সবাই যদি একত্র হই
বাংলাদেশ নিয়ে কোনো কথা উঠলে সবাই নানা রকমের সমস্যার কথা বলেন। বলা হয় আমাদের দেশটাকে গরিব, দুর্নীতিগ্রস্ত, নোংরা। সমস্যা আমাদের দেশের নিশ্চয়ই কিছু আছে। কিন্তু আমি চোখ বুজলে কেবল দেশের ভালোটাই দেখতে পাই। স্বপ্নে দেখি, সব সমস্যা কাটিয়ে উঠেছে আমাদের দেশটা।চোখ বুজলে দেখতে পাই, আমি বাস করছি এমন দেশে, যেখানে ছাত্ররাজনীতির নামে মানবতাবর্জিত, অরাজনৈতিক কর্মকাণ্ড হবে না। এ রাজনীতি হবে ছাত্রদের স্বার্থ রক্ষার জন্য। জাতীয় রাজনীতি গড়ে তুলবে আমাদের দেশ। আমরা গঠনমূলক রাজনীতি করে পথ-হারানো অজস্র মানুষকে ফিরিয়ে আনব সঠিক পথে। মাদকের ছোবল থেকে উদ্ধার পেয়ে আমাদের প্রজন্ম বাঁচিয়ে তুলবে পুরো দেশটাকে। আমাদের স্বপ্নের দেশে আর যৌতুকের অভিশাপ থাকবে না। যৌতুক দিতে না পেরে আর কোনো মেয়ে আত্মহত্যা করবে না। আমাদের দেশ নাকি একসময় বীর বাঙালির দেশ ছিল। আমার স্বপ্নের দেশে আমরা আবার বীরযোদ্ধা হয়ে উঠব। যেখানেই অন্যায়-অত্যাচার, সেখানেই রুখে দাঁড়াবে তরুণেরা। স্বপ্নের সেই দেশে ধর্মের নামে জঙ্গিবাদের কোনো স্থান থাকবে না।আমার স্বপ্নের দেশ হবে শিক্ষা বিস্তারের উর্বর ক্ষেত্র। এখানে প্রতিটি শিক্ষার্থী পাবে ন্যূনতম শিক্ষার সুবিধা। ধনীদের সন্তানের মতো দরিদ্র মা-বাবার ছেলেমেয়েরাও পাবে সর্বোচ্চ শিক্ষার সুযোগ। অর্থের অভাবে মেধাবী কোনো তরুণকে শিক্ষা থেকে ছিটকে পড়তে হবে না। আমার স্বপ্নের বাংলাদেশে থাকবে না কোনো রাষ্ট্রদ্রোহী। একদিন যারা আমাদের প্রিয় বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল, তাদের কোনো অস্তিত্ব থাকবে না এ দেশে। তাদের বিচার হবে এ দেশের মাটিতে। আমাদের দেশে বিনা বিচারে আর কখনো একটি হত্যাও হবে না। অন্যায়কারীরা পাবে সঠিক শাস্তি। ঘুম থেকে উঠে পত্রিকার পাতায় আর দেখব না হত্যা, নির্যাতন ও মাদকাসক্তের খবর। আমার স্বপ্নের দেশে তাদের কোনো স্থান নেই, যারা শুধু নিজের স্বার্থে দেশকে ব্যবহার করছে। তারা ঘৃণিত হবে প্রতি পদক্ষেপে। দুর্নীতিবাজদের সমাজে আর ঠাঁই হবে না। তাদের দেখলেই মুখ ফিরিয়ে নেব আমরা।আমার স্বপ্নের রাজধানী ঢাকা যানজটমুক্ত হয়ে যাবে। রাস্তাঘাট আটকে আর চুপচাপ দাঁড়িয়ে থাকবে না গাড়িগুলো। আমি দেখতে পাই, আমরা সবাই সঠিকভাবে মেনে চলছি পথনির্দেশনা। রাস্তার মাঝখান থেকে দৌড়ে রাস্তা পার না হয়ে ওভারব্রিজ ব্যবহার করছি। আমার স্বপ্বের ঢাকা একটা পরিকল্পিত নগর। সব দালানকোঠা এখানে তৈরি করা হয় নিয়ম মেনে। ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগে সেসব দালানের ধ্বংস হয়ে যাওয়ার ভয় নেই। ড্রেনগুলোতে আর জমে থাকে না ময়লা পানি। রাস্তার পাশে আবর্জনার স্তূপ পড়ে থাকে না। নগরে নেই বিষাক্ত কালো ধোঁয়া। বুক ভরে নিঃশ্বাস নিতে পারি আমরা সবাই।কেউ বলতে পারেন, এসব স্বপ্ন তো আমরা অনেক দিন ধরেই দেখছি। স্বপ্ন তো কখনো পূরণ হয়নি? কিন্তু এত দিন পূরণ হয়নি বলেই আর কখনো হবে না, তা তো নয়। আমরা সবাই মিলে এ স্বপ্ন দেখলে, আর সে স্বপ্নকে পাওয়ার চেষ্টা করলে সেটা সার্থক হবেই।