তাহের তুলনায় ফার্মের ডিমের দাম কমেছে হালিতে দুই টাকা। খুচরা বাজারে ডিমের হালি এখন ৩৮ টাকা। তবে পাড়া-মহল্লার দোকানে এখনো ডিমের হালি ৪০ থেকে ৪২ টাকা।বাজারে মসুর ডালের দাম আরও বেড়েছে। গত সপ্তাহে ভালো মানের (নেপালি ও দেশি ছোট দানার ডাল) মসুর ডাল বিক্রি হচ্ছে ১২১ থেকে ১২২ টাকা কেজি। কিন্তু এই ডাল এখন বিক্রি হচ্ছে ১২২ থেকে ১২৮ টাকায়। তবে সাধারণ মানের (বড় দানা) মসুর ডাল বিক্রি হচ্ছে আগের দামেই, ৭৫ থেকে ৮৫ টাকা কেজি দরে।মুগ ডালের দাম না বাড়লেও তা আগের মতোই চড়া। ভালো মানের (ছোট দানা) প্রতি কেজি মুগ ডালের কেজি এখন ১১০ থেকে ১১৫ টাকা।বাজারে খোলা আটার দামও বেড়েছে। গত সপ্তাহে এক কেজি খোলা আটা বিক্রি হয়েছিল ৩০ থেকে ৩২ টাকায়। গতকাল বিক্রেতারা এর দাম রেখেছেন ৩৩ থেকে ৩৫ টাকা। তবে প্যাকেটজাত আটার দাম ৩৭ থেকে ৩৮ টাকা কেজি দরেই বিক্রি হয়েছে।এ ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম এখন ১২০ থেকে ১২২ টাকা। আর পাঁচ লিটারের বোতলজাত তেল বিক্রি হচ্ছে ৬৬০ থেকে ৬৭০ টাকায়। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৬ টাকায়। লবণের কেজি মানভেদে ১৮ থেকে ৩২ টাকা। এসব পণ্যের দাম মোটামুটি অপরিবর্তিতই আছে।