রমজান শুরুর আগের দিন কাঁচাবাজারে যে আগুন লেগেছিল, তার রেশ এখনো কাটেনি। সব ধরনের সবজির দাম আরও বেড়েছে। বাজারে কিছু সবজির দাম নিয়মিতই ওঠানামা করছে। ফলে আগে থেকে পরিকল্পনা করে যাঁরা কাঁচাবাজারে যাচ্ছেন, তাঁরা পড়ছেন মহাবিড়ম্বনায়। কারণ, আজ যে দাম দিয়ে সবজি কিনছেন, কাল সেটার দাম বেড়ে যাচ্ছে। ফলে পরিকল্পনা অনুযায়ী সবজি কিনতে পারছেন না ক্রেতারা। আর দাম কমলে তাঁরা থলেভর্তি সবজি নিয়ে বাসায় ফিরছেন। তবে দেশের কাঁচাবাজারের যে রেওয়াজ, তাতে করে থলেভর্তি বাজার করার ঘটনা খুব একটা চোখে পড়ে না। ফলে রমজানে সবজি খাওয়ার পরিকল্পনাও কাটছাঁট করতে হচ্ছে রোজাদারদের।সবজির বাজার চড়া হওয়ার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, রমজানে সবজির চাহিদা থাকে বেশি। কিন্তু সে অনুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে সবজি আসছে না। আড়ত থেকে তাঁরা পরিমাণমতো সবজি পাচ্ছেন না। তাই বেশি দামে তাঁদেরই সবজি কিনতে হচ্ছে। আর পুষিয়ে নিতে বিক্রিও করছেন চড়া দামে।চার দিন আগের দর: ৩ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, পলাশী ও নিউমার্কেটের বনলতা মার্কেট কাঁচাবাজার ঘুরে আলু সর্বোচ্চ ১৬ টাকা, টমেটো ৭০, বেগুন মানভেদে ৪০ থেকে ৫০, শসা ৪০ থেকে ৪৫, কাঁকরোল ৩৫ থেকে ৪০, করলা ৫০, পটল ৩৫, বরবটি ৩৫, ঢ্যাঁড়শ ৩৫ থেকে ৪০, কচুরমুখী ২৫ ও চিচিঙা ২৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া কাঁচামরিচ ১০০ টাকা, লেবুর হালি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি করেছেন বিক্রেতারা।এখনকার চিত্র: গতকাল রোববার ঠিক ওই সব বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম আগের চেয়ে অনেক বেড়ে গেছে। বাজারভেদে দামে পার্থক্যও ছিল চোখে পড়ার মতো।গতকাল কারওয়ান বাজারে টমেটো ৭০ টাকা, শসা ৪০, পটল ৩০ থেকে ৩৫, বেগুন মানভেদে ৩০ থেকে ৫০, করলা ৩৫, কাঁকরোল ৩৫, পেঁপে ১৫, গাজর ৫০, মিষ্টিকুমড়া ৩০, লাউ ২৫, আলু ১৫, বরবটি ৬০, কচুরমুখী ২৫ ও ঢ্যাঁড়শ ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।এর বাইরে দেশি পেঁয়াজ ৩৮ ও ভারতীয় পেঁয়াজ ৩২ টাকায় বিক্রি হয়েছে। ১০০ গ্রাম ধনেপাতার দাম ২০ থেকে ২৫ টাকা। কাঁচকলার হালি ১২ টাকা। আর গন্ধ লেবু আট থেকে ২০ টাকা হালি।নতুন শিমের দেখা মিলল কারওয়ান বাজারে। এক বিক্রেতা দাম হাঁকলেন ৮০ টাকা। বললেন, ‘একদাম, আর কোথাও পাাইবেন না।’হরেকরকমের শাকও পাওয়া যাচ্ছে এই বাজারে। সব ধরনের শাকই বিক্রি হচ্ছে আঁটি হিসেবে। কলমি চার, ডাঁটা, মুলা ও লালশাক ১০, পুঁইশাক আট থেকে ১০ টাকা। শাপলার আঁটি পাঁচ টাকা। আর মিষ্টিকুমড়ার ডগা পাওয়া যাচ্ছে ২০ টাকায়।কারওয়ান বাজারে বাজার করতে আসা চাকরিজীবী আশরাফুল ইসলাম বলেন, ‘তিন দিন আগে যে দামে সবজি কিনেছি, তার চেয়ে দাম কিছুটা বেড়েছে। এভাবে দাম বাড়লে তো সবজি খাওয়া কমিয়ে দিতে হবে।’ তবে অন্য বাজারগুলোতে সবজির দর কারওয়ান বাজারের চেয়ে বেশি। পলাশী বাজারে টমেটো ৭০ টাকা, শসা ৪০ থেকে ৫০, পটল ৩৫ থেকে ৪০, বেগুন মানভেদে ৪০ থেকে ৫০, করলা ৩৫ থেকে ৪০, কাঁকরোল ৩৫ থেকে ৪০, পেঁপে ১৫ থেকে ২০, মিষ্টিকুমড়া ৩০, লাউ ২৫, আলু ১৫ থেকে ১৬, বরবটি ৬৫, কচুরমুখী ২৫ থেকে ৩০, ঢ্যাঁড়শ ৩৫ থেকে ৪০ ও পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি হয়। হাতিরপুল ও নিউমার্কেটের বনতলা মার্কেট কাঁচাবাজারের চিত্রও তাই। তবে নিউমার্কেট ও হাতিরপুলে মরিচ ১০০ টাকার ওপরেও বিক্রি হতে দেখা গেছে। ওই দুই বাজারের বিক্রেতাদের কেউ কেউ ১০০ গ্রাম ধনেপাতার দাম হেঁকেছেন ৩০ টাকা পর্যন্ত।আর পুরান ঢাকায় দয়াগঞ্জ বাজারে গতকাল বেগুন মানভেদে ৪০ থেকে ৫০ টাকা, আলু ১৫, কাঁচামরিচ ৮০, করলা ৪০, কচুরমুখী ২৪ থেকে ২৬, পুঁইশাকের আঁটি ১৫, ঢ্যাঁড়শ ৩৬ ও লেবুর হালি ১২ থেকে ১৬ টাকায় বিক্রি হয়েছে।