সবাই বলছে ভালো, পুলিশ বলছে ডাকাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র। সহপাঠী, শিক্ষক ও পরিচিতজনেরা বলছেন, তিনি নম্র, ভদ্র ও ভালো ছেলে। কিন্তু পুলিশ বলছে, তিনি ডাকাত। ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। তিনি এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে।পরিবার ও সহপাঠীদের অভিযোগ, ১৫ জুলাই মধ্যরাতে আটকের পর কাদেরকে বেদম মারধর করে খিলগাঁও থানার পুলিশ। মারধরের কারণে তিনি হাঁটতে পারছেন না। মামলায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগও মিথ্যা।কাদেরকে নিরপরাধ দাবি করে তাঁর মুক্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এই দাবিতে গতকাল মঙ্গলবার অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছেন তাঁরা। মানববন্ধনে বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন, হাসিনা বেগম, লায়লা নূর ইসলাম, কলা অনুষদের ডিন সদরুল আমিন, কাদেরের মা মনোয়ারা বেগম ও বোন জান্নাতুল মাওয়া অংশ নেন।পরিবার ও সহপাঠীরা জানান, কাদের বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ২০২ নম্বর কক্ষে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তাঁর বাবা মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবদুর রউফ কুমিল্লার দেবীদ্বারের ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা। তিন ভাই তিন বোনের মধ্যে কাদের তৃতীয়। ১৫ জুলাই রাতে কাদের হলি ফ্যামিলি স্টাফ কোয়ার্টারে খালার বাসা থেকে হেঁটে হলে ফেরার পথে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ের সামনে থেকে তাঁকে আটক করে খিলগাঁও থানার পুলিশ। তাঁকে বেদম মারধর করা হয়। পুলিশ তাঁকেসহ ছয়জনের বিরুদ্ধে পরদিন ৩৯৯/৪০২ এবং অস্ত্র আইনের ১৯-এ ধারায় মামলা করে। তাঁকে আদালতে পাঠালে আদালত কারাগারে পাঠান।পরিবার জানায়, ১৬ জুলাই রাতে কাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করে কারা পুলিশ। ১৭ জুলাই সকালে তাঁর মা, বোন ও সহপাঠীরা তাঁকে দেখতে হাসপাতালে যান। এ সময় কাদেরের দুই হাত ও এক পায়ে ব্যান্ডেজ ছিল। কথা বলতেও তাঁর কষ্ট হচ্ছিল। তিনি জানিয়েছেন, খালার বাসা থেকে ফেরার পথে রাত একটার দিকে দুদক কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাঁকে আটক করে। এর আগে পুলিশ তাঁর সামনে ধাওয়া করে এক ছিনতাইকারীকে আটক করেছিল। তিনি নিজেকে নির্দোষ দাবি করলেও পুলিশ তা আমলে নেয়নি।তবে এ ব্যাপারে ছয়জনের বিরুদ্ধে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলম বাদশার করা মামলার এজাহারে বলা হয়, ১৫ জুলাই গভীর রাতে একটি ‘নেভি ব্লু’ রঙের প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ ১৪-৮০৮৫) পাঁচ থেকে ছয়জন যুবক খিলগাঁওয়ের সি-ব্লকের বিভিন্ন রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পুলিশ গাড়িটি আটক করতে ধাওয়া করে। রাত সাড়ে তিনটার দিকে পুরাতন পুলিশ ফাঁড়ির বিপরীত পাশে ৫৮০/১/সি খিলগাঁও পাকা রাস্তার ওপর পুলিশ গাড়িটি আটক করে। গাড়ি থেকে ছয়জন যুবক চাপাতি, ছোরাসহ পুলিশকে আক্রমণ করার জন্য বের হন এবং দ্রুত পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেন। পুলিশ ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ও বিশ্বরোডের শ্রমিকেরা লাঠিসোঁটাসহ দৌড়ে আসে। তারা মামুন হোসেন ও আবদুল কাদেরকে চাপাতিসহ আটক করে এবং পিটুনি দেয়। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তাঁরা সঙ্গে থাকা সেলিম (২৬), সবুজ (২৫), বাবু (২৪), মাসুদের (২৫) নাম বলেছেন।পুলিশ জানায়, গাড়িটি মোহাম্মদপুর থেকে ছিনতাই করা হয়েছিল। এ ঘটনায় ওই থানায় মামলায়ও হয়।মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ মিজানুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে কাদের নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে একই সঙ্গে গ্রেপ্তার মামুন হোসেন বলেছেন, কাদের তাঁদের সঙ্গে ছিলেন এবং তাঁরা ছিনতাই করার উদ্দেশ্যে একত্র হয়েছিলেন।জানতে চাইলে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন প্রথম আলোকে বলেন, গভীর রাতে খিলগাঁও সি ব্লকে একটি গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। একপর্যায়ে টহল পুলিশ গাড়িটি চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে সেগুনবাগিচার দুদক কার্যালয়ের সামনে গিয়ে গাড়িটি আটক করে। ওই গাড়ি থেকে চাপাতি ও ছোরা উদ্ধার এবং কাদেরসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গাড়িটিও আটক করা হয়।তবে খিলগাঁও থানায় এই দুজনকে গ্রেপ্তারের বিষয়টি পরদিন ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওসি দাবি করেন, ঘটনাটি ওই দিন লিখিতভাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখায় পাঠানো হয়।কিন্তু গত রাতে যোগাযোগ করা হলে জনসংযোগ শাখা থেকে বলা হয়, চাপাতি, ছোরাসহ দুজনকে গ্রেপ্তারের বিষয়টি লিখিতভাবে তাদের কাছে পাঠানো হয়নি। তাই বিষয়টি তারা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পত্রিকার কার্যালয়ে পাঠাতে পারেনি।কাদেরের ছোট বোন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী জান্নাতুল মাওয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের ছোট বোন ফারজানা আক্তার ইন্দিরা গান্ধী বৃত্তি পেয়েছে। ১৫ জুলাই বিকেল পাঁচটায় ভাইয়া (কাদের) আমাদের গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে নিয়ে যান। অনুষ্ঠান শেষে সেখান থেকে হলি ফ্যামিলি স্টাফ কোয়ার্টারে খালার বাসায় আসতে রাত সাড়ে ১০টা বেজে যায়। ওই বাসায় খেয়ে ও গল্পগুজব করে ভাইয়া রাত সাড়ে ১২টার দিকে হলের উদ্দেশে রওনা দেন। পরদিন তাঁর বন্ধুরা তাঁর গ্রেপ্তার হওয়ার বিষয়টি আমাদের জানান।’জান্নাতুল আরও বলেন, ‘ভাইয়ার সঙ্গে ১৭ জুলাই হাসপাতালে আমাদের দেখা হয়। তিনি কথা বলতে পারছিলেন না। শুধু বলেছেন, “তোদের কাছ থেকে বিদায় নিয়ে আসার পথে পুলিশ আমাকে দুদক কার্যালয়ের সামনে থেকে আটক করেছে”।’কাদেরের সহপাঠী আনিসুর রহমান বলেন, ‘ও খুব ভালো। সব সময় হাসিখুশি থাকে। কোনো ধরনের বদঅভ্যাস তার ছিল না।’ হলে কাদেরের সঙ্গে একই কক্ষে থাকা ভূগোল ও পরিবেশ বিভাগের স্নাতকোত্তরের ছাত্র মুক্তাদির হাসান বলেন, ‘আমি ফেব্রুয়ারি থেকে কাদেরের সঙ্গে একই কক্ষে থাকি। তাকে কখনো সিগারেটও খেতে দেখিনি। সারা দিন বিসিএসের জন্য পড়ত। তিনটি টিউশনি করত। ছিনতাইয়ের সঙ্গে তার জড়িত থাকার কোনো কারণই নেই।’মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার পাথরঘাটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লুৎফুন্নাহারের মেয়েকে চার বছর ধরে পড়ান কাদের। যোগাযোগ করা হলে লুৎফুন্নাহার প্রথম আলোকে বলেন, ‘কাদেরের বাবা সিরাজদিখানের শিক্ষা কর্মকর্তা ছিলেন। সে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসে, তখন থেকেই তাকে চিনি। চার বছর ধরে আমার মেয়েকে পড়াচ্ছে। ও খুব ভালো ছেলে। তার ভাগ্যে কেন এ রকম হলো, আমি জানি না।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষিকা লায়লা নূর ইসলাম বলেন, ‘প্রথম বর্ষ থেকে কাদেরকে দেখছি। সে নিয়মিত ও ভালো ছাত্র। পুলিশ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে, সুতরাং সেখানেই সত্য-মিথ্যার মীমাংসা হবে।