সবাইকে চেইন অব কমান্ড মেনে চলতে হবে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সবাইকে চেইন অব কমান্ড মেনে চলতে হবে। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও সংসদ—প্রতিটিকে তার কাজ ঠিকভাবে করতে হবে। সশস্ত্র বাহিনী দুর্যোগসহ বিভিন্ন সময় জাতির জন্য অবদান রেখেছে, তা অস্বীকার করার উপায় নেই।আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার বিষয়ে তিনি বলেন, আদালত ধর্মনিরপেক্ষতার পক্ষে রায় দিয়েছেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর যে সংবিধান হয়েছিল তাতে মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা সবই ছিল। কিন্তু বারবার এ সংবিধানের ওপর আঘাত এসেছে। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়েছে। ধর্মনিরপেক্ষতা নষ্ট করা হয়েছে। কিন্তু আদালত ঐতিহাসিক রায় দিয়ে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করেছেন।বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট আয়োজিত ওই অনুষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিষয়ে আইনমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনকে সর্বাচ্চ গুরুত্ব দিয়েছে। তাই সামরিক ও বেসামরিক বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি ফারুক সোবহান প্রমুখ।