সবজির সুরের ইন্দ্রজাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনসার্টে গিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শক। যন্ত্রশিল্পীদের নিয়ে মঞ্চে এলেন গায়ক। কিন্তু একি! তাঁদের কারও হাতে শসা, মিষ্টিকুমড়া; কারও কাছে গাজর, টমেটো; কেউ নিয়ে এসেছেন পেঁয়াজজাতীয় কিছু একটা। গিটার, কি-বোর্ড, ড্রামস—এসব রেখে তাঁরা এগুলো কী নিয়ে মঞ্চে এলেন? দর্শকের মধ্যে শোরগোল, কানাঘুষা—তাদের নিয়ে রঙ্গ-তামাশা করা হচ্ছে কি না, এমন প্রশ্নও তুলল অনেকে।কিন্তু মুহূর্তেই সব কানাঘুষা ও শোরগোলের অবসান ঘটিয়ে গাজরে গিটারের সুর তুললেন শিল্পীদের একজন। আরেকজন শুরু করলেন শসা দিয়ে ড্রাম বাজানো। গাজর ও শসার সুরে মজে যেতে সময় লাগল না দর্শকের। অন্য রকম এক ভালো লাগার অনুভূতিতে ভরে উঠল মন।এই অতি অভিনব সুরের স্রষ্টা পাশ্চাত্য ধ্রুপদী সংগীতের অন্যতম তীর্থভূমি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একদল গানপাগল তরুণের গড়া ‘ভিয়েনা ভেজিটেবল অর্কেস্ট্রা বা ভিভিও’। ১৯৯৮ সালে দলটির জন্ম হলেও বাদ্যযন্ত্র তৈরি এবং সেগুলোকে মঞ্চে বাজানোর উপযোগী করে তুলতে বছর দুই লেগে যায়। সম্প্রতি দলটি তাদের দশ বছর পূর্তি উদ্যাপন করেছে। তারা শাকসবজি দিয়ে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র তৈরি করে সেগুলো বাজিয়েই বিশ্বের বিভিন্ন স্থানে কনসার্ট করে বেড়াচ্ছে। সংগীতপিপাসুদের নতুন কিছু উপহার দেওয়ার ইচ্ছা থেকেই বিচিত্র সুরলহরি সৃষ্টির এমন অদ্ভুত সব যন্ত্র তারা তৈরি করেছে। অর্কেস্ট্রার সদস্য তামারা ভিলহেলম বলেন, ‘দর্শককে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই নতুন ধরনের এসব যন্ত্র তৈরি করেছি। তবে ব্যাপ্তি ও একাগ্রতার দিক থেকে আমাদের দলটি অনন্য।’জার্মানির ইলেকট্রনিক যন্ত্রশিল্পী ক্রেফটরেক, জন কেজ প্রমুখের বাদন দেখে একসময় উদ্বুদ্ধ হতেন ভিভিওর শিল্পীরা। ভিয়েনার এই তরুণেরা একসময় সংগীতের জন্য সত্যিকার ‘অর্গানিক সাউন্ড’ বা পরিবেশবান্ধব শব্দ সৃষ্টির চেষ্টায় মনোনিবেশ করেন। সবাই তখন ছাত্র। হঠাৎ এক ঘটনা থেকে শাকসবজি ও প্রযুক্তির মধ্যে সমন্বয় সাধনের কাজে নামেন তাঁরা। ভিভিওর যুগ্ম প্রতিষ্ঠাতা নিকলাউস গ্যানস্টেরার বললেন, ‘আমরা একদিন রান্নার জন্য টমেটো কাটছিলাম। টমেটো কাটার শব্দ শুনে হঠাৎ আমাদের মাথায় নতুন এই ধারণা আসে। তখন থেকে আমরা সুর নিয়ে নতুন চিন্তায় মগ্ন হই।’দলের প্রতিষ্ঠাতা সদস্য জর্জ পিরিঞ্জার বলেন, ‘শুরুতে বিষয়টি নিতান্তই রসিকতার পর্যায়ে ছিল। তবে দল দাঁড় করানোর বিষয়টিকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিই। অল্প দিনের মধ্যেই বুঝতে পারি, এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।’তামারা বলেন, ‘আমরা যা করেছি, আপনি তাকে ইলেকট্রনিক অর্গানিক মিউজিক বা বৈদ্যুতিক পরিবেশবান্ধব সংগীত বলতে পারেন। তবে প্রযুক্তিগত সহযোগিতা, বিশেষত খুবই স্পর্শকাতর মাইক্রোফোন ও অ্যামপ্লিফায়ার (ধ্বনিবিবর্ধক যন্ত্র) ছাড়া আমাদের এই বাদন টিকতে পারবে না।’ তামারা জানালেন, মঞ্চে তাঁরা আগে ধারণ করা কোনো ইফেক্ট বা কৃত্রিম শব্দ ব্যবহার করেন না। আর তাই তাঁদের উপস্থাপনাগুলো অনেক বেশি শিল্পোত্তীর্ণ।ভিভিওর যন্ত্রশিল্পীদের সুনিপুণ আঙুলের ছোঁয়ায় বেগুনের উচ্চনিনাদ, শসার চিঁচিঁ, বাঁধাকপির পাতার পটপট আওয়াজ মঞ্চে বিচিত্র সুরের এক ঐকতান তৈরি করে।পিরিঞ্জার বলেন, ‘প্রতি কনসার্টে আমাদের ৭০ কেজি তাজা শাকসবজির প্রয়োজন হয়। এগুলো কেটে পছন্দমতো যন্ত্র তৈরি করতে তিন ঘণ্টা সময় লাগে। মঞ্চে বাজাতে বাজাতেই কোনো কোনো যন্ত্র ভেঙে যায়। তাই প্রতিটি যন্ত্র দু-তিনটি করে বানাতে হয়।’বিশ্বজুড়ে বছরে ২০-৩০টি কনসার্ট করে ভিয়েনা ভেজিটেবল অর্কেস্ট্রা। তামারা ভিলহেলম বলেন, ‘কাজটি মোটেই কঠিন নয়। কিন্তু বিষয়টি খুবই রোমাঞ্চকর। এটি কখনোই পুরোনো হবে না।’ সূত্র: এবিসি নিউজ, এএফপি, টেলিগ্রাফ।