ফারজানা কবির রিতা ও তাঁর দুই সন্তানের আত্মহত্যায় নিজেদের দায় স্বীকার করে নিয়েছেন সাংবাদিক শফিকুল কবির, তাঁর ছেলে রাশেদুল কবিরসহ পরিবারের সদস্যরা। পুলিশ দাবি করেছে, গতকাল সোমবার মুখোমুখি জিজ্ঞাসাবাদে তাঁরা বলেন, তাঁরা ফারজানার দুই সন্তানের দায়িত্ব নিলে দুঃখজনক এ পরিস্থিতির সৃষ্টি হতো না। এদিকে গোয়েন্দা পুলিশ নিশ্চিত হয়েছে, ফারজানার বাসার দেয়াল, মেঝে ও বাথরুমের সব লেখা তিনি ও তাঁর দুই সন্তান ইশরাক কবির পবন ও রাইসা রাশমিন পায়েলের। স্ট্যাম্প ও চিরকুটের লেখাও তাঁদের। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হস্তলেখা বিশারদেরা ইতিমধ্যে তিনজনের হাতের লেখা পরীক্ষার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে এমন প্রতিবেদন জমা দিয়েছেন। এর আগে তিনজনের মৃতদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তিনজনের পাকস্থলীতে ঘুমের ওষুধের উপাদান পাওয়া গেছে।গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, ফারজানা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়। এদের সবাইকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শফিকুল কবির ও তাঁর পরিবারের সব সদস্যকে গতকাল মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়। গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গতকাল সকালের দিকে এঁদের সবাইকে একসঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়। আগের রাতেও তাঁদের একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা আগের মতোই বলেন, ফারজানা ও তাঁর দুই সন্তান এভাবে আত্মহত্যা করবে—সেটা তাঁরা বুঝতে পারেননি। জিজ্ঞাসাবাদে শফিকুল কবির স্বীকার করেন, ৬ মে তাঁর বাসায় পুলিশ নিয়ে যে বৈঠক হয়েছিল, সেটা ঠিক হয়নি। ওই বৈঠকে রাশেদুল কবির তাঁর সন্তানদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তাঁরা কান্নায় ভেঙে পড়েন। শফিকুল কবির বলেন, সেদিন তিনি সন্তানদের দায়িত্ব নিলে এ ঘটনা ঘটত না। ছেলের বউ ও নাতিদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলে তিনি অন্যায় করেছেন। তাঁর মতো পরিবারের অন্য সদস্যরাও একই কথা বলেন। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এখনো ফারজানা ও তাঁর সন্তানদের মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করছেন। তবে তাঁর গাড়িচালকের বিবরণ তাঁদের বিভ্রান্ত করেছে। তবে গাড়িচালক এ সুযোগ নিয়ে তাঁদের হত্যা করেছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ওই কর্মকর্তা বলেন, শফিকুল কবির ও তাঁর পরিবারের সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন। তাঁদের জবানবন্দির পরই পুলিশ পুরো ঘটনার ব্যাপারে নিশ্চিত হবে।গত ১১ জুন জুরাইনের আলমবাগের বাসা থেকে ফারজানা (৩৫), তাঁর ছেলে ইশরাক (১৩) ও মেয়ে রাইসার (১১) লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে রিতা তাঁদের আত্মহত্যা ও পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা ঘরের দেয়াল ও কাগজে লিখে রাখেন। এসব লেখায় আসামিদের সবার নাম রয়েছে। এ ছাড়া রাশেদুল কবিরের দ্বিতীয় বিয়েতে রিতার কোনো আপত্তি নেই—এ কথা লেখা একটি কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয় বলে দেয়ালে লেখা রয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে।