সবরজিতের মৃত্যুদণ্ড চাইল ইমরানের দল
ভারতে সন্ত্রাসী হামলা চালানোর দায়ে গতকাল বুধবার পাকিস্তানি নাগরিক আজমল কাসাবের ফাঁসি কার্যকর করেছে ভারত সরকার। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতা দেশটিতে আটক ভারতীয় নাগরিক সবরজিৎ সিংকেও ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন। ‘সন্ত্রাসী হামলা চালানোর অভিসন্ধি নিয়ে’ পাকিস্তানে অবৈধভাবে ঢোকার দায়ে সবরজিেক আটক করে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পিটিআই আজ মুলতানে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ওই সভায় নেতা নাঈমুল্লাহ খান বলেন, ‘ভারতের আদালত মৃত্যুদণ্ড দেওয়ার মাত্র এক মাসের মধ্যে প্রশাসন তা কার্যকর করেছে, কিন্তু, আমরা গত আট বছর ধরে এক সন্ত্রাসীকে রক্ষা করে চলেছি।’প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সমালোচনা করে তিনি বলেন, সন্ত্রাসীদের ফাঁসিতে ঝুলানোর পথে সবচেয়ে বড় অন্তরায় হলেন জারদারি।সবরজিত্ সিংকে ফাঁসি দেওয়া হবে কি না, তা নিয়ে দুই দশক ধরে বিতর্ক চলছে। ভারত ও সবরজিতের পরিবারের দাবি, সবরজিৎ নির্দোষ। অচেতন অবস্থায় তিনি সীমান্ত পেরিয়ে চলে গেছেন। সেখানে কোনো সন্ত্রাসী হামলা চালানোর উদ্দেশ্য তাঁর ছিল না।সবরজিতের বোন দলবির কাউরের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, ‘ভাইয়ের জন্য আমার ভয় হচ্ছে কি না, সেটি বলব না।’ইমরানের তেহরিক-ই-ইনসাফের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘সে তো সরকারে নেই। তাই তাঁর কথায় আমার কিছু যায় আসে না। তবে আমি রেহমান মালিকের (পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী) কাছে কৃতজ্ঞ।’কাসাবের ফাঁসি কার্যকর করার পর ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারক এবং ভারতীয় প্রেস কাউন্সিলের সভাপতি মারকানদে কাটজু পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি সরবজিৎকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।তিনি সবরজিতের সঙ্গে কাসাবের তুলনা না করতে অনুরোধ জানিয়েছেন। কী কারণে দুজনের ভিন্ন মূল্যায়ন হওয়া দরকার, তা-ও তিনি লিখেছেন।