আরটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক এয়ারকম। এটি লিখেছেন ইফফাত আরেফীন, পরিচালনা করেছেন আলভী আহমেদ। নাটকে অভিনয় করেছেন তানিয়া হোসাইন। কথা হলো তাঁর সঙ্গে।শুনলাম, ব্যাংককে গিয়েছিলেন?হ্যাঁ। ইউ টার্ন নামের একটি ২৬ পর্বের নাটকের কাজ করতে গিয়েছিলাম। নাটকটির জন্য প্রায় দুই সপ্তাহ সেখানে থাকতে হয়েছে। ব্যাংককে এর আগে অনেকবার গেলেও হোয়াহিন নামের এই লোকেশনে এবারই প্রথম কাজ করেছি আমরা। চমৎকার ওই লোকেশনে কাজ করার পাশাপাশি ঘুরেও বেড়িয়েছি। ব্যাংককের অন্যান্য শহরের চেয়ে হোয়াহিন অনেক বেশি আলাদা।এয়ারকম নাটকে আপনার চরিত্রটি নিয়ে বলুন।এখানে আমার চরিত্রের নাম যূথি। যে কিনা একটু সাহসী, দরিদ্র ও লোভী ধরনের। নিজের ক্যারিয়ারের জন্য সে সব ধরনের কাজই করতে পারে। ব্যক্তিগত জীবনে সে এক রকম, আবার অফিসের সহকর্মীদের কাছে সে একেবারেই অন্য রকম। নাটকটির সামনের পর্বগুলোয় দর্শক আমার চরিত্রের বৈচিত্র্য দেখতে পাবে।এয়ারকম নাটকে কাজের অভিজ্ঞতা কেমন?নাটকটিতে কাজ করতে অসম্ভব ভালো লেগেছে। কারণ আমার কাছে মনে হয়েছে, নাটকটির চিত্রনাট্যে অভিনয়ের অনেক সুযোগ রয়েছে। প্রতিটি দৃশ্যে চরিত্র নিয়ে আলাদাভাবে ভাবার একটা জায়গা আছে। তা ছাড়া এই নাটকের প্রথম পর্বগুলোয় আমি কাজ করেছি আলভী আহমেদের সঙ্গে। প্রথম দিকের পর্বগুলোর শুটিংয়ে আমরা সবাই মিলে অনেক মজা করেছি। এ ছাড়া মাসুদ মহিউদ্দিন ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। কাজ করতে গিয়ে অবশ্য মনেই হয়নি যে আমরা প্রথম কোনো নাটকে কাজ করছি।প্রথমবারের মতো রিয়েলিটি শোর উপস্থাপনা করলেন...অনেক অনুষ্ঠানের উপস্থাপনা করলেও রিয়েলিটি শোর উপস্থাপনা করার একটা অতৃপ্তি ছিল। আমি অনেক দিন পর্যন্ত একটা ভালো রিয়েলিটি উপস্থাপনার জন্য অপেক্ষা করছিলাম। ‘গর্ব’-এর প্রস্তাব পাওয়া মাত্রই রাজি হয়ে যাই। বলতে পারেন ‘গর্ব’ অনুষ্ঠানটির উপস্থাপনার মধ্য দিয়ে রিয়েলিটি শো উপস্থাপনার অতৃপ্তি ঘুচল। মজার ব্যাপার হচ্ছে, আমি পীযূষ দার মতো একজন সিনিয়র অভিনেতাকে উপস্থাপক হিসেবে পাশে পেয়েছি। তাঁর মতো একজন সিনিয়র অভিনেতার সঙ্গে কাজ করে অনেক কিছুই শিখতে পারছি। এ ছাড়া আজ সোমবার থেকে ‘মার্কস অলরাউন্ডার’-এর বেশ কিছু ইভেন্ট উপস্থাপনার কাজও শুরু করছি।মঞ্চের কাজের কী অবস্থা?নাটকের ব্যস্ততার জন্য নাগরিকের নাট্যসম্প্রদায়ের শেষ দুটি প্রযোজনা ঘাসিরাম কোতোয়াল ও অপেক্ষমাণ-এ কাজ করতে পারিনি। শুধু ত্রয়োলাস ক্রেসিদা নাটকের নিয়মিত শোগুলোয় কাজ করছি। এখানে আমি ক্রেসিদা চরিত্রে অভিনয় করছি।