এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক উপসংহার। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। নাটকে অভিনয় করছেন সাজু খাদেম। কথা হলো তাঁর সঙ্গে।রাস্তায় নাকি?হ্যাঁ। পাইরেটস দ্য ব্লাড সিক্রেট ছবির কাজ করার জন্য মহেশখালীতে গিয়েছিলাম। এটি পরিচালনা করছেন নোমান রবিন। ওখানে পাঁচ দিন শুটিং করেছি। আজ (শনিবার) ঢাকায় ফিরছি।ঘূর্ণিঝড় ‘গিরি’র কারণে ওই সব এলাকায় ৫ নম্বর বিপৎসংকেত দেওয়া হয়েছিল। এর মধ্যে কাজ করলেন কীভাবে?ঘূর্ণিঝড়ের আগেই শুটিং শেষ হয়েছে। কিন্তু ফেরার সময় দেখি স্পিডবোট, ট্রলার—সব বন্ধ। মহেশখালীর মোহনায় প্রচণ্ড ঢেউ। কিন্তু আমাকে ফিরতেই হবে। তা না হলে আমার জন্য পৌষ ফাগুনের পালার কাজ আটকে থাকবে। পরে আবার হুট করে এই শিল্পীদের একসঙ্গে পাওয়াটাও কঠিন হবে। শেষে একজন ট্রলারমালিককে অনেক অনুরোধ করে রাজি করালাম। ট্রলারে ওই জায়গাটুকু পার হতে সময় লেগেছে প্রায় ৪৫ মিনিট। না এসেও উপায় ছিল না। অনেক ভয় পেয়েছিলাম।‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিকের কী খবর?এখন ধামরাইতে নাটকটির পরবর্তী অংশগুলোর শুটিং হচ্ছে। এই নাটকে আমার সাজটা চমৎকার—বাবু বাবু ভাব। নতুন দামি ধুতি আর পাঞ্জাবি পরে ঘুরে বেড়াই। প্রথম প্রথম এই ধুতি নিয়ে অনেক সমস্যা হতো। এখন অবশ্য স্বাভাবিক হয়ে গেছে। কিছুদিন আগে দুর্গাপূজার সময় আমরা ধামরাইতে বিভিন্ন পূজামণ্ডপে গিয়েছি। তখন কেউ আমাদের আলাদা করতে পারেনি।এবার ‘উপসংহার’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।এই নাটকে আমি একজন সৎ পুলিশ কর্মকর্তা। চরিত্র অনুযায়ী পরিচালক আমাকে চুল ছোট করতে বলেছিলেন। কিন্তু অন্য নাটকের ধারাবাহিকতা রক্ষার জন্য সেটা সম্ভব হয়নি। একদিন রাতে শুটিংয়ের জন্য পুলিশের পোশাক পরে মোটরসাইকেলে বাইরে বেরিয়েছি। আর তা দেখে এলাকায় দায়িত্বপালন করা স্থানীয় থানার পুলিশরা অবাক হন। তাঁরা ভেবেছিলেন, নতুন কোনো কর্মকর্তা এসেছেন। পরে অবশ্য ভুলটা ভেঙেছে।