সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাঁচা বাজারগুলোতে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমে এসেছে। চলতি মাসের শুরুতে টানা হরতাল ও সহিংসতায় বাজারে সবজির সরবরাহ কমে গিয়েছিল। বেড়ে গিয়েছিল দামও। গত সপ্তাহে হরতাল ছিল এক দিন। ফলে সবজির সরবরাহ বেড়েছে।সবজির দাম কমলেও আমদানি করা চীনা রসুনের দাম কিছুটা বেড়েছে। তবে ভোজ্যতেল, চাল, চিনিসহ অন্যান্য নিত্যপণ্য আগের দামেই বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা জানিয়েছেন।গতকাল শুক্রবার কারওয়ান বাজার, রামপুরা বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ঢ্যাঁড়স ৬০ থেকে কমে ৪০ টাকা, করলা ৮০ থেকে কমে ৬০, পটোল ও ঝিঙে ৭০-৭৫ থেকে কমে ৫৫, চিচিঙ্গা ৮০ থেকে কমে ৫০, শসা ৩০ থেকে কমে ২০-২৫, শিম ৩৫ থেকে কমে ২৫, গাজর ২৫ থেকে কমে ১৫-২০, টমেটো ২৫ থেকে কমে ২০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের লাউ প্রতিটি আগে ৪০ টাকায় বিক্রি হলেও গতকাল বিক্রি হয় ৩০ টাকায়। ফুলকপি ও বাঁধাকপির দাম অবশ্য আগের মতোই আছে, প্রতিটি ১৫-২০ টাকা।এদিকে হঠাৎ বৃদ্ধি পাওয়া কাঁচা মরিচের দাম কমে এসেছে। গত সপ্তাহে কাঁচা মরিচের কেজি ৮০ টাকা থাকলেও গতকাল বিক্রি হয় ৬০ টাকায়। আলুর কেজি ১৫-১৬ টাকা থেকে কমে ১২-১৫ টাকায় বিক্রি হচ্ছে।খুচরা বিক্রেতারা বলেন, বাজারে এখন গ্রীষ্মকালীন সবজি এসেছে প্রচুর পরিমাণে। আবার শীতকালীন সবজিও আছে। সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে।আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম গত সপ্তাহে ছিল ৩৮ থেকে ৪০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৫ টাকায়। দেশি পেঁয়াজের কেজি এখন ৩৫-৩৮ টাকা। এই পেঁয়াজের দামও কমেছে।পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকেরা বলছেন, ভারতে পেঁয়াজের দাম কমেছে। আবার শিগগিরই বাজারে আসবে চলতি মৌসুমের (হালিকাটা) দেশি পেঁয়াজ। তখন সরবরাহ বাড়বে। এসব কারণে তাঁরা কম দামে পেঁয়াজ বিক্রি করছেন।তবে আমদানি করা প্রতি কেজি চীনা রসুন গত সপ্তাহে ১২৫-১৩০ টাকায় বিক্রি হলেও গতকাল বিক্রি হয় ১৩৫ টাকায়। প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। গত সপ্তাহে ছিল ৫৫-৬০ টাকা।আগের দামেই চীনা আদা ৭০ টাকা, দেশি আদা ১১০, হলুদ ১২০-১৩০ এবং শুকনা মরিচ ১৬০-১৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।মৌসুমের নতুন মসুর ডাল বাজারে এসেছে। এতে বাজারে ডালের দামও কিছুটা নিম্নমুখী। এক কেজি দেশি মসুর (ছোট দানা) গত সপ্তাহে ১৩০ থেকে ১৩২ টাকায় বিক্রি হলেও গতকাল ছিল ১১৮-১২০ টাকা। নেপালি মসুরের দামও কেজিতে পাঁচ টাকা কমে বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। বড় দানার মসুর ডালের কেজি ৭২ থেকে ৮০ টাকা।এক কেজি মিনিকেট চাল ৪২ থেকে ৪৮, নাজিরশাইল মানভেদে ৩৬ থেকে ৪৬, লতা ও বিআর-২৮ চাল ৩৭ থেকে ৩৮ টাকা, পারিজা ৩২ থেকে ৩৪ টাকায় পাওয়া যাচ্ছে। এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১৩৫ টাকা। চিনির কেজি ৪৬ থেকে ৫০ টাকা।বাজারে গরুর মাংস ২৭০ থেকে ২৮০ টাকা, খাসির মাংস ৪৫০ টাকা কেজি। এক কেজি ওজনের ব্রয়লার মুরগি মিলছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। এক হালি ডিমের দাম ৩৫ থেকে ৩৬ টাকা।