সবাইকে ছাড়িয়ে ফৌজদারহাট ক্যাডেট কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডে এবার মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৯৬। সেরা ১০ স্কুলের মধ্যে প্রথম স্থানে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। গত বছরের মতো এবারও পাসের হার বেড়েছে। তবে ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ছেলেদের তুলনায় মেয়েরা একটু পিছিয়ে পড়েছে। ফলাফল প্রসঙ্গে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত বলেন, ‘সামগ্রিক ফলাফলে আমরা গতবারের চেয়ে এবারে এগিয়ে আছি। একে সন্তোষজনক বলা যায়।’ বোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম বোর্ডে গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ২৭। এ বছর তা দশমিক ৬৯ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৯৬ শতাংশে দাঁড়িয়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ১২১ জন। গত বছর এই সংখ্যা ছিল চার হাজার ৮১৯ জন। এ বছর ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৯৩ ও মেয়েদের ৭৬ দশমিক ৩৭ শতাংশ।সেরা ১০ স্কুলের মধ্যে দ্বিতীয় কলেজিয়েট স্কুল, তৃতীয় হয়েছে সরকারি মুসলিম হাইস্কুল। চতুর্থ হয়েছে চট্টগ্রাম পাবলিক স্কুল ও কলেজ, পঞ্চম বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয় এবং কলেজ, ষষ্ঠ ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সপ্তম ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, অষ্টম সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয়, নবম চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় ও দশম হয়েছে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।ফলাফল সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল হুমায়ূন কবীর প্রথম আলোকে বলেন, ‘আমরা খুশি। এবারও প্রত্যাশিত ফলাফল পেয়েছি। কলেজের নিয়মানুবর্তিতা ও শিক্ষকদের বিশেষ তত্ত্বাবধানের কারণে এই কাঙ্ক্ষিত ফলাফল লাভ করা সম্ভব হয়েছে।’ এবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মোট ১৬১ জন শিক্ষার্থীর মধ্যে ১৩৮ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৯৬ জন এবং ব্যবসায় শিক্ষায় ৪২ জন রয়েছে। বাকি সবাই ‘এ’ পেয়ে উত্তীর্ণ হয়েছে।চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ও কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত মো. আজিজ উদ্দিন বলেন, ‘পাঠক্রমভিত্তিক ফলাফলে আমরা মোটামুটি সুখী। কিন্তু পাঠক্রমের বাইরে ছাত্রদের মধ্যে মানবিক গুণাবলি বিকাশের ওপরও জোর দেওয়া উচিত।’এবার চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮৭ দশমিক ৩৪, মহানগর বাদে চট্টগ্রাম জেলার পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ ও মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৮২ দশমিক ১৬ শতাংশ বলে জানা গেছে। অন্যদিকে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মধ্যে বিজ্ঞান ছাড়া অন্য দুটি বিভাগে পাসের হার বেড়েছে। এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৭ শতাংশ। গত বছর যা ছিল ৮৭ দশমিক ২৪। মানবিকে ৬৫ দশমিক ১২ ও ব্যবসায় শিক্ষায় পাসের হার ৮১ দশমিক ৮২। গত বছর যা ছিল যথাক্রমে ৬১ দশমিক ৮৯ ও ৮০ দশমিক ৪৭ শতাংশ।