সবাইকে নিয়ে কাজ করবেন তিনি
সবার আগে মানুষের কর্মসংস্থানের দিকে নজর দেবেন রাজশাহীর নবনির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন। নগর ভবনকে তিনি দুর্নীতি ও দলীয়করণমুক্ত রাখবেন। আর যেকোনো বিষয়ে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। নির্বাচিত হওয়ার পরদিন রোববার রাজশাহীর উপশহরের বাসায় বসে প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মোসাদ্দেক হোসেন এ কথা বলেন। তিনি রাজশাহীর উন্নয়ন ও রাজনীতিসহ নানা বিষয়ে কথা বলেন। মেয়র মোসাদ্দেক হোসেনের জন্ম ১৯৬৫ সালের ৫ জুন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুবদলের আহ্বায়ক তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন। মোসাদ্দেক হোসেন নির্বাচনের আগে ২০ দফা প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর প্রথম কোন কাজটি করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘সবার আগে তরুণ প্রজন্মের বেকার সমস্যা সমাধানের জন্য আমি কর্মসংস্থান সৃষ্টির দিকে নজর দেব। এ জন্য কৃষিভিত্তিক ইপিজেড স্থাপন করার উদ্যোগ গ্রহণ করব। সরকারের সঙ্গে বসে এ ব্যাপারে কর্মপদ্ধতি ঠিক করব।’ সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান রাজশাহীর অনেক উন্নয়নকাজ করেছেন। তাঁর অসমাপ্ত কাজগুলো শেষ করবেন কি না, জানতে চাইলে মোসাদ্দেক হোসেন বলেন, ‘প্রকল্পগুলো হয়তো জনস্বার্থেই করা হয়েছিল। তার পরও দু-একটি প্রকল্প নিয়ে কথা আছে। আগে আমি কাজগুলোর নথিপত্র দেখব। জনস্বার্থের কথা চিন্তা করে যদি কোনো কাজ করতে হয়, তাহলে অবশ্যই সেটা করব।’ মোসাদ্দেক হোসেন বলেন, ‘নগর ভবনকে আমি দুর্নীতি ও দলীয়করণমুক্ত রাখার আপ্রাণ চেষ্টা করব।’ রাজশাহী শিক্ষার নগর। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাস বন্ধ করে শিক্ষার পরিবেশ ঠিক রাখতে কী করবেন, জানতে চাইলে মোসাদ্দেক হোসেন বলেন, ‘সন্ত্রাস একটি জাতীয় সমস্যা। এটি দূর করা সিটি করপোরেশনের কাজ নয়। তবে রাজশাহীর শিক্ষার মানোন্নয়নের দিকে নজর দেব। বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে দুই বছরের মধ্যে রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয়, মহিলা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব।’ সিটি করপোরেশন নির্বাচনকে কীভাবে দেখছেন জানতে চাইলে মোসাদ্দেক হোসেন বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনে মানুষ এই সরকারের অনিয়ম ও দুর্নীতির প্রতি অনাস্থা জানিয়েছে। আমরা আশা করি, এই নির্বাচন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনকে আরও বেগবান করবে।’ রাজশাহীবাসীর উদ্দেশে কিছু বলবেন কি না, জানতে চাইলে মোসাদ্দেক হোসেন বলেন, ‘আমি নগরপিতা নয়, নগরসেবক হতে চাই।’